রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ৯-৬ ভোটে এ

2026-11-19T17:44:07+00:00
2026-11-19T17:48:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আইসিজের রায়
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৫:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ৯-৬ ভোটে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারকরা। অর্থাৎ, ৯ জন বিচারক মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে মত দেন, আর ৬ জন এর বিপক্ষে অবস্থান নেন। গাম্বিয়ার করা মামলায় এ রায় দিলেন আদালত।

রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। আদালতের বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংসের উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছে।

ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন বিচারক ইওয়াসাওয়া। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি এখনই নির্ধারণ করেনি আদালত। পরবর্তী পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিচারক বলেন, ক্ষতিপূরণের পরিমাণ অবশ্যই ক্ষতির মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ছাড়া রায় ঘোষণার দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

মামলার বাদী গাম্বিয়া আদালতে যুক্তি দিয়েছিল, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রত্যেক ভুক্তভোগীকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।

গণহত্যার অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ মিয়ানমার

গণহত্যা সনদের আওতায় অপরাধ সংঘটনকারীদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। সামরিক কমান্ডারদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বিচারক ইউজি ইওয়াসাওয়া।


তিনি বলেন, গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি, গণহত্যার চেষ্টা এবং গণহত্যায় সহযোগিতার মতো অপরাধের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মিয়ানমার। গণহত্যা সনদের ১, ৩, ৪ ও ৬ নম্বর অনুচ্ছেদের বাধ্যবাধকতা পালনে দেশটি ব্যর্থ হয়েছে।

তথ্য-প্রমাণ ধ্বংসের অভিযোগ

রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালের সামরিক অভিযানের পর গণহত্যার আলামত ধ্বংসের ঘটনাও তুলে ধরেন বিচারক। তার বক্তব্য অনুযায়ী, অনেক মরদেহ পুড়িয়ে ফেলা বা সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযানের পর সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও স্থান পুড়িয়ে দেওয়া কিংবা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

বিচারক ইওয়াসাওয়া বলেন, এসব কর্মকাণ্ড কেবল অপরাধীদের শাস্তি না দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেরও ইঙ্গিত দেয়।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোহিঙ্গা  গণহত্যা  মিয়ানমার  আইসিজের রায়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: