প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা এবং আঘাত হানার পাল্লা বাড়বে। একই সঙ্গে দেশের প্রচলিত প্রতিরক্ষা ও সামরিক প্রতিরোধক্ষমতাও আরও শক্তিশালী হবে।
ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানরা। ক্ষেপণাস্ত্র উন্নয়নে যুক্ত সবার নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন তারা।
এদিকে ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তিনি এই পরীক্ষাকে পাকিস্তানের প্রতিরক্ষা খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে, চলতি মাসের শুরুতে পাকিস্তান বিমানবাহিনী দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ফা'আজ-এর সফল উড্ডয়ন পরীক্ষা চালায়। আইএসপিআর তখন জানায়, দেশের মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ ছাড়া গত অক্টোবরেও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। ১৩ অক্টোবর ফাতাহ-২ বর্ধিত পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬ অক্টোবর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়।
সময়ের আলো/ইউএমএইচ