৮১ বছর পর এক টেবিলে তিন পরাশক্তির নেতা, কী হতে যাচ্ছে শেনঝেনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ব রাজনীতির মঞ্চে বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে চীন। প্রায় ৮১ বছর পর বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতারা এক

2026-11-18T15:10:57+00:00
2026-11-18T15:10:57+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৮১ বছর পর এক টেবিলে তিন পরাশক্তির নেতা, কী হতে যাচ্ছে শেনঝেনে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
প্রায় ৮১ বছর পর বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতারা এক টেবিলে বৈঠকে বসতে যাচ্ছেন । ছবি : সংগৃহীত
বিশ্ব রাজনীতির মঞ্চে বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে চীন। প্রায় ৮১ বছর পর বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতারা এক টেবিলে বৈঠকে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক- বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হতে পারে। তবে বৈঠকটি ঘিরে প্রত্যাশার পাশাপাশি রয়েছে সংশয়ও।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্রশান্ত অর্থনৈতিক সহযোগিতা (এপিইসি) সম্মেলনের ফাঁকে তিন নেতা পৃথকভাবে বৈঠকে বসবেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৈঠকটির গুরুত্ব তুলে ধরে বলেছে, বিশ্ব শান্তি ও প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে নেতারা মতবিনিময় করবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ট্রাম্প, পুতিন ও শির সম্ভাব্য বৈঠককে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে। তিন দেশের নেতারা এর আগে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিলেও এবারই প্রথম তারা একসঙ্গে একই আলোচনায় বসছেন।

আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণ, ইউক্রেন যুদ্ধও কি থাকবে?

তিন নেতার বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর একটি হতে পারে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এ অবস্থায় নতুন কোনো চুক্তির সম্ভাবনা তৈরি করতে চান ট্রাম্প। তার প্রত্যাশা, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলো অস্ত্র নিয়ন্ত্রণে নতুন সমঝোতায় পৌঁছাতে পারবে।

তবে এ বিষয়ে চীনের অবস্থান ভিন্ন। দেশটির পারমাণবিক অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম। ফলে এখনই অস্ত্র নিয়ন্ত্রণের কোনো চুক্তিতে অংশ নিতে আগ্রহী নয় বেইজিং। চীনের বক্তব্য, আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিপুল পারমাণবিক অস্ত্রের মজুত কমাতে হবে। এরপরও এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করা যেতে পারে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, রাশিয়ার হাতে প্রায় ৪ হাজার ৪০০টি, যুক্তরাষ্ট্রের হাতে ৩ হাজার ৭০০টি এবং চীনের হাতে ৬২০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের ভান্ডার ছোট হওয়ায় কোনো নিরস্ত্রীকরণ চুক্তিতে যুক্ত হলে দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির পথ সীমিত হয়ে পড়তে পারে। এ কারণে বেইজিং এমন চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে না। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমালে চীনও আলোচনায় আগ্রহী হতে পারে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, একুশ শতকে কার্যকর অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনা করতে হলে চীনকে এর বাইরে রাখার সুযোগ নেই। কারণ, দেশটির পারমাণবিক অস্ত্রের মজুত ক্রমাগত বাড়ছে।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা চান ট্রাম্প। গত ১৬ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান যুদ্ধ, অর্থনীতি, বাণিজ্য এবং তার ভাষায় ‘প্রিয় বিষয় ইউক্রেন’ নিয়ে কথা বলবেন তিনি।

তবে, ইউক্রেন যুদ্ধ আলোচনার টেবিলে কতটা গুরুত্ব পাবে, তা নিয়ে সংশয় রয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, বৈঠকে ইউক্রেন ইস্যুতে আলোচনা নাও হতে পারে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে চীনকে এ বিষয়ে অনেকটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে দেখা গেছে। তবে, বেইজিং যুদ্ধ বন্ধে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছে। চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় শি জিনপিংয়ের ভূমিকা নিয়েও আন্তর্জাতিক মহলে আগ্রহ রয়েছে।

বৈঠক নিয়ে বিশ্বনেতাদের প্রত্যাশা ও উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিন নেতার বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার প্রত্যাশা জানিয়েছেন। তার মতে, তিন নেতা যদি অর্থবহ পারমাণবিক নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে তা হবে বিশ্ববাসীর জন্য বড় অর্জন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বিশ্ব শান্তি রক্ষা এবং প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে নেতারা মতবিনিময় করবেন। তার ভাষায়, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ বাড়ানো, মতপার্থক্য দূর করা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করা তিন দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

রাশিয়ার পক্ষ থেকেও বৈঠকটির গুরুত্ব তুলে ধরা হয়েছে। ক্রেমলিনের ভাষ্য, এই বৈঠকের গুরুত্ব ও প্রতীকী মূল্য কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

গত ১৬ নভেম্বর ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর চীনের বরাত দিয়ে জানায়, শেনঝেনে তিন নেতা বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন। চীনের মতে, এই বৈঠকের অসামান্য গুরুত্ব রয়েছে।

তবে বৈঠক নিয়ে উদ্বেগও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, তিন নেতা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যা ইউক্রেনসহ সংশ্লিষ্ট দেশগুলোর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউরোপের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার মতে, ইউক্রেন যুদ্ধকে ইউরোপের সংঘাত হিসেবে বিবেচনা করলে এ বিষয়ে আলোচনার টেবিলে ইউরোপীয়দেরও থাকা উচিত।

এদিকে, গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তিন নেতার বৈঠকটি অনেকটা আনুষ্ঠানিক হতে পারে। সেখানে খোলামেলা আলোচনার সুযোগ সীমিত থাকার আশঙ্কা রয়েছে।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) সহযোগী গবেষক সারি আরহো হাভরিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, চীন এই বৈঠকে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হোক, তা চায় না। একই সঙ্গে ট্রাম্প বা পুতিন কেউ যেন আয়োজক হিসেবে চীনের গুরুত্ব কমিয়ে দেন, সেটিও বেইজিংয়ের বিবেচনায় রয়েছে।

তার মতে, ইউক্রেন কিংবা অন্য কোনো ইস্যুতে শি জিনপিংকে এমন অবস্থানে ঠেলে দেওয়া হোক, যা মোকাবিলায় তিনি প্রস্তুত নন- এমন পরিস্থিতিও চায় না চীন।

কেন এত গুরুত্বপূর্ণ তিন নেতার এই বৈঠক

তিন পরাশক্তির নেতাদের আসন্ন বৈঠককে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বারবার উঠে এসেছে ১৯৪৫ সালের ইয়ালতা সম্মেলনের প্রসঙ্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতারা ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন। যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নির্ধারণে ওই বৈঠকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে, চলতি শতাব্দীতে তিন পরাশক্তির শীর্ষ নেতাদের এমন সম্মিলিত বৈঠকের নজির নেই। গত শতাব্দীতেও এ ধরনের বৈঠক হয়েছে মাত্র কয়েকবার।

ব্রিটানিকার তথ্য অনুযায়ী, ১৯৪৩ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক তেহরান সম্মেলন। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনুষ্ঠিত ওই সম্মেলনে মিত্রশক্তির সামরিক কৌশল ও যুদ্ধের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এরপর, ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি ক্রিমিয়ার ইয়ালতা শহরে অনুষ্ঠিত হয় ইয়ালতা সম্মেলন। তেহরান সম্মেলনের তিন নেতাই এতে অংশ নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইউরোপের ভবিষ্যৎ, জার্মানির পরাজয়-পরবর্তী ব্যবস্থা এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয় সেখানে।

একই বছরের ১৭ জুলাই থেকে ২ আগস্ট জার্মানির বার্লিনের কাছে পোটসডামে অনুষ্ঠিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন অংশ নেন। ইয়ালতা সম্মেলনের আলোচনার ধারাবাহিকতায় পোটসডাম সম্মেলনে যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

এবারের বৈঠককে ইয়ালতা সম্মেলনের সঙ্গে তুলনা করতে রাজি নয় রাশিয়া। গত ১৬ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা চান না কোনো একটি পক্ষ অন্যদের ভাগ্য নির্ধারণ করে দিক। তবে তিনি আসন্ন বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। বৈঠকের একটি অংশ সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখার কথাও জানিয়েছেন তিনি।

ইয়ালতা সম্মেলনে অংশ নেওয়া তিন নেতার স্মৃতিস্তম্ভের পাশে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের প্রতিকৃতি নিয়ে একটি শিল্পগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিও বৈঠকটির ঐতিহাসিক তাৎপর্যকে সামনে এনেছে।


শেষ পর্যন্ত কতটা সফল হবে বৈঠক?

শেনঝেনে তিন নেতার বৈঠকটি হচ্ছে এপিইসি সম্মেলনের ফাঁকে। ফলে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতে নিজেদের অবস্থান ও সম্পর্কের সমীকরণ স্পষ্ট করার সুযোগ পাবেন তারা।

তবে, বৈঠকের সাফল্য নির্ভর করবে আলোচনার বিষয়বস্তু এবং সেখান থেকে আসা সিদ্ধান্তের ওপর। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আগ্রহ থাকলেও চীনের আপত্তি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের আগ্রহ থাকলেও এ বিষয়ে চীন ও রাশিয়ার অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের দূরত্ব রয়েছে।

বৈঠক নিয়ে এখন পর্যন্ত ট্রাম্পের বক্তব্য সামনে এলেও পুতিন ও শি জিনপিংয়ের পক্ষ থেকে সরাসরি বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। চীন ও রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন মূলত দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও ক্রেমলিনের কর্মকর্তারা।

ঐতিহাসিক এই বৈঠক শেষ পর্যন্ত কেবল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ে সীমাবদ্ধ থাকবে, নাকি বৈশ্বিক রাজনীতিতে নতুন কোনো সমীকরণের সূচনা করবে, সেটিই এখন দেখার বিষয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ৮১ বছর পর  এক টেবিলে  তিন পরাশক্তির নেতা  কী  হতে যাচ্ছে  শেনঝেনে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: