ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। ছবি : সংগৃহীত ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। একই সময়ে কুয়েতেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একের পর এক এসব হামলায় পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে নৌমাইনের আঘাত হানার খবরও জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চালানো অভিযানের ফল।
এর আগে হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথা জানায় ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরনার খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর আগে বাহরাইনে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম বা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘নির্ভুল অভিযান’ চালিয়েছে তারা। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের ‘বারবার অনুপ্রবেশের’ জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর থাকা বাহরাইন জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এ সময় রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ছিল ইরানের তৃতীয় ড্রোন হামলা। এএফপির প্রতিবেদনে বলা হয়, এর আগে গত শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে ইরানের প্রথম হামলা।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এ হামলা চালানো হয়। দণ্ডিত ব্যক্তিদের বেশির ভাগই শিয়া ধর্মীয় নেতা।
এদিকে মঙ্গলবার গভীর রাতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলা করছে। এ সময় দেশটির জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে কিংবা হামলায় হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কুয়েতের সেনাবাহিনী।
এ ছাড়া ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।
সূত্র : আল জাজিরার
সময়ের আলো/কেএইচও