মোড়লের আলাপে পরমাণু অস্ত্র

তৌহিদুজ্জামান সোহান

আন্তর্জাতিক

ইতিহাসে প্রথমবার মুখোমুখি বসতে যাচ্ছেন বিশ্বের তিন প্রভাবশালী দেশের মোড়লরা। আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

2026-11-19T01:16:51+00:00
2026-11-19T01:16:51+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মোড়লের আলাপে পরমাণু অস্ত্র
তৌহিদুজ্জামান সোহান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:১৬ এএম 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইতিহাসে প্রথমবার মুখোমুখি বসতে যাচ্ছেন বিশ্বের তিন প্রভাবশালী দেশের মোড়লরা। আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো এক টেবিলে বসতে যাচ্ছেন। আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করবেন এই নেতারা। চীনের শেনজেনে অনুষ্ঠেয় এ বৈঠকের বিষয়টি তিন দেশের সরকারই নিশ্চিত করেছে। 

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকটি হবে। আলোচনার একটি অংশ জনসমক্ষেও হওয়ার কথা রয়েছে। এর আগে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে পৃথক বাণিজ্য আলোচনাও হবে। তবে তিন নেতার এই বৈঠককে ইয়াল্টা সম্মেলন আখ্যা দিয়ে সমালোচনা করছেন জেলেনস্কিসহ ইউরোপীয় পক্ষ। 

ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, অর্থনীতি ও বাণিজ্য হবে আলোচনার প্রধান বিষয়। মস্কোও জানিয়েছে, বৈঠকের প্রস্তুতি হিসেবে তিন দেশ নিজেদের মধ্যে বিভিন্ন প্রস্তাব বিনিময় করছে। পাশাপাশি একটি যৌথ বিবৃতি প্রকাশের বিষয়েও আলোচনা চলছে। তবে তিন নেতার এই বৈঠক ঘিরে ইউক্রেন ও ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি হয়েছে। 

আশঙ্কা করা হচ্ছে, সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণ ছাড়াই বড় শক্তিগুলো নিজেদের মধ্যে এমন কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, যার প্রভাব পড়বে অন্য দেশগুলোর ভবিষ্যতের ওপর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়াই তার দেশের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা হতে পারে। 

যদিও মস্কো বলেছে, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বকে প্রভাববলয়ে ভাগ করার কোনো পরিকল্পনা নেই। খবর আরটি, সিএনএন, এপি ও রয়টার্সের।

তিন নেতার প্রত্যাশা ও আলোচনার লক্ষ্যই এখন টল অব দ্য টাউন। শেনজেন সম্মেলনকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, এ বিষয়ে মস্কো বেইজিংয়ের কাছে কিছু প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে প্রস্তুতি নিয়ে ওয়াশিংটনের অবস্থানও পর্যালোচনা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনাও রাশিয়ার অন্যতম অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে অগ্রগতি চায় মস্কো। গত সপ্তাহে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পুতিনের বৈঠকের পর উশাকভ জানিয়েছিলেন, শেনজেনে ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইউক্রেন সংকটের সমাধান-সংক্রান্ত সব বিষয়ই স্থান পেতে পারে।

তবে ট্রাম্পের প্রধান আগ্রহ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা। পাশাপাশি ইরান যুদ্ধের অবসান এবং তার ভাষায়, ‘প্রিয় বিষয়’ ইউক্রেন নিয়েও কথা বলতে চান তিনি। শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির বাস্তবায়নকে গুরুত্ব দেবে ওয়াশিংটন। বেইজিং জানিয়েছে, তিন নেতার আলোচনায় বিশ্বশান্তি রক্ষা, কৌশলগত স্থিতিশীলতা জোরদার এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্য সামাল দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

তবে আলোচনার কেন্দ্রে রয়েছে পারমাণবিক অস্ত্র। এটিই শেনজেন বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার সর্বশেষ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হয়েছে। ফলে দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে কার্যকর কোনো নতুন চুক্তি নেই।

মস্কো অবশ্য জানিয়েছে, ওয়াশিংটন একই পদক্ষেপ নিলে রাশিয়াও স্বেচ্ছায় আরও এক বছর চুক্তির নির্ধারিত সীমা মেনে চলতে প্রস্তুত। ট্রাম্প এরই মধ্যে নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রস্তাব দিয়েছেন, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তিনি। তার যুক্তি, চীনের পারমাণবিক অস্ত্রের মজুদ দ্রুত বাড়ছে। তবে বেইজিং এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে। চীনের বক্তব্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। তাই যেসব দেশের অস্ত্রভান্ডার সবচেয়ে বড়, নিরস্ত্রীকরণের দায়িত্বও আগে তাদেরই নিতে হবে।


রাশিয়া কৌশলগত স্থিতিশীলতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় আগ্রহী। মস্কোর অবস্থান, প্রতিটি দেশের নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে আলোচনার মাধ্যমে অস্ত্রের সংখ্যা কমানো যেতে পারে। তবে এ ধরনের চুক্তিতে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের অস্ত্রভান্ডার বিবেচনা করলেই হবে না। ব্রিটেন ও ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা এবং ন্যাটোর পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শেনজেনের বৈঠকে এ বিষয়ে আলোচনা শুরুর পরিকল্পনা থাকলেও এখনই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

আরেকটি আলোচ্য বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সামরিক ব্যবহার নিয়ন্ত্রণে সমঝোতা। পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর প্রশ্নে মতপার্থক্য থাকলেও এসব অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত মানুষের নিয়ন্ত্রণে রাখার বিষয়ে তিন দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা রয়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে ছেড়ে না দেওয়ার নীতিতে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছিল। রাশিয়াও বলে আসছে, তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত মানুষের বিবেচনাতেই নেওয়া হয়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেনজেন সম্মেলনের প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণে মানুষের ভূমিকা অক্ষুণ্ন রাখা এবং এ সংক্রান্ত কমান্ড ব্যবস্থায় সাইবার হামলা কিংবা এআই-নির্ভর হামলা নিষিদ্ধ করার বিষয়ে অঙ্গীকারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

তবে স্বয়ংক্রিয় অস্ত্রের বিস্তৃত ব্যবহার নিষিদ্ধ করার প্রশ্নে তিন দেশের অবস্থান এক নয়। ওয়াশিংটন এ ক্ষেত্রে স্বেচ্ছামূলক নীতিমালা চায়। বেইজিং ভবিষ্যতে এ বিষয়ে আন্তর্জাতিক চুক্তির পক্ষে। অন্যদিকে মস্কোর অবস্থান, অস্ত্রের সংজ্ঞা ও নিয়ন্ত্রণের বিষয়ে ঐকমত্য না হওয়া পর্যন্ত এখনই কোনো বিধিনিষেধ আরোপ করা উচিত নয়। সামরিক নিরাপত্তার বাইরেও এআই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন পৃথক আলোচনার উদ্যোগ নিয়েছে। এআই ব্যবস্থায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে একে অন্যকে সতর্ক করার ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে দেশ দুটি। উন্নত এআই মডেল বাজারে ছাড়ার আগে নিরাপত্তা পরীক্ষা নিয়েও আলোচনা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শেনজেনের আলোচনায় এআইয়ের ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে।

আরেকটি বিষয় হলো ইউক্রেন যুদ্ধ নিয়ে কী আলোচনা হতে পারে তা নিয়েও আগ্রহী পুরো বিশ্ব। ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে ট্রাম্প ও পুতিনের অবস্থানে কিছু অভিন্নতা রয়েছে। তারা মনে করেন, যুদ্ধের অবসান ঘটাতে হলে ইউরোপের নিরাপত্তাব্যবস্থাকে নতুন করে পর্যালোচনা ও সংজ্ঞায়িত করা প্রয়োজন। ইউক্রেন সংকটের যে সমাধানই হোক, তা একটি শক্তিশালী ও দায়িত্বশীল আন্তর্জাতিক নিরাপত্তাকাঠামোর মধ্যে হতে হবে। ট্রাম্প ন্যাটোর কাঠামোকে নতুনভাবে সাজানোর কথা বলছেন, যাকে তিনি ‘ন্যাটো ৩.০’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে পুতিনের গুরুত্ব নিরাপত্তার নিশ্চয়তা ও পারস্পরিক স্বার্থের ভারসাম্যের ওপর। চীনও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে। বেইজিংয়ের বক্তব্য, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ নিরাপত্তা উদ্বেগ এবং সংঘাতের অন্তর্নিহিত কারণগুলো বিবেচনায় নিতে হবে। মস্কো দীর্ঘদিন ধরে এ দাবিই জানিয়ে আসছে।

তবে ইউক্রেন ও পশ্চিম ইউরোপের দেশগুলো নিরাপত্তাকাঠামো পুনর্বিন্যাসের আলোচনাকে অগ্রাধিকার দিতে রাজি নয়। তাদের দাবি, যেকোনো মূল্যে আগে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। অন্যদিকে মস্কো এ ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। রাশিয়ার অভিযোগ, মিনস্ক চুক্তির সুযোগ নিয়ে ইউক্রেন নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন ও অস্ত্রসজ্জা বাড়িয়েছে এবং রুশভাষী জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ জোরদার করেছে। সম্প্রতি আবুধাবিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনায় বড় ধরনের বন্দিবিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছে। ওই আলোচনা এবং গত সপ্তাহে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার একটি বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তাকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

ট্রাম্পের মতে, যুদ্ধে প্রাণহানির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় দ্রুত সমাধানে পৌঁছানো জরুরি। এশিয়া সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেছিলেন, ইউক্রেন যুদ্ধে পরাজিত হচ্ছে। দুই পক্ষেই প্রতি মাসে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটছে উল্লেখ করে তিনি শেনজেন বৈঠকে এ সংকট নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। চীন বন্দিবিনিময় ও মানবিক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সমন্বয়ে নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেছে বেইজিং। দেশটির প্রত্যাশা, এ ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে একটি স্থায়ী ও বাধ্যতামূলক শান্তিচুক্তির পথ তৈরি হবে। এদিকে পুতিন ও ট্রাম্পের মধ্যে পৃথক বৈঠকেরও আয়োজন করছে মস্কো। সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া যুদ্ধ অবসানের প্রস্তাব এবং রাশিয়ার নিজস্ব পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, বৈঠকের সময় ও ধরন নিয়ে এখনও সমন্বয় চলছে।

একই সময়ে ইরান যুদ্ধ নিয়েও আলোচনায় বসছেন তিন নেতা। শেনজেন বৈঠকে এটিও আলোচনার অন্যতম বিষয়। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প দেখতে চান, ইরানের ঘনিষ্ঠ অংশীদার রাশিয়া ও চীন এই সংঘাতের অবসানে কোনো ভূমিকা রাখতে পারে কি না। রাশিয়া ও চীন উভয়ই বারবার আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। দেশ দুটি সংঘাতের বিস্তার ও উত্তেজনা বৃদ্ধির বিরোধিতা করেছে। মস্কো আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংলাপ এবং মধ্যস্থতার পক্ষে অবস্থান নিয়েছে। ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীন ওয়াশিংটনকে নতুন করে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু করার ওপর জোর দিয়েছে বেইজিং। এই গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। তবে ইরান যুদ্ধের অবসানে ট্রাম্প শেনজেন বৈঠকে নির্দিষ্ট কী প্রস্তাব তুলে ধরবেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

জানা গেছে, পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে পৃথক বাণিজ্য আলোচনা হয়। গত বছরের অক্টোবর মাসে দুই দেশের মধ্যে যে নাজুক বাণিজ্য সমঝোতা হয়েছিল, তা টিকিয়ে রাখাই এ আলোচনার প্রধান লক্ষ্য। ওই সমঝোতায় যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ ও প্রযুক্তি খাতে কিছু বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করতে রাজি হয়েছিল। বিনিময়ে চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনা বাড়ানো এবং বিরল খনিজ সরবরাহের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু সমঝোতার বাস্তবায়ন দুই পক্ষের কাছেই প্রত্যাশিত অগ্রগতি পায়নি। 

ওয়াশিংটনের অভিযোগ, চীন প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কিনছে না। পাশাপাশি বিরল খনিজ রফতানির ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি করছে। অন্যদিকে সাবেক এনভিডিয়া প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক একটি কথিত গুপ্তচরবৃত্তির ঘটনায় চীনের ওপর এআই চিপ সরবরাহ-সংক্রান্ত মার্কিন বিধিনিষেধ আরও কঠোর হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে। এর আওতায় বিদেশে অবস্থিত ডেটা সেন্টারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোর উন্নত মার্কিন এআই চিপ ব্যবহারের সুযোগ সীমিত করা হবে। এ ধরনের চিপ দিয়ে এআই মডেল প্রশিক্ষণের বিষয়টিও নতুন বিধিনিষেধের আওতায় আসছে। এ অবস্থায় ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা কম। বরং আগামী জানুয়ারিতে বাণিজ্য সমঝোতার মেয়াদ শেষ হওয়ার আগে সেটি ভেঙে পড়া ঠেকানো এবং আলোচনার জন্য আরও সময় বের করাই হতে পারে দুই নেতার প্রধান লক্ষ্য।

একই টেবিলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন নেতার বসার বিষয়টি ছোট দেশগুলো এবং ইউরোপের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে শেনজেন বৈঠকের তুলনা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ওই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সোভিয়েত নেতা জোসেফ স্টালিন এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার রূপরেখা নির্ধারণ করেছিলেন। সেই সম্মেলনের মাধ্যমে বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে বিশ্বকে ভাগ করে নেওয়ার যে নজির তৈরি করেছিল, শেনজেনেও তেমন কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তবে এবারের বৈঠকে পশ্চিম ইউরোপের কোনো দেশ সরাসরি অংশ নিচ্ছে না। এ উদ্বেগের সবচেয়ে সরব কণ্ঠ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি বৈঠকের আলোচনায় প্রভাব রাখার চেষ্টা করছেন। একই সঙ্গে অভিযোগ করেছেন, ইউক্রেনকে বাদ দিয়েই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইউক্রেনের পশ্চিম ইউরোপীয় সমর্থকরাও আলোচনার বাইরে থেকে নিজেদের অবস্থান তুলে ধরছেন। বিশেষ করে আবুধাবির বৈঠক ঘিরে তাদের প্রতিক্রিয়া ছিল বেশ কঠোর। তবে আলোচনায় অংশ নেওয়ার পরিবর্তে নতুন একটি কমিটি গঠন করাই ছিল তাদের প্রধান পদক্ষেপ। সমালোচকদের মতে, এ উদ্যোগ বিশ্ব রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের ক্রমহ্রাসমান প্রভাবকেই আরও স্পষ্ট করেছে। তবে শেনজেন সম্মেলনকে বিশ্বকে বিভিন্ন প্রভাববলয়ে ভাগ করার উদ্যোগ হিসেবে দেখতে নারাজ মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার বিশ্বব্যবস্থার ধারণা হলো, কোনো দেশই অন্য কারও ওপর নিজস্ব বিশ্বব্যবস্থা চাপিয়ে দিতে পারবে না।

এখন প্রশ্ন হলো কী অর্জন হলে সফল বলা যাবে এ সম্মেলনকে? সত্যি বলতে, তিন নেতার প্রত্যেকের অগ্রাধিকার ও স্বার্থে যথেষ্ট পার্থক্য থাকায় শেনজেন বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, বাণিজ্য কিংবা ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে বড় কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম। তিন দেশ একটি যৌথ বিবৃতি তৈরির চেষ্টা করলেও এ বিষয়ে আলোচনা বেশ কঠিন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ। তার ভাষায়, যৌথ বিবৃতির বিষয়ে সমঝোতা নিশ্চিত নয়। শেষ পর্যন্ত অভিন্ন কোনো বক্তব্যে পৌঁছাতে না পারলে তিন নেতা নিজ নিজ অবস্থান তুলে ধরে পৃথক বক্তব্য দেবেন।

তবে তাৎক্ষণিক কোনো চুক্তি না হলেও এই বৈঠকের গুরুত্ব কম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের সুচৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইনজীবী ভিক্টর গাও রুশ সংবাদমাধ্যম আরটিকে বলেছেন, সম্মেলনের তাৎপর্য শুধু নির্দিষ্ট কিছু চুক্তি বা সমঝোতার মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক সম্পর্কের নানা টানাপোড়েন সত্ত্বেও বিশ্বের তিন বৃহৎ শক্তি যে সরাসরি যোগাযোগ ও আলোচনা বজায় রাখতে পারছে, সেটিই এ বৈঠকের বড় অর্জন।

গাওয়ের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এই সম্মেলন একটি সম্ভাব্য বাঁকবদলের মুহূর্ত হয়ে উঠতে পারে। ইউক্রেন ও ইরান যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাণিজ্যের পাশাপাশি জাতিসংঘের সংস্কার এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে যুদ্ধ এড়ানোর উপায় নিয়েও তিন নেতার আলোচনা হতে পারে। সব মিলিয়ে শেনজেনের এই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো ঐতিহাসিক চুক্তির প্রত্যাশা না থাকলেও আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এর গুরুত্ব রয়েছে। দীর্ঘদিনের বৈরিতা, স্বার্থের সংঘাত ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন আলোচনার টেবিলে বসতে পারছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। এই যোগাযোগ কতটা কার্যকর সমঝোতায় রূপ নেয়, তার ওপর নির্ভর করবে সম্মেলনের প্রকৃত সাফল্য।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   মোড়ল  আলাপ  পরমাণু  অস্ত্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: