প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম
রোহিঙ্গা। ছবি : বিবিসি রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও সহিংসতার অভিযোগ থাকলেও মিয়ানমার সেগুলো যথাযথভাবে তদন্ত করেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়ার সময় তিনি বলেন, মিয়ানমার এসব ঘটনার সঠিক তদন্ত করেনি। পাশাপাশি তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য ও সাক্ষীদের কাছে যাওয়ার সুযোগ দিতেও দেশটি রাজি হয়নি। আদালত এসব বিষয় বিবেচনায় নিয়েছে।
রায় পড়ার সময় বিচারক জানান, এ মামলার সিদ্ধান্ত নিতে আদালত দুই পক্ষের দেওয়া তথ্য-প্রমাণের ওপর নির্ভর করছে। কারণ, আগের গণহত্যার মামলাগুলোর সঙ্গে এ মামলার সরাসরি মিল পাওয়া যায় না।
তিনি আরও বলেন, আদালত সাক্ষীদের বক্তব্য এবং তারা কোন পরিস্থিতিতে সাক্ষ্য দিয়েছেন, তা যাচাই করছে। সাক্ষ্য দেওয়ার কারণে কেউ প্রতিশোধের শিকার হওয়ার ভয় পেয়েছিলেন কি না, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিচারক জানান, শুনানির সময় আদালত ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া চারজনের বক্তব্য শুনেছে। তাঁদের দেওয়া সাক্ষ্য আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তাঁদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশগুলো জেরার সময়ও খণ্ডন করা সম্ভব হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ