ট্রাম্পের চীন সফরের মধ্যেই পশ্চিমা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনায় শি ও পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমা দেশগুলোর বাণিজ্য সংরক্ষণনীতি (প্রোটেকশনিজম) ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের

2026-11-18T20:59:06+00:00
2026-11-18T20:59:06+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের চীন সফরের মধ্যেই পশ্চিমা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনায় শি ও পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স
পশ্চিমা দেশগুলোর বাণিজ্য সংরক্ষণনীতি (প্রোটেকশনিজম) ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্যেই বুধবার (১৮ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে দেওয়া বক্তব্যে তারা এসব মন্তব্য করেন।

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে অনুষ্ঠিত এ সম্মেলনে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে উন্মুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।

শি জিনপিংয়ের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন চীনের উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্যবহৃত চিপ পাওয়ার ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের উন্নত এআই চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। এর জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।

শি বলেন, চীন তার শিল্প ও নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে। পাশাপাশি আমদানি শুল্ক কমানো এবং দেশের বাজার আরও উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে বাণিজ্য সংরক্ষণনীতি ও একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে চীন অবস্থান নেবে। 

অন্যদিকে, বক্তব্যে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ হিসেবে উল্লেখ করেন। 

পুতিন বলেন, রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাশিত ফল দিতে পারেনি। বরং এসব নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি থামানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা, শুল্ক ও রফতানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ কিছুটা প্রভাব ফেলতে পারলেও এগুলো কোনো দেশের উন্নয়ন থামিয়ে দিতে বা প্রতিদ্বন্দ্বী অর্থনীতিকে ধ্বংস করতে সক্ষম নয়। ইউরোপও বর্তমানে ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, বুধবার চীনে পৌঁছালে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এভাবে বিমানবন্দরে স্বাগত জানানোর ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরে দুই নেতা কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত আলাপের পর নিজ নিজ গাড়িতে ওঠেন। 

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিংকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। এবার সেই সৌজন্যের প্রতিদান দিলেন শি।

বিমানবন্দরে ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার প্রতিটি বৈঠকই বেশ আনন্দদায়ক হয়েছে।

বৃহস্পতিবার তিন নেতা অর্থাৎ ট্রাম্প, শি ও পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠকে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের বিষয় নির্ধারিত হয়েছিল। এবারও বিশ্বের বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারে— এমন আশঙ্কা তৈরি হয়েছে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে।

এদিকে, এপেক সম্মেলনে অংশ নিতে অস্ট্রেলিয়া, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের নেতারা চীনে পৌঁছেছেন। তাদের অনেককেই আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলেও জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে বিমানবন্দরে কোনো বিশেষ অভ্যর্থনা দেওয়া হয়নি। 

তাইওয়ান ইস্যুতে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এক বছর আগে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানকে কেন্দ্র করে চীনের কোনো সামরিক পদক্ষেপ জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে জাপান সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।


অন্যদিকে, ট্রাম্পের এশিয়া সফরের শুরুতে ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ ও জলসীমা নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

এর আগে চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

তিন নেতার বৈঠক নিয়ে ইয়াল্টা সম্মেলনের তুলনা নাকচ করেছে রাশিয়ার ক্রেমলিন। তবে বৈঠকটি বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে তারা। চীনও বলেছে, এই বৈঠকের লক্ষ্য বিশ্বশান্তি এগিয়ে নেওয়া।

পুতিন বলেন, বর্তমান বিশ্ব নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে আলোচনার টেবিলে বসে মতপার্থক্য দূর করা সম্ভব। তাই আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় ধরনের ইতিবাচক ফল পাওয়ার আশা করছেন তিনি।

সূত্র : রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ট্রাম্প  চীন সফর  পশ্চিমা বাণিজ্যনীতি  নিষেধাজ্ঞা  শি  পুতিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: