যুক্তরাষ্ট্রে মায়ের গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গর্ভাবস্থায় মায়েদের শরীরে হামের সংক্রমণের কারণে জন্মের পরপরই ১৩ নবজাতকের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে

2026-11-19T13:33:58+00:00
2026-11-19T13:33:58+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে মায়ের গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম 
যুক্তরাষ্ট্রে মায়ের গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু
যুক্তরাষ্ট্রে গর্ভাবস্থায় মায়েদের শরীরে হামের সংক্রমণের কারণে জন্মের পরপরই ১৩ নবজাতকের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ১১২ জন গর্ভবতী নারী হামে আক্রান্ত হন। তাদের মধ্যে ১৩ জনের নবজাতকের শরীরে জন্মগত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 

১৬ নভেম্বর ২০২৬ তারিখে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্স-এ প্রকাশিত প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, আক্রান্ত ১১২ নারীর মধ্যে ১১০ জন হামের টিকা নেননি অথবা তাদের টিকা গ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি। 

গবেষণার তথ্য অনুযায়ী, আক্রান্ত নারীদের মধ্যে ২৬ জন প্রসবজনিত কারণ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের নিউমোনিয়া এবং দুজনের শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দেয়। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়।

গবেষণায় আরও দেখা গেছে, মায়েদের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার ১৪ দিনের মধ্যে ২১টি গর্ভধারণের পরিণতি নথিভুক্ত করা হয়। এর মধ্যে দুটি গর্ভপাত ঘটে। বাকি ১৯ শিশুর মধ্যে আটটি অপরিণত অবস্থায় জন্ম নেয় এবং আটজনকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করতে হয়।

জন্মের ১০ দিনের মধ্যে পরীক্ষা করা ১৬ নবজাতকের মধ্যে ১৩ জনের শরীরে পিসিআর পরীক্ষায় হামের ভাইরাস শনাক্ত হয়।

জন্মগত হাম বলতে গর্ভাবস্থায় মায়ের শরীরে সংক্রমণ হওয়ার পর গর্ভে থাকা শিশুর আক্রান্ত হওয়া এবং জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্রমণের প্রমাণ পাওয়াকে বোঝায়। জন্মের ১০ দিনের মধ্যে পিসিআর পরীক্ষায় হামের উপস্থিতি পাওয়া গেলে অথবা এ সময়ের মধ্যে শিশুর জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে সেটিকে জন্মগত হাম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে এখনো জাতীয় পর্যায়ে নির্দিষ্ট কোনো নজরদারি সংজ্ঞা চালু হয়নি।


বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় হামে আক্রান্ত হলে মায়ের নিউমোনিয়া, গর্ভপাত, মৃত সন্তান প্রসব, অপরিণত প্রসব এবং কম ওজনের শিশু জন্ম দেওয়ার ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে নবজাতকের ক্ষেত্রে জ্বর, ফুসকুড়ি, জন্ডিস, নিউমোনিয়া ও স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে।

চিকিৎসক সাবিনে কাপাসি ও ঐশ্বরিয়া আর জানিয়েছেন, গর্ভফুলের মাধ্যমে মায়ের শরীর থেকে শিশুর মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

গর্ভধারণের আগে টিকা নেওয়ার পরামর্শ 

গর্ভাবস্থায় হামের ঝুঁকি এড়াতে গর্ভধারণের পরিকল্পনা করার আগেই টিকার ইতিহাস ও শরীরের রোগ প্রতিরোধক্ষমতা যাচাই করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসক কাপাসির মতে, প্রয়োজন হলে গর্ভধারণের আগেই এমএমআর টিকা নেওয়া উচিত। এই টিকায় জীবিত কিন্তু দুর্বল করা ভাইরাস ব্যবহার করা হয়। এ কারণে গর্ভাবস্থায় এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয় না। টিকা গ্রহণের পর সাধারণত অন্তত ২৮ দিন গর্ভধারণ এড়িয়ে চলতে বলা হয়।

গর্ভাবস্থায় হামে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সংক্রমণের ঝুঁকি ও সময় বিবেচনা করে চিকিৎসকেরা সাময়িক অ্যান্টিবডি সুরক্ষা দিতে ইমিউন গ্লোবুলিন (আইজি) ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন। তবে গর্ভাবস্থায় হামের প্রতিরোধে এমএমআর টিকা নেওয়া উচিত নয়।

বিশেষজ্ঞদের মতে, মায়ের স্বাস্থ্য সুরক্ষিত রাখা মানে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা। গর্ভাবস্থায় হামের সংক্রমণ ও এর জটিলতা মোকাবিলার চেয়ে আগেভাগে টিকাদানের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করাই নিরাপদ। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  হাম 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: