দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক পরতে পারবে না শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়েছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত আট ঘণ্টার দীর্ঘ

2026-11-19T13:15:07+00:00
2026-11-19T13:34:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক পরতে পারবে না শিক্ষার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:১৫ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১:৩৪ পিএম
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়েছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়েছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত আট ঘণ্টার দীর্ঘ এ পরীক্ষায় কঠিন প্রশ্নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে নকলের সন্দেহ এড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়া। 

গণিত, কোরীয় ভাষাসহ বিভিন্ন বিষয়ের ওপর অনুষ্ঠিত এ পরীক্ষা দেশটির প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  
এবারের ভর্তি পরীক্ষায় নকল প্রতিরোধে নজিরবিহীন সতর্কতা অবলম্বন করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী মাইক্রোক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন। এ ঘটনা দেশটির পরীক্ষাভিত্তিক শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।  

এরপরই পরীক্ষায় অসদুপায় ঠেকাতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়। পরীক্ষার্থীদের নিজেদের কলম ও ইরেজার নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি মাইক্রোক্যামেরা লুকানোর আশঙ্কায় পোশাকের বোতামেও স্টিকার লাগানো হয়েছে। 

সিউলের একটি পরীক্ষা কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী জানান, সাম্প্রতিক এআই নকলের ঘটনা এবং নতুন নিয়ম তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এ কারণে পরীক্ষার প্রস্তুতি ও পোশাক নির্বাচনেও পরিবর্তন আনতে হয়েছে। 

উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কোয়াক ইউ-মিন জানান, পরিস্থিতি বিবেচনায় এখন তার মনে হচ্ছে, পরীক্ষাটি পিছিয়ে দিয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তিনি আগে বোতামযুক্ত পোশাক পরার কথা ভাবলেও নকলের সন্দেহ এড়াতে শেষ পর্যন্ত টি-শার্ট পরার সিদ্ধান্ত নেন। অন্যদিকে শিক্ষার্থী জ্যাং সান প্রত্যাশা করেন, সবাই সততা ও ন্যায়সংগতভাবে পরীক্ষায় অংশ নেবেন।

সরকার জানিয়েছে, পরীক্ষায় নকলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরও কঠোর করা হবে। কেউ নকল করতে গিয়ে ধরা পড়লে তাকে পরবর্তী ১০ বছর পরীক্ষায় অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হতে পারে। পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে।

প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নকলের চেষ্টা সম্পর্কে তথ্য প্রদানকারীদের অন্তত ১০ কোটি ওন বা প্রায় ৭৫ হাজার ৪০ ডলার পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন।


১৮ বছর বয়সী শিক্ষার্থী জ্যাং বলেন, তিনি অনেক পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। তার ধারণা ছিল, অন্যদের মতো তিনিও ভালো করছেন। কিন্তু কেউ এআই ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলে তার দীর্ঘদিনের পরিশ্রমের মূল্য নষ্ট হয়ে যেতে পারে।

পরীক্ষায় অনিয়ম ঠেকাতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দেশজুড়ে মোবাইল ফোনে সর্বোচ্চ শব্দমাত্রায় জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এর মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে লুকিয়ে রাখা কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করার চেষ্টা করা হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ২২টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এসব ফোন নকলের কাজে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে দেশজুড়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পরীক্ষার দিন আর্থিক বাজারের কার্যক্রম এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। ইংরেজি শ্রবণ পরীক্ষা চলাকালে শব্দদূষণ এড়াতে ৩৫ মিনিটের জন্য বিমান ওঠানামাও বন্ধ রাখা হয়।

এ ছাড়া যানজট বা অন্য কোনো কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হলে শিক্ষার্থীদের সহায়তায় সারা দেশে পুলিশের গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল।

সূত্র : রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   দক্ষিণ কোরিয়া  বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: