প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীতচীনের শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠক শেষ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ৮০ মিনিটের এই বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, বৈশ্বিক নিরাপত্তা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৫টা ৫০ মিনিটে। বৈঠকের শুরুতে প্রায় ১৫ মিনিট গণমাধ্যমের সামনে বক্তব্য দেন তিন নেতা। এরপর তারা রুদ্ধদ্বার আলোচনায় অংশ নেন।
বৈঠকে শি জিনপিং বলেন, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইতিবাচক যোগাযোগ কোনো বিকল্প নয়, বরং অপরিহার্য। বিশ্বের প্রধান শক্তি হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশ তিনটির যৌথভাবে দৃষ্টান্ত স্থাপন করা উচিত।
অন্যদিকে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রের মজুত কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসের বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন অনন্য অবস্থানে রয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের কাছে ৫ হাজার ৪২টি এবং রাশিয়ার কাছে ৫ হাজার ৪২০টি ওয়ারহেড ছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম হওয়ায় নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান বারবার প্রত্যাখ্যান করে আসছে বেইজিং।
বৈঠকে পুতিন বলেন, গঠনমূলক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা জোরদারে তিন দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক সংঘাত নিরসনেও দেশগুলোর অভিন্ন স্বার্থ রয়েছে।
এদিকে চীনের আয়োজনে বুধবার থেকে শেনজেনে শুরু হয়েছে দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। এতে ২১টি সদস্য অর্থনীতির দেশের নেতা ও প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সময়ের আলো/জেডি