সংগৃহীত ছবিবিশ্বে বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নিতে চীন ও রাশিয়াকে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে পশ্চিমা দেশগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ হিসেবে উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ বর্তমানে ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে।
আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের পর বিশ্বে বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বেইজিং ও মস্কোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান শি।
শি জিনপিংয়ের বক্তব্যের পর সম্মেলনে ভাষণ দেন পুতিন। তিনি বলেন, অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অর্থনৈতিক আধিপত্য বিস্তার ও অন্য দেশকে চাপ দেওয়ার প্রচলিত কৌশলগুলো এখন অনেকটাই কার্যকারিতা হারিয়েছে। নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ কিছুটা প্রভাব ফেলতে পারলেও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বন্ধ করা কিংবা তাদের অর্থনীতি ধ্বংস করা সম্ভব নয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে রাশিয়া।
শেনজেন থেকে আলজাজিরার প্রতিনিধি ক্যাটরিনা ইউ জানান, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে আরও ন্যায্য ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন শি ও পুতিন। পাশাপাশি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তারা।
ক্যাটরিনা ইউ বলেন, শি ও পুতিনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। গত কয়েক বছরে তারা ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন। কৌশলগত বিভিন্ন বিষয়েও দুই দেশের অবস্থান কাছাকাছি। চীন এখনো রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ করছে রাশিয়া।
আলজাজিরার এই প্রতিনিধি আরও বলেন, পুতিনের বক্তব্যে বিশেষভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপকারী ইউরোপীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে শেনজেনের এপেক সম্মেলনে তাঁকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেখানে তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
তিন নেতার মধ্যে সমঝোতা কঠিন
এদিকে সম্মেলনে অংশ নেওয়া তিন শীর্ষ নেতার লক্ষ্য ও অবস্থান এক নয় বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার বুসান ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট কেলি।
আলজাজিরাকে তিনি বলেন, তিন নেতার প্রত্যাশা ভিন্ন হওয়ায় তাদের মধ্যে সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে। তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা চাইলে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারতেন।
তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধারী তিন শক্তির বর্তমান বিশ্বব্যবস্থা স্নায়ুযুদ্ধের সময়ের চেয়ে আলাদা। এই তিন নেতা একসঙ্গে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণে আনতে পারলে তা ইতিবাচক হতো।
রবার্ট কেলির মতে, ইউক্রেন যুদ্ধে নানা সমস্যার মুখে পড়লেও পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে রাশিয়ার কাছে অস্ত্রভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীন দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। আগামী অন্তত ১০ বছরে দেশটি পারমাণবিক অস্ত্র বা অস্ত্র নিয়ন্ত্রণে আগ্রহী বলে মনে হচ্ছে না।
অন্যদিকে যুক্তরাষ্ট্রও এ ধরনের কোনো চুক্তির বিষয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। ফলে জনস্বার্থে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পক্ষে যথেষ্ট যুক্তি থাকলেও বাস্তবে এমন চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন তিনি।
এপেক সম্মেলনে বাণিজ্য ও এআই গুরুত্ব পাচ্ছে
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেকের বর্তমান সদস্য ২১টি দেশ। বিশ্ব অর্থনীতির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি এবং প্রায় ২৭০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এই জোট।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বাড়ানোই এপেকের মূল লক্ষ্য।
এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ ছাড়া ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ আগামী জানুয়ারির পর বাড়ানো হবে কি না, তা নিয়েও আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি শুধু এপেকের সদস্যদেশগুলোর জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতির জন্যই তাৎপর্যপূর্ণ।
সময়ের আলো/ইউএমএইচ