রোহিঙ্গা গণহত্যা মামলা, কোন দিকে মোড় নেবে আইসিজের রায়
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।আলজাজিরার প্রতিবেদনে
রোহিঙ্গা গণহত্যা মামলা, কোন দিকে মোড় নেবে আইসিজের রায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা ২০১৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে ত্রাণ সংগ্রহের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ছবি : আলজাজিরা
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এ মামলার রায়কে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালে মামলাটি দায়েরের সাত বছর পর আসছে এই সিদ্ধান্ত।
অন্যদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সামরিক অভিযানের মুখে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার ঘটনার পর ইতোমধ্যে নয় বছরেরও বেশি সময় পার হয়েছে।
আইসিজের সিদ্ধান্ত চূড়ান্ত। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।
গণহত্যার অভিযোগ আদালতে প্রতিষ্ঠিত হলে মিয়ানমারকে কী ধরনের আইনি দায় বহন করতে হবে এবং সেই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে আদালতের ক্ষমতার সীমাবদ্ধতা কোথায়— এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছে আল জাজিরা।
কারা এই রোহিঙ্গা জনগোষ্ঠী?
রোহিঙ্গারা মূলত মুসলিম ধর্মাবলম্বী একটি জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে কয়েক শতাব্দী ধরে তাদের বসবাস।
জেনারেল নে উইনের সামরিক শাসনামল (১৯৬২-১৯৮৮) থেকে শুরু করে অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের সময় (২০১৬-২০২১) পর্যন্ত মিয়ানমারের বিভিন্ন সরকার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে এসেছে।
১৯৮২ সালের নাগরিকত্ব আইনেও অধিকাংশ রোহিঙ্গাকে নাগরিকত্বের অধিকার থেকে বাদ রাখা হয়। এর ফলে তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হন।
বিভিন্ন সময়ে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হলেও ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাত্রা ভয়াবহ রূপ নেয়।
ওই সময় বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা পুলিশের কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালান। এর প্রতিক্রিয়ায় মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইনে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান শুরু করে।
সেনাবাহিনীর অভিযান থেকে প্রাণে বেঁচে আসা রোহিঙ্গারা গণহত্যা, ধর্ষণ এবং একের পর এক গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। কয়েক মাসের মধ্যেই সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।
২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। দেশটির অভিযোগ, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে ২০১৭ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের উখিয়ায় জামতলী শরণার্থী শিবিরে যাওয়ার জলমগ্ন পথ পাড়ি দিচ্ছেন। ছবি :আলজাজিরা
মামলা দায়েরের সময় মিয়ানমারের রাষ্ট্রক্ষমতায় ছিলেন অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার। তবে দেশটির নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর হাতে। ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি। পরবর্তী সময়ে তার নেতৃত্বাধীন সামরিক সরকারই আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের পক্ষে মামলাটি পরিচালনা করে।
মিয়ানমার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, সশস্ত্র হামলার প্রতিক্রিয়ায় সেনাবাহিনী ওই অভিযান পরিচালনা করেছিল।
তবে আইসিজে কোনো ফৌজদারি আদালতের মতো ব্যক্তিবিশেষের অপরাধের বিচার করবে না। বরং রাষ্ট্র হিসেবে মিয়ানমার গণহত্যার জন্য দায়ী কি না, সেটিই নির্ধারণ করবে আদালত। দায় প্রমাণিত হলে দেশটিকে কী ধরনের ক্ষতিপূরণ বা প্রতিকার দিতে হবে, সে বিষয়েও সিদ্ধান্ত আসবে।
বর্তমানে মিয়ানমারে প্রায় পাঁচ লাখ ২০ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের অনেককেই কঠোর বিধিনিষেধের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছেন প্রায় ১২ লাখ রোহিঙ্গা।
বর্তমানে কোথায় আছেন রোহিঙ্গারা?
নিজেদের বসতভিটা ছেড়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। তবে তাদের অধিকাংশই এখনও নিজ দেশে ফিরতে পারেননি।
২০১৭ সালের রোহিঙ্গা ঢলের প্রায় নয় বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে অবস্থান করছেন এই জনগোষ্ঠীর প্রায় ১২ লাখ মানুষ। তাদের বেশিরভাগেরই ঠিকানা কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলো।
শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের চলাচলের ওপর নিয়ন্ত্রণ রয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে কাজ করার সুযোগও সীমিত। ফলে অধিকাংশ পরিবারকে মানবিক সহায়তার ওপর নির্ভর করে দিন কাটাতে হচ্ছে। দীর্ঘ সময় ধরে সেই সহায়তার পরিমাণও কমে এসেছে।
বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন চায়। এ বিষয়ে আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার চুক্তিতেও সম্মতি দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, রোহিঙ্গাদের নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনাও সংকুচিত হচ্ছে। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কমে যাওয়ায় সংকট আরও গভীর হয়েছে।
২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির বৈদেশিক সহায়তার বড় একটি অংশ স্থগিত করে অথবা কমিয়ে দেয়। এর প্রভাব পড়ে বাংলাদেশে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচিতেও।
এ ছাড়া বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য দেশও বিদেশি সহায়তার বরাদ্দ কমিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি গবেষণায় উঠে এসেছে, সহায়তা হ্রাসের কারণে শরণার্থীদের নিবন্ধন, আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও শিশু সুরক্ষার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং বাল্যবিয়ের ঝুঁকি বেড়েছে।
২০১৫ সালের ২৮ মার্চ বাংলাদেশের কক্সবাজার জেলায় বালুখালী শরণার্থী শিবিরের একটি বাজারে রোহিঙ্গা শরণার্থীদের দেখা যাচ্ছে। ছবি : আলজাজিরা
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জীবন
২০১৭ সালের সামরিক অভিযানের পর মিয়ানমারে থেকে যাওয়া প্রায় পাঁচ লাখ ২০ হাজার রোহিঙ্গার জীবন ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আরও কঠিন হয়ে পড়েছে।
রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বর্তমানে রাজ্যটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে। সংগঠনটির বিরুদ্ধে রোহিঙ্গাদের জমি দখল, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে মিয়ানমারের সেনাবাহিনী জোরপূর্বক রোহিঙ্গা পুরুষদের নিয়োগ করছে।
২০২৪ সালের আগস্টে মংডুতে সংঘাতের সময় সেখান থেকে পালিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে আসার চেষ্টা করেন অনেক রোহিঙ্গা। এ সময় ড্রোন ও কামানের গোলার আঘাতে কয়েকশ রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া যায়।
আঞ্চলিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ বিশ্লেষক সুমন বলেন, এই পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সব সম্ভাবনা নষ্ট করছে। রাখাইন রাজ্যের সব সম্প্রদায়ই তীব্র খাদ্যনিরাপত্তাহীনতা, সহায়তার অভাব, অর্থনৈতিক বিপর্যয় এবং অবিরাম সংঘাতের মুখে রয়েছে।
সমুদ্রপথে নিখোঁজ ও প্রাণহানি
নিজ দেশে ফেরার সম্ভাবনা না থাকা এবং শরণার্থী শিবিরে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা নৌকায় করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উদ্দেশে বিপজ্জনক সমুদ্রযাত্রা করছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে সমুদ্রপথে তিন হাজার ১৩৫ জন রোহিঙ্গা মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল ২০২৫ সাল। ওই বছর সমুদ্রে প্রাণ হারান ৯০০ জন।
২০২৪ সালের ২১ মার্চ ইন্দোনেশিয়ার পশ্চিম আচেহ উপকূলে উল্টে যাওয়া নৌকার ওপর দাঁড়িয়ে আছেন জাতিগত রোহিঙ্গা শরণার্থীরা। এ সময় উদ্ধারকারীরা তাদের উদ্ধারের জন্য দড়ি ছুড়ে দিচ্ছেন। ছবি : আলজাজিরা
গাম্বিয়ার অভিযোগ এবং মিয়ানমারের বক্তব্য কী?
পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার সঙ্গে মিয়ানমারের সহিংসতার সরাসরি কোনো যোগসূত্র নেই। তবে ৫৭ সদস্যবিশিষ্ট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সক্রিয় সদস্য হিসেবে সংস্থাটির পক্ষে মামলাটি করেছে দেশটি।
কিছু পর্যবেক্ষক গাম্বিয়ার এই উদ্যোগের সঙ্গে দেশটির নিজস্ব ইতিহাসেরও সম্পর্ক খুঁজে পান। রোহিঙ্গা সংকট যখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে, তখন গাম্বিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহর ২২ বছরের শাসনামলে সংঘটিত হত্যা ও অপহরণের ঘটনাগুলোর তদন্ত চলছিল। ২০১৭ সালে তার শাসনের অবসান ঘটে।
মামলায় গাম্বিয়ার অভিযোগের প্রধান বিষয়গুলো হলো—
সামরিক অভিযান ও সহিংসতা
গাম্বিয়ার অভিযোগ, উত্তর রাখাইনে পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা করেছে, শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে এবং পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন করে তোলার মতো পরিস্থিতি তৈরি করেছে।
এ ছাড়া রোহিঙ্গাদের মধ্যে সন্তান জন্মদানের সুযোগ বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে গাম্বিয়া। দেশটির দাবি, ব্যাপক যৌন সহিংসতাও এই সামরিক অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল।
অন্যদিকে, মিয়ানমার বলছে, সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল আরসার যোদ্ধা ও তাদের সমর্থকদের বিরুদ্ধে। গাম্বিয়া আরসার হামলার হুমকিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেছে দেশটি।
গণহত্যার উদ্দেশ্য ছিল কি না
মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন হচ্ছে, মিয়ানমার রোহিঙ্গাদের একটি জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল কি না। গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার জন্য এ ধরনের বিশেষ উদ্দেশ্য প্রমাণ করা অপরিহার্য।
গাম্বিয়ার বক্তব্য, সামরিক অভিযানের ভয়াবহতা, বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের নীরবতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর যথাযথ তদন্ত না করার বিষয়গুলো গণহত্যার উদ্দেশ্য নির্দেশ করে।
তবে মিয়ানমার বলছে, এ ধরনের উদ্দেশ্যের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। গাম্বিয়াও তাদের অভিযোগ প্রতিষ্ঠা করতে ‘ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছে দেশটি।
প্রতিকার ও ক্ষতিপূরণের দাবি
মিয়ানমারকে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে গাম্বিয়া। একই সঙ্গে রোহিঙ্গারা যেন নিরাপদে নিজেদের দেশে ফিরে যেতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করার দাবি রয়েছে।
এ ছাড়া রোহিঙ্গাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া, নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দেওয়ার অধিকার স্বীকার করা এবং যেসব সম্পত্তি ফেরত দেওয়া সম্ভব নয়, সেগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে দেশটি।
তবে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের হয়ে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার গাম্বিয়ার রয়েছে কি না, তা নিয়ে আপত্তি তুলেছে মিয়ানমার।
গণহত্যার দায় প্রমাণিত হলে কী পরিণতি হতে পারে?
আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। মিয়ানমার আইনগতভাবে আদালতের রায় মানতে বাধ্য। কিন্তু রায় বাস্তবায়নে অস্বীকৃতি জানালে দেশটিকে বাধ্য করার মতো নিজস্ব কোনো প্রয়োগকারী ব্যবস্থা আইসিজের হাতে নেই।
মিয়ানমার যদি আদালতের সিদ্ধান্ত অমান্য করে, তাহলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতে পারে।
তবে এখন পর্যন্ত আইসিজের রায় কার্যকর করতে নিরাপত্তা পরিষদ এই ক্ষমতা ব্যবহার করেনি। তাছাড়া পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ ভেটো প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ আটকে দিতে পারে। অতীতেও নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়া মিয়ানমারকে সুরক্ষা দিয়েছে।
এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদ এবং অন্যান্য দেশও রায় মেনে চলার জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করতে পারে।
তবে আদালত যে গণহত্যার অভিযোগ প্রমাণিত বলেই সিদ্ধান্ত দেবে, এমন নিশ্চয়তা নেই। ২০০৭ সালে বসনিয়া গণহত্যা মামলায় আইসিজে সিদ্ধান্ত দিয়েছিল, সার্বিয়া সরাসরি গণহত্যা সংঘটন করেনি। তবে স্রেব্রেনিৎসায় গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় দেশটির রয়েছে।
গণহত্যার অভিযোগে আইসিজের রায় কতটা বিরল?
কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী ঘোষণা করার নজির আন্তর্জাতিক বিচার আদালতে খুবই কম। এর অন্যতম কারণ, একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য আইনি প্রক্রিয়ায় প্রমাণ করা অত্যন্ত কঠিন।
২০০৭ সালে বসনিয়া গণহত্যা মামলায় আইসিজে রায় দিয়েছিল, বসনিয়ায় সরাসরি গণহত্যা সংঘটনের জন্য সার্বিয়া দায়ী নয়। তবে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় আট হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনা প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত।
মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় বিচারকরা গণহত্যা প্রমাণের এই কঠোর আইনি মানদণ্ড কীভাবে প্রয়োগ করেন, তা আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করবে।
বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ক্ষেত্রে এই রায়ের সম্ভাব্য প্রভাব নিয়েও আগ্রহ রয়েছে।
বর্তমানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে।
১. ইউক্রেন বনাম রাশিয়া : ২০২২ সালের ফেব্রুয়ারিতে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে বিচারাধীন রয়েছে।
২. দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল : গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ঘটনায় ২০২৩ সালের ডিসেম্বরে মামলাটি দায়ের করা হয়। এটি এখনো বিচারাধীন।
৩. নিকারাগুয়া বনাম জার্মানি : ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনের অভিযোগে ২০২৪ সালের মার্চে মামলাটি দায়ের করা হয়। মামলার এখতিয়ার নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বনাম রুয়ান্ডা : ২০২৬ সালের জুনে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে বিচারাধীন রয়েছে।