আলাস্কার সিনেট আসনেও ডেমোক্র্যাটদের জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের মধ্যে সর্বশেষ অমীমাংসিত আলাস্কার সিনেট আসনটিও নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা। বর্তমান রিপাবলিকান সিনেটর

2026-11-18T22:37:41+00:00
2026-11-18T22:37:41+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আলাস্কার সিনেট আসনেও ডেমোক্র্যাটদের জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের মধ্যে সর্বশেষ অমীমাংসিত আলাস্কার সিনেট আসনটিও নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা। বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। এর মধ্য দিয়ে রিপাবলিকান শিবিরকে আরও বড় ধাক্কা দিল ডেমোক্র্যাটরা।

আলাস্কার নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। এর মধ্যেই মঙ্গলবার রাতে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) মেরি পেলটোলাকে বিজয়ী ঘোষণা করে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর ভোট কমাতে ড্যান সুলিভান নামের আরেক ব্যক্তিকে কথিত ‘ডামি প্রার্থী’ হিসেবে দাঁড় করানোর অভিযোগ উঠেছিল পেলটোলার প্রচারশিবিরের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্তও চলছে। অভিযোগটি জাতীয় পর্যায়ে নির্বাচনের প্রতি ব্যাপক মনোযোগ তৈরি করে। তবে কথিত এই প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন পেলটোলা।

বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেলটোলা বলেন, করপোরেট লোভের বিরুদ্ধে লড়াই, মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কার স্বার্থকে সবার আগে রাখার সংগ্রামে অঙ্গরাজ্যবাসীর সমর্থন পাওয়া তাঁর কাছে সবচেয়ে বড় সম্মান। তিনি আলাস্কাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবার কাজ শুরু করার পালা।

সিনেট নির্বাচনের পাশাপাশি ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো আলাস্কার গভর্নর পদেও জয় পেয়েছেন একজন ডেমোক্র্যাট। অঙ্গরাজ্যটির সাবেক আইনপ্রণেতা জোনাথন ক্রেইস-টমকিন্স তিন রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থীদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট প্রার্থীও ছিলেন।

তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আলাস্কার আসনটির ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। সেখানে বর্তমান রিপাবলিকান প্রতিনিধি নিক বেগিচের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী বিল হিল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনটিই ছিল সর্বশেষ অমীমাংসিত আসন। মেরি পেলটোলার জয়ের ফলে সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরও সুসংহত হয়েছে। এই জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের কাছ থেকে মোট ৯টি সিনেট আসন ছিনিয়ে নিয়েছে দলটি, যা ১৯৫৮ সালের পর সর্বোচ্চ।

নির্বাচনের পর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে। অন্যদিকে রিপাবলিকানদের আসন ৪৪টি। নির্বাচনের আগে সিনেটে ৫৩-৪৭ আসনে সংখ্যাগরিষ্ঠতা ছিল রিপাবলিকানদের।

উল্লেখ্য, মেরি পেলটোলা এর আগে আলাস্কার একমাত্র প্রতিনিধি পরিষদ আসনের সদস্য ছিলেন। তিনি মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম আদিবাসী আলাস্কান।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারশিবিরের বাইরের বিভিন্ন সংগঠনও বিপুল অর্থ ব্যয় করেছে। প্রচারণার একপর্যায়ে তা নেতিবাচক রূপ নেয় এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলে। রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের প্রতি সমর্থন জানাতে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পৃথকভাবে আলাস্কা সফর করেছিলেন। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   আলাস্কা  সিনেট  ডেমোক্র্যাট  জয় 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: