সংগৃহীত ছবি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে, ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় হামলার দাবি করার পর ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমান হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ইরানের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
তবে মার্কিন হামলায় ইরানের কোনো অবকাঠামোগত ক্ষতি হয়নি বলে দাবি করেছেন দেশটির এক কর্মকর্তা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি বলেন, কেশম দ্বীপে হামলায় কোনো আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
এর আগে মঙ্গলবার আইআরজিসি জানায়, বাহরাইনের শেখ ঈসা সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছে বাহরাইন। হামলার পরপরই দুটি সতর্কসংকেত জারি করে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানায় দেশটির কর্তৃপক্ষ।
এদিকে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরান। তবে কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করেছে। বিস্ফোরণের শব্দগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার কারণে হয়েছে বলে জানানো হয়। তবে এসব ড্রোন কারা পাঠিয়েছে, সে বিষয়ে কোনো পক্ষের নাম উল্লেখ করেনি কুয়েত।
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা
রয়টার্স জানিয়েছে, চলতি মাসে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের ওপর হামলার ঘটনা বেড়েছে। মঙ্গলবার ইরানের নৌবাহিনী ও আইআরজিসি জানায়, প্রণালিটিতে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ এবং দুটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগেছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, ওমানের বন্দরনগরী খাসাবের উত্তরে একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। ওই জাহাজের নাবিকদের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এসব ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান বাধা দেওয়ায় দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে।
যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। দীর্ঘ সংঘাতের পর গত এপ্রিলে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হয়নি এবং শেষ পর্যন্ত তা ভেঙে যায়।
এরপর থেকে বড় ধরনের যুদ্ধ না হলেও দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে হামলা ও পাল্টা হামলা চলছে। এতে পুরো পরিস্থিতিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
এশিয়া সফরে থাকা ট্রাম্প জানিয়েছেন, ইরান কিংবা ইয়েমেনে তেহরান-সমর্থিত হুথি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে তিনি ইরানে নতুন করে হামলা না-ও চালাতে পারেন।
মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ ব্যবহার করে ইরান হামলার পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি একে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন প্রচারণা হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, অযৌক্তিক অভিযোগের মাধ্যমে গণমাধ্যমকে ব্যবহার করে নিজেদের পরিকল্পনার পক্ষে পরিবেশ তৈরি করতে চাইছে ওয়াশিংটন।
অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। কাতারের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় তৈরি এবং আলোচনায় দেওয়া প্রস্তাবগুলোর ব্যবধান কমানোই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।
একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফর করছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে যুদ্ধ বন্ধে ইরানের নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলোর বিষয়ে সুলতানকে অবহিত করেছেন তিনি।
তবে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেও দুই দেশের সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ