আইসিজের বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার রায় দিলে আদালতের বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে

2026-11-18T22:34:49+00:00
2026-11-18T22:34:49+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যা
আইসিজের বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার রায় দিলে আদালতের বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আশঙ্কা বাড়ছে। সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা বিচারকদের মধ্যে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইও রয়েছেন। বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের দায়ে অভিযুক্ত করে রায় দেয়নি। এ ধরনের মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো গণহত্যার পেছনে অপরাধমূলক উদ্দেশ্য প্রমাণ করা। কারণ, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডকেই গণহত্যা হিসেবে বিবেচনা করা হয়।

রোহিঙ্গা ভুক্তভোগীদের পক্ষে প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দাবি, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান এবং সেই সময় পালিয়ে যাওয়ার পথে মানুষ হত্যার মতো ঘটনাগুলো থেকেই স্পষ্ট হয় যে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছিল।

গণহত্যা কনভেনশনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব স্বাধীন বিচারকদের। তবে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় আইসিজের বিচারকেরা নিজেদের সম্পদ কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে পরামর্শ নিয়েছেন। কারণ, আদালত গণহত্যার পক্ষে রায় দিলে ওয়াশিংটন মনে করতে পারে, এর মাধ্যমে এ অপরাধ প্রমাণের আইনি মানদণ্ড শিথিল করা হয়েছে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের পূর্বাভাস, গণহত্যা সংঘটিত হওয়ার পক্ষে রায় এলে যুক্তরাষ্ট্র আইসিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আশঙ্কা, আদালতের চূড়ান্ত রায়ে কোনো সরকারের গণহত্যার অভিপ্রায় কীভাবে নির্ধারণ করা যায়, তা স্পষ্ট হয়ে উঠতে পারে। এমন নজির তৈরি হলে ভবিষ্যতে গাজায় ইসরাইলের গণহত্যা সংঘটনের অভিযোগে দেশটির বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষেত্রে আদালতের জন্য পথ আরও সহজ হতে পারে।

অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টার বিরুদ্ধে পরিচালিত পদক্ষেপ।

আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) অনেক সময় জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলা হয়। আদালতটি মূলত বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে এটি সম্পূর্ণ আলাদা। আইসিসিতে যুদ্ধাপরাধসহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আইসিসির বিচারকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে পুরো প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন আদালতটিকে ‘উচ্ছৃঙ্খল আদালত’ বলে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ভবিষ্যতে আইসিসি মার্কিন সেনাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে পারে। 

সময়ের আলো/ইউএমএইচ

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: