বাংলাদেশের কক্সবাজারে নিজেদের অস্থায়ী আশ্রয়স্থলের সামনে রোহিঙ্গা শরণার্থী দিল হোসেন, তার স্ত্রী আলিনেসা ও তাদের মেয়ে ইশারা। ছবি : আলজাজিরা
প্রায় এক দশক ধরে নিজ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের অপেক্ষায় রয়েছেন। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলায় আদালত তাদের পক্ষে রায় দেবেন বলে আশা করছেন তারা। তবে এই রায় কি সত্যিই তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি করবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন দিল হোসেন ও তার স্ত্রী আলিনেসা। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে নবজাতক মেয়ে ইশারাকে নিয়ে প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হন তারা।
পালানোর সময় দিলের বৃদ্ধ বাবা-মা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য মিয়ানমারেই থেকে যান। পরে তারা সেনাবাহিনীর হাতে নিহত হন।
সেই ভয়াবহ দিনের কথা মনে করে আলিনেসা বলেন, ‘জীবন বাঁচাতে সেদিন আমরা কাদা, পাহাড় ও পানির মধ্য দিয়ে দৌড়েছিলাম। আমাদের সঙ্গে শিশুটিও ছিল।’
প্রায় নয় বছর পেরিয়ে গেছে। এখন ইশারা বড় হচ্ছে কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে। জন্মের পর থেকে প্রায় পুরো জীবনই তার কেটেছে শরণার্থী হিসেবে। তার বাবা-মা মানবিক সহায়তার ওপর নির্ভর করে জীবন চালাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে সেই সহায়তাও অনেক কমে গেছে। তারপরও তারা নিজ দেশে ফিরে যাওয়ার আশায় দিন গুনছেন।
এ অবস্থায় রোহিঙ্গা পরিবারটি আন্তর্জাতিক বিচার আদালতের দিকে তাকিয়ে আছে। বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা একটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়ার কথা রয়েছে।
২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন।
গাম্বিয়ার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে শুরু হওয়া এবং ২০১৭ সালের আগস্টে ব্যাপক আকার ধারণ করা সামরিক অভিযানগুলোতে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে গণহত্যামূলক কর্মকাণ্ড চালানো হয়। এই মামলায় গণহত্যা সনদের অধীনে মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী কি না, তা নির্ধারণ করবেন আদালত।
দিল হোসেন বলেন, ‘আদালত সত্য খুঁজে বের করবেন। আমরা নির্যাতনের শিকার হয়েছি, তাই আমরা জানি কী ঘটেছিল।’
বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। তাদের বেশির ভাগই কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছেন। তারা আশা করছেন, আদালতের রায় তাদের ওপর চালানো নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি দেবে এবং নিজ দেশে ফেরার দাবিকে আরও শক্তিশালী করবে।
তবে রোহিঙ্গাদের পক্ষে রায় এলেও তাদের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন আসার সম্ভাবনা কম। কারণ, মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলছে এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারী সেনাবাহিনী ক্ষমতায় রয়েছে। ফলে নিরাপদে দেশে ফেরার পরিবেশ এখনো তৈরি হয়নি।
শরণার্থী জীবনে প্রতিদিনের অনিশ্চয়তা
বাংলাদেশে প্রায় নয় বছরের শরণার্থী জীবন রোহিঙ্গাদের জন্য নতুন ধরনের কষ্ট নিয়ে এসেছে। মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং নিজের দেশ থেকে দূরে থাকার যন্ত্রণা তাদের জীবনকে কঠিন করে তুলেছে।
শিবিরে মানবিক সহায়তামূলক কাজে যুক্ত ২৫ বছর বয়সী নুরুল আমিন বলেন, মিয়ানমারে তাদের জীবন আর বাংলাদেশের বর্তমান জীবনের মধ্যে অনেক পার্থক্য।
তিনি বলেন, ‘নিজ দেশে আমাদের বাড়ি, বড় বড় গাছ, বাগান ও কৃষিজমি ছিল। আমরা নিজেরাই খাবার উৎপাদন করতে পারতাম। কারও ওপর নির্ভর করতে হতো না। কিন্তু এখানে প্রায় সবকিছুর জন্য অন্যের সাহায্য নিতে হয়। দুই জীবনের পার্থক্য আকাশ-পাতাল।’
দীর্ঘদিনের এই বাস্তুচ্যুতি তার মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলেছে। নুরুল আমিন বলেন, ‘আমাদের জীবনে ২৪ ঘণ্টাই হতাশা। মনে হয় আমরা আমাদের পুরো পৃথিবী হারিয়ে ফেলেছি। যেন সারা বিশ্ব আমাদের ছেড়ে চলে গেছে।’
১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান যখন মিয়ানমারে সেনাবাহিনীর অভিযান শুরু হয়, তখন সে শিশু ছিল। তবে সেই সময়ের ভয়াবহ স্মৃতি এখনো তাকে তাড়া করে।
রেহান বলেন, ‘আমি সবচেয়ে ভয়ংকর যে দৃশ্য দেখেছি, তা হলো বাড়িঘরে আগুন দেওয়া। এতে আমি খুব ভয় পেয়েছিলাম। তখন আমি অনেক ছোট ছিলাম। কিন্তু সেই দৃশ্যগুলো এখনো আমার মনে গভীর দাগ কেটে আছে।’
সে আশা করে, আদালত রোহিঙ্গাদের কষ্ট এবং সমান অধিকার পাওয়ার বিষয়টি স্বীকার করবেন।
রেহান বলেন, ‘আদালত যদি মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন, তাহলে আমার মনে হয় আমাদের সম্প্রদায়ের মানুষ দেশে ফিরতে এবং নিজেদের অধিকার ফিরে পেতে সহায়তা পাবে।’
বাংলাদেশের কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাঠদান কার্যক্রম চলছে। ছবি : আলজাজিরা
রোহিঙ্গাদের কাছে ন্যায়বিচারের অর্থ কী
গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে এই অভিযোগ করা হয়।
রোহিঙ্গা নেতা ও অধিকারকর্মীদের কাছে এই মামলার রায় শুধু আইনি বিষয় নয়। তারা চান, আন্তর্জাতিকভাবে তাদের পরিচয় ও অধিকার স্বীকৃতি পাক এবং নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হোক।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, আদালত রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের সত্যতা স্বীকার করবেন বলে তারা আশাবাদী।
তিনি বলেন, ‘তারা আমাদের বাঙালি বলে পরিচয় দিয়েছে এবং আমাদের ওপর গণহত্যা চালিয়েছে। আমরা নিজের চোখে এই ঘটনা দেখেছি, নিজেরা নির্যাতনের শিকার হয়েছি। এ বিষয়ে যথেষ্ট প্রমাণ ও সাক্ষ্য রয়েছে।’
জুবায়েরের মতে, আদালতের রায় রোহিঙ্গাদের সম্মান ও অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যাওয়ার পথ তৈরি করতে পারে।
তিনি বলেন, ‘শরণার্থী হিসেবে জীবন কাটানো কারাগারে থাকার চেয়েও খারাপ। এখানে কোনো আশা নেই, যা সহ্য করা কঠিন। আমি প্রায় ২০ বছর শিক্ষকতা করেছি। মিয়ানমারে আমার যথেষ্ট সম্মান ছিল। অথচ এখন শরণার্থী হিসেবে জীবন কাটাচ্ছি। আমরা দেশে ফিরতে চাই।’
ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা ও রোহিঙ্গা অধিকারকর্মী নে সান লুইন বলেন, শুধু আদালতের একটি রায় পেলেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।
তার মতে, রোহিঙ্গাদের পরিচয়ের স্বীকৃতি, অধিকার ফিরিয়ে দেওয়া, প্রতিটি নির্যাতিত মানুষের জন্য বিচার এবং নিরাপদে নিজ দেশে ফিরে শান্তি ও মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব, সমান অধিকার এবং মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি তাদের নিজেদের পুরোনো গ্রামে ফিরে যাওয়ার সুযোগ এবং অন্য জাতিগোষ্ঠীর মতো সমান অধিকার নিশ্চিত করতে হবে।
নে সান লুইন আরও বলেন, আদালত যদি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার বিষয়টি স্বীকার করেন, তাহলে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সেই রায় বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
তবে আদালত যদি মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী না-ও করেন, তবুও ন্যায়বিচারের জন্য তাদের লড়াই চলবে বলে জানান তিনি।
ঐতিহাসিক রায় হলেও কতটা পরিবর্তন আসবে?
আন্তর্জাতিক বিচার আদালতের এই মামলার প্রভাব শুধু রোহিঙ্গাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক আইন এবং ভবিষ্যতে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে।
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক মাইকেল কুগেলম্যান বলেন, আন্তর্জাতিক বিচার আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেননি। তাই মিয়ানমারের বিরুদ্ধে রায় এলে তা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হবে।
তার মতে, এই রায়ের প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে। কারণ, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে।
তিনি বলেন, আদালত যদি রোহিঙ্গাদের গণহত্যার শিকার হিসেবে স্বীকৃতি দেন, তাহলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আরও বেশি সহায়তা ও সুরক্ষা দেওয়ার জন্য ঢাকার ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, আদালতের পক্ষে রায় এলে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন আন্তর্জাতিক আইনের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে।
বাংলাদেশের কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাঠদান কার্যক্রম চলছে। ছবি : আলজাজিরা
এতে রোহিঙ্গাদের রাজনৈতিক ও নাগরিক অধিকার আদায়ের দাবিও আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটকে প্রায়ই রাজনৈতিক দর-কষাকষির বিষয় হিসেবে দেখা হয়। কিন্তু আদালত যদি মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করেন, তাহলে রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আইনি ভিত্তি তৈরি হবে। রাজনৈতিক বক্তব্য দেওয়া আর সেই দাবির পক্ষে আদালতের রায় থাকা এক বিষয় নয়।’
এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো দেশের নাগরিক সরাসরি নির্যাতনের শিকার না হলেও সেই দেশ গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। গাম্বিয়া মিয়ানমারের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও দেশটির বিরুদ্ধে মামলা করেছে।
তবে অধ্যাপক নাসির উদ্দিন মনে করেন, গণহত্যা প্রমাণ করা সহজ নয়। এর জন্য প্রমাণ করতে হবে যে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল।
অন্যদিকে, মিয়ানমার দাবি করে আসছে, ২০১৭ সালের অভিযান ছিল সন্ত্রাসবিরোধী বা বিদ্রোহ দমনের কার্যক্রম।
নাসির উদ্দিন বলেন, আদালতের রায় পুরোপুরি একপক্ষের পক্ষে বা বিপক্ষে নাও যেতে পারে। মামলার কিছু বিষয় আদালত স্বীকার করতে পারেন, আবার অন্য বিষয়গুলো আইনি দৃষ্টিকোণ থেকে আরও যাচাই করতে পারেন।
তার আশঙ্কা, গণহত্যার অভিযোগ স্বীকৃতি না পেলে মিয়ানমারের পক্ষ থেকে অস্বীকার করার প্রবণতা আরও বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধের ঝুঁকিও বাড়তে পারে।
মাইকেল কুগেলম্যানের মতে, গণহত্যার রায় এলে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আরও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠতে পারে। তবে প্রতিবেশী দেশগুলো সম্ভবত নিজেদের স্বার্থ বিবেচনা করে বাস্তববাদী অবস্থানই বজায় রাখবে।
দেশে ফেরার পথ এখনো কঠিন
আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের পক্ষে রায় দিলেও তাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার নিশ্চয়তা নেই।
মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ রাখাইন রাজ্যের পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বর্তমানে রাজ্যটির প্রায় পুরো এলাকা, বিশেষ করে উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এই অঞ্চল থেকেই অধিকাংশ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছিলেন।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিন বলেন, ভবিষ্যতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে হলে আরাকান আর্মিকে সঙ্গে রাখা প্রয়োজন হবে।
তবে সংঘাতের কারণে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। ২০২৪ সালে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে মিলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছে। একই সময়ে সেনাবাহিনীও রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র দলে যোগ দিতে বাধ্য করেছে বলে অভিযোগ রয়েছে।
থমাস কিন বলেন, এসব সহিংসতার কারণে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। অনেক রোহিঙ্গা আরাকান আর্মিকে মিয়ানমারের সেনাবাহিনীর মতোই, এমনকি তার চেয়েও বেশি ভয়ংকর মনে করেন। অন্যদিকে আরাকান আর্মিও রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে।
তার মতে, দুই পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে। চলমান যুদ্ধের মধ্যে আরাকান আর্মির পক্ষে রোহিঙ্গাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়াও কঠিন।
তিনি বলেন, ‘রাখাইনে যুদ্ধ বন্ধ হওয়া প্রত্যাবাসনের প্রথম শর্ত। কিন্তু যুদ্ধ বন্ধ হলেও রোহিঙ্গাদের দেশে ফেরানোর জন্য আরও অনেক কাজ বাকি থাকবে।’
থমাস কিন আরও মনে করেন, গণহত্যার রায় এলেও মিয়ানমারের সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক চাপ খুব বেশি বাড়বে কি না, তা নিশ্চিত নয়।
মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি। তবে তারা নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গা পরিচয়ের দাবি না করার শর্তের ইঙ্গিত দিয়েছে।
থমাস কিনের আশঙ্কা, গণহত্যার দায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলে দেশটির সামরিক কর্তৃপক্ষ আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে পারে। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাজেও বাধা সৃষ্টি হতে পারে।
এমনকি মিয়ানমারের সাধারণ মানুষের একটি অংশ রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী মনে করায় দেশটির ভেতরেও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।
বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি দোকান। ছবি : আলজাজিরা
তবে রোহিঙ্গা তরুণ নুরুল আমিন বলেন, গণহত্যার মামলায় পক্ষে রায় এলে সেটিকে শুধু রোহিঙ্গাদের বিজয় হিসেবে দেখা উচিত নয়। মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও নির্যাতনের শিকার হচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা চাই মিয়ানমারের সব জাতিগোষ্ঠীর মানুষ শান্তিতে থাকুক। সেখানে গণতন্ত্র ফিরে আসুক এবং সবাই মিলেমিশে বসবাস করুক। আমরা আমাদের অধিকার ও ন্যায়বিচার চাই। একই সঙ্গে চাই, দেশটির সব জাতিগোষ্ঠী যেন সেনাবাহিনীর ভয় ছাড়াই শান্তিতে থাকতে পারে।’
অধ্যাপক নাসির উদ্দিনের মতে, আদালতের রায় রোহিঙ্গাদের দাবিকে আইনি স্বীকৃতি দিতে এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়তা করবে। তবে শুধু রায়ের মাধ্যমে তাদের দেশে ফেরানো সম্ভব নয়।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের পক্ষে রায় দিলেই পরদিন তারা দেশে ফিরে যেতে পারবেন, এমনটা ভাবা ঠিক হবে না। এসব বিষয়ে সময় লাগে। রাতারাতি কিছু পরিবর্তন হবে না।’
থমাস কিনের পরামর্শ, বাংলাদেশকে মিয়ানমারের সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। শুধু একটি পক্ষের ওপর নির্ভর না করে আরাকান আর্মির সঙ্গেও নিয়মিত আলোচনা চালানো প্রয়োজন। বিশেষ করে প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও মানবিক সহায়তার বিষয়ে আলোচনা গুরুত্বপূর্ণ।
নিজ দেশে ফেরার অপেক্ষায় দিল-আলিনেসা
এত আলোচনা, আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক হিসাব-নিকাশের মধ্যেও দিল হোসেন ও আলিনেসার কাছে সবচেয়ে বড় প্রশ্ন একটাই— তাদের মেয়ে ইশারা কি কখনো নিজের জন্মভূমিতে ফিরে স্বাভাবিকভাবে বড় হতে পারবে? সেখানে কি সে তার বাবা-মায়ের হারানো অধিকার ও নিরাপত্তা ফিরে পাবে?
আলিনেসা বলেন, ‘আমরা আমাদের জীবন, সম্পদ ও আপনজনদের হারিয়েছি। এখানে শরণার্থী হিসেবে আমাদের এবং আমাদের সন্তানদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা নিজেদের বাড়িতে ফিরে শান্তিতে জীবন কাটাতে চাই।’