প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধী শিবিরের আইনপ্রণেতা মাতান কাহানা। সংগৃহীত ছবি ইসরায়েলের রাজনীতিতে নতুন মোড় এসেছে। দেশটির পার্লামেন্ট নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধী শিবিরের আইনপ্রণেতা মাতান কাহানা। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাডি আইসেনকোটের নেতৃত্বাধীন ‘যোশার’ পার্টির সদস্য। এই নির্বাচনের মধ্য দিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক প্রভাব কমাতে বিরোধী দলগুলো আরও এক ধাপ এগিয়ে গেল।
গত মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ৬৬-৫২ ব্যবধানে জয়ী হন মাতান কাহানা। এর মধ্য দিয়ে তিনি লিকুদ পার্টির সদস্য ও বিদায়ী স্পিকার আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন। কাহানার জয়ে গাডি আইসেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট এবং তাদের আরব মিত্রদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর কাহানা বলেন, নেসেট ইসরায়েলের সব নাগরিকের প্রতিষ্ঠান। তিনি দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চান।
ইসরায়েলের পার্লামেন্টের স্পিকার পদটি বেশ গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর। কারণ, কোন কোন বিল সংসদে ভোটাভুটির জন্য উত্থাপন করা হবে, তা নির্ধারণে স্পিকারের বড় ভূমিকা থাকে। নতুন স্পিকারকে সামনে রেখে বিরোধী জোট কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের পরিকল্পনা করছে।
তাদের পরিকল্পনায় রয়েছে— ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি স্বাধীন সরকারি কমিশন গঠন। এতদিন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন তদন্তের বিরোধিতা করে আসছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার জন্য সীমা নির্ধারণ। নেতানিয়াহুর আগের সরকারের সময় পাস হওয়া বিচার বিভাগীয় সংস্কার আইনগুলো বাতিল বা সংশোধন।
অন্যদিকে, স্পিকার নির্বাচনের ঘটনাকে কঠোর ভাষায় সমালোচনা করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। বিরোধী দলগুলো ‘সন্ত্রাসবাদের সমর্থকদের’ ভোট নিয়ে স্পিকার নির্বাচিত করেছে বলে অভিযোগ করেছে দলটি। নেতানিয়াহু এই ঘটনাকে ইসরায়েলের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।
গত অক্টোবরের অমীমাংসিত সাধারণ নির্বাচনের পর থেকেই ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা চলছে। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বিরোধী নেতা গাডি আইসেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে তার দল ও জোটসঙ্গীদের সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই।
অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন সরকার গঠন সম্ভব না হলে আগামী বছর ইসরায়েলে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ