প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:০৮ এএম
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ছবি : সংগৃহীতমিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত রায় ঘোষণা করবেন। আইসিজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) রায় ঘোষণা করা হবে। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের আওতায় করা এ মামলায় গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে গণহত্যা সনদের অধীনে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। মামলার কার্যক্রমে গাম্বিয়া ও মিয়ানমারের পাশাপাশি আরও ১১টি দেশ অংশ নিয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়েরের উদ্যোগকে ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করেছেন রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের এই মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী কয়েক দশক ধরে বৈষম্য, নিপীড়ন ও বাস্তুচ্যুতির শিকার হয়ে আসছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়ন শুরুর পর রাখাইন রাজ্য থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
ওই অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। কানাডাভিত্তিক অন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির এক প্রতিবেদনেও ওই অভিযানে হাজারো মানুষের প্রাণহানির তথ্য উঠে এসেছে।
দীর্ঘদিনের এই সংকটের প্রেক্ষাপটে মামলার রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। রায়ে গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা সম্পর্কে আদালতের সিদ্ধান্ত জানা যাবে।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বুধবার বলেছেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জবাবদিহি নিশ্চিত করা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের মূল কারণ মোকাবিলার জন্য অপরিহার্য। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের প্রতি বাংলাদেশের গভীর আগ্রহ রয়েছে। এই রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে