সংগৃহীত ছবিউড়োজাহাজ চলাচল বন্ধ, ব্যাংকিং লেনদেনে বিঘ্ন, সরকারি সেবা অচল—যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত সমস্যায় বাড়ছে উদ্বেগ। গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এখন পর্যন্ত এসব ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো প্রমাণ পায়নি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এসব বিপর্যয়ের পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের চেয়ে পুরোনো প্রযুক্তি, জটিল সফটওয়্যার হালনাগাদ এবং সফটওয়্যার তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহার বেশি দায়ী হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গত ১২ নভেম্বর থেকে মাইক্রোসফট, ইউনাইটেড এয়ারলাইন্স, অ্যাপল, চার্লস শোয়াব, হোটেল চেইন ম্যারিয়ট, বিভিন্ন ব্যাংকিং সেবা এবং এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নেটওয়ার্কেও প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে।
একটি রাউটার পরিবর্তনের মতো নিয়মিত কাজ করতে গিয়ে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। একইভাবে জাতীয় আবহাওয়া সংস্থার (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) নিয়মিত রক্ষণাবেক্ষণের সময়ও প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়।
ফলে বিমান চলাচল, ব্যাংকিং, হোটেল সেবা, আবহাওয়ার পূর্বাভাস এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রভাব পড়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যারিয়ট তাদের ওয়েবসাইট ও বনভয় অ্যাপে প্রবেশের ক্ষেত্রে কারিগরি সমস্যার কথা স্বীকার করেছে। তবে প্রতিষ্ঠানটির পর্যালোচনায় এসব সমস্যার সঙ্গে সাইবার নিরাপত্তার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
পুরোনো প্রযুক্তি বড় কারণ
উত্তর টেক্সাসের দুই প্রযুক্তি বিশেষজ্ঞের মতে, এসব ঘটনার পেছনে অসৎ উদ্দেশ্য না থাকলেও পরিস্থিতি উদ্বেগজনক।
ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. হোসে লিনেরোস বলেন, সব ঘটনার ব্যাখ্যা দেওয়ার মতো একক কোনো উত্তর নেই। তবে কয়েকটি বিষয় বারবার সামনে আসছে। এর মধ্যে পুরোনো প্রযুক্তি অন্যতম।
তিনি জানান, পুরোনো প্রযুক্তির সঙ্গে নতুন সফটওয়্যার যুক্ত করে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। এতে বিভিন্ন ধরনের ত্রুটি তৈরির ঝুঁকি বাড়ছে। পাশাপাশি কম্পিউটার নেটওয়ার্কগুলোর পারস্পরিক নির্ভরশীলতা এবং সফটওয়্যার তৈরিতে এআইয়ের ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তার মতে, একটি সিস্টেমে সমস্যা দেখা দিলে তা অন্য একাধিক ব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে। এতে মূল সমস্যাটি কোথা থেকে শুরু হয়েছে, তা শনাক্ত করাও কঠিন হয়ে যায়।
লিনেরোস বলেন, আধুনিক প্রযুক্তির যুগে এআইয়ের মাধ্যমে তৈরি সফটওয়্যারকে যাচাই না করে অন্ধভাবে বিশ্বাস করার সুযোগ নেই।
সিস্টেম হালনাগাদেও বাড়ছে ঝুঁকি
সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. ক্লাইন স্মিথ মনে করেন, এসব ঘটনার সময়কালও মানুষের মধ্যে সন্দেহ তৈরি করছে। সামনে ছুটির মৌসুমের কেনাকাটা শুরু হওয়ায় বাড়তি চাপ সামলাতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের জটিল প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ করছে।
তিনি বলেন, জটিল কোনো সিস্টেমে পরিবর্তন আনা সব সময়ই বড় চ্যালেঞ্জ। তবে কয়েকটি প্রতিষ্ঠানে একই সময়ে সমস্যা দেখা দিলেই সেটিকে সমন্বিত হামলা হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই।
স্মিথের ভাষায়, একসঙ্গে কয়েকটি বড় প্রতিষ্ঠান অচল হয়ে পড়লে মানুষ স্বাভাবিকভাবেই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খোঁজে। কিন্তু এই ধারণা কোনো কিছুর প্রমাণ নয়।
তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকিং, বিমান চলাচল ও সরকারি নেটওয়ার্ক অত্যন্ত জটিল প্রযুক্তির ওপর নির্ভরশীল। এসব ব্যবস্থার একটি অংশে পরিবর্তন আনলেও অন্য কোনো অংশে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে।
সাধারণ মানুষ প্রযুক্তিগত সেবাগুলো সব সময় নির্বিঘ্নে চলবে বলে আশা করে। কিন্তু উন্নত প্রযুক্তিরও সীমাবদ্ধতা রয়েছে।
স্মিথের মতে, প্রযুক্তিগত ব্যবস্থা কখনোই অচল হবে না— এমন প্রত্যাশা না করে বরং সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করা হবে এবং কী কারণে সমস্যা হয়েছে, তা গ্রাহকদের জানানো হবে— এমন প্রত্যাশা করা উচিত।
প্রযুক্তির ওপর আস্থা ও নির্ভরশীলতার পরীক্ষা
২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন প্রযুক্তিসেবা পেতে অভ্যস্ত মানুষের কাছে সাম্প্রতিক এসব বিপর্যয় ধৈর্য ও আস্থার বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
ড. লিনেরোস বলেন, প্রতিষ্ঠানগুলোকে শুধু অতীতে দেখা সমস্যার জন্য প্রস্তুত থাকলে চলবে না। ভবিষ্যতে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, তা আগেভাগে বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও বাড়াতে হবে।
অন্যদিকে ড. স্মিথের মতে, প্রযুক্তিগত সেবার ক্ষেত্রে শতভাগ নিখুঁত হওয়ার প্রত্যাশা না করে প্রতিষ্ঠানগুলোর কাছে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো উচিত। তাঁর ভাষায়, প্রযুক্তির কাছ থেকে উচ্চমাত্রার নির্ভরযোগ্যতা আশা করতে হবে, শতভাগ নির্ভুলতা নয়।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এসব প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গে কোনো সমন্বিত সাইবার হামলার যোগসূত্র পাওয়া যায়নি। তবে মানুষের দৈনন্দিন জীবন প্রযুক্তির ওপর যত বেশি নির্ভরশীল হচ্ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিপর্যয়ের পর কত দ্রুত সেবা স্বাভাবিক করা যায়, সেই সক্ষমতা।
ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষায় করণীয়
প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলো নিজেদের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ও অর্থের সুরক্ষায় গ্রাহকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ড. লিনেরোস।
তিনি কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন— ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঠেকাতে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন বা একাধিক ধাপে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু রাখা। আর্থিক লেনদেন কিংবা জেল ও ভেনমোর মতো সেবায় অর্থ পাঠানোর সময় পাবলিক ওয়াইফাই ব্যবহার না করে মোবাইলের নিজস্ব ইন্টারনেট সংযোগ ব্যবহার করা। ঘরের ইন্টারনেট নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা।সহজ ও প্রচলিত পাসওয়ার্ডের পরিবর্তে একাধিক শব্দের সমন্বয়ে দীর্ঘ পাসফ্রেজ তৈরি করা। কোনো প্রতিষ্ঠানে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা। একই পাসওয়ার্ড অন্য যেসব অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে, সেগুলোর পাসওয়ার্ডও বদলে ফেলা।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ও দ্রুত সেবা পুনরুদ্ধারের সক্ষমতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।
সময়ের আলো/ইউএমএইচ