যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ছবি বিশ্বের তিন প্রভাবশালী সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে এতে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকটি ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্লেষকেরা একে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করলেও তাদের মতে, এবারের বৈঠকে তিন নেতার লক্ষ্য ও স্বার্থ এক নয়। ফলে বড় কোনো চুক্তি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম।
ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাসের ভাষায়, এটি ট্রাম্পের আত্মপ্রচারের সম্মেলন, পুতিনের কৌশল এবং চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মঞ্চ।
বৈঠকে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের লক্ষ্য কী?
ট্রাম্পের লক্ষ্য : রাজনৈতিক সাফল্য ও পারমাণবিক চুক্তি
বিশ্লেষকদের মতে, বৈঠক থেকে দৃশ্যমান কোনো সাফল্য নিয়ে দেশে ফিরতে সবচেয়ে বেশি আগ্রহী ট্রাম্প। ইরান যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে তিনি এমন একটি সমঝোতা চান, যা যুক্তরাষ্ট্রের জনগণের সামনে বড় অর্জন হিসেবে তুলে ধরতে পারবেন।
বৈঠকে চীন ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়েও আলোচনা করতে পারেন তিনি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিত করার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ট্রাম্প নতুন চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে চান। তবে চীন এ ধরনের চুক্তিতে যুক্ত হতে কতটা আগ্রহী, তা নিয়ে সংশয় রয়েছে।
এ ছাড়া চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্থিতিশীল রাখাও ট্রাম্পের অন্যতম লক্ষ্য।
পুতিনের লক্ষ্য : ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটানো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান লক্ষ্য ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথ তৈরি করা। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন তিনি।
বিশ্লেষকদের মতে, ইউক্রেনের দখল করা অঞ্চল ধরে রাখা, কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমানো এবং ন্যাটো সম্প্রসারণের বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায় করতে চাইতে পারে মস্কো।
এ ছাড়া ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো রাখার পাশাপাশি চীনের রাজনৈতিক সমর্থন ধরে রাখাও পুতিনের জন্য গুরুত্বপূর্ণ।
শি জিনপিংয়ের লক্ষ্য : চীনের প্রভাব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা
আয়োজক দেশ হিসেবে শি জিনপিংয়ের লক্ষ্য চীনের দীর্ঘমেয়াদি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক স্বার্থ নিশ্চিত করা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু না হওয়া, বিরল খনিজ রপ্তানিতে চীনের অবস্থান বজায় রাখা এবং প্রযুক্তি খাতে মার্কিন বিধিনিষেধ কমানো বেইজিংয়ের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
এ ছাড়া তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কমানো এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক প্রভাব বিস্তারে বাধা না দেওয়াও শি জিনপিংয়ের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে এখনো উত্তেজনা
গত বছর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ চরমে পৌঁছায়। একপর্যায়ে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ এবং মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক ১২৫ শতাংশে পৌঁছেছিল।
২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে সাময়িক সমঝোতার পর দুই দেশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। তবে বিরল খনিজ রপ্তানি ও প্রযুক্তি খাতে বিরোধ এখনো রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চীনের বিরল খনিজ রপ্তানি এখনো স্বাভাবিক মাত্রার তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম।
ইউক্রেন ও ইরান যুদ্ধের সমাধান কি আসবে?
বিশ্লেষকেরা মনে করছেন, শেনজেনের এই বৈঠক থেকে ইউক্রেন বা ইরান যুদ্ধের বড় কোনো সমাধান আসার সম্ভাবনা কম।
ইরানকে আলোচনায় নমনীয় হতে রাজি করাতে চীনের ব্যক্তিগত কূটনৈতিক ভূমিকা চায় যুক্তরাষ্ট্র। তবে এ ক্ষেত্রে চীন বড় ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানও কঠোর। মস্কো দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়ার দাবি থেকে সরে আসতে আগ্রহী নয়।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে কূটনৈতিক আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিই বেশি প্রভাব ফেলতে পারে।
বিশ্ব কী আশা করছে?
তিন নেতার বৈঠক থেকে বিশ্বের বিভিন্ন দেশ মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রত্যাশা করছে। নতুন করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ শুরু না হওয়া, ইউক্রেন যুদ্ধের উত্তেজনা কমা এবং বৈশ্বিক জ্বালানি ও প্রযুক্তি বাজারে স্থিতিশীলতা বজায় থাকাই তাদের প্রত্যাশা।
তবে বিশ্লেষকদের মতে, এই বৈঠককে বিশ্বব্যবস্থার নতুন ভাগ-বাঁটোয়ারার সূচনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং পরিবর্তনশীল বিশ্বরাজনীতিতে নিজেদের প্রভাব ও অবস্থান ধরে রাখতে তিন নেতা কী কৌশল নেন, সেটিই হবে বৈঠকের মূল বিষয়।
সময়ের আলো/ইউএমএইচ