ট্রাম্প-পুতিন-শি বৈঠকে যৌথ শান্তি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক করেছেন। বৃহস্পতিবার চীনের

2026-11-19T21:26:26+00:00
2026-11-19T21:27:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প-পুতিন-শি বৈঠকে যৌথ শান্তি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৯:২৭ পিএম
ট্রাম্প-পুতিন-শি বৈঠকে যৌথ শান্তি ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক করেছেন। বৃহস্পতিবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সাইডলাইনে কাইলিন ভিলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৮০ মিনিটের আলোচনা শেষে তিন দেশ যৌথ ‘শান্তি ঘোষণা’ দিয়েছে।

ঘোষণায় পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলা হয়েছে, এ ধরনের যুদ্ধে কোনো পক্ষের জয়ী হওয়ার সুযোগ নেই এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়। পারমাণবিক ঝুঁকি হ্রাস, অস্ত্রের বিস্তার রোধ, জাতিসংঘের সংস্কার এবং জ্বালানি সরবরাহ বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও একমত হয়েছেন তিন নেতা। আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের এখতিয়ার যাতে অপব্যবহার না হয়, সে বিষয়েও তাদের মধ্যে ঐকমত্য হয়েছে।

এটি ছিল তিন নেতার প্রথম সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা। এর আগে তারা একাধিকবার দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হলেও একসঙ্গে আলোচনায় বসেননি। ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করেন। পরে শি জিনপিংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় আলোচনা করেন তিনি।

বৈঠকের শুরুতে শি জিনপিং বলেন, বড় শক্তিগুলোর মধ্যে ইতিবাচক যোগাযোগ কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং অপরিহার্য। পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধের অবসানে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। আলোচনায় খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পাবে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, বিশ্বের তিন বৃহৎ দেশের নেতাদের মধ্যে ফলপ্রসূ সংলাপ বজায় রাখার বিশেষ দায়িত্ব রয়েছে। অতীতে মতবিরোধ থাকা দেশগুলোর নেতারা প্রায়ই আলোচনা এড়িয়ে চলতেন উল্লেখ করে তিনি বলেন, তারা সেই পথের বিপরীতে এগোতে চান।

তিন দেশের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনার জন্য তারা বিশেষ অবস্থানে রয়েছেন। পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে একসঙ্গে কাজ করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে ইরানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ইউক্রেন যুদ্ধ নিয়েও পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেন, পুতিনসহ সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধের অবসান চাইবে।


বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পুতিন। তিনি আলোচনাটিকে কূটনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কিয়েভ ও ইউরোপ এখনো সমঝোতায় আসতে প্রস্তুত নয় বলে অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট।

বৈঠকটিকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করার প্রসঙ্গেও কথা বলেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের অংশগ্রহণে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পুতিন বলেন, সেখানে কেউ বিশ্বকে ভাগ করে নেয়নি; বরং যুদ্ধ-পরবর্তী বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বর্তমান সংঘাতের ক্ষেত্রেও মাঠপর্যায়ের বাস্তবতা মেনে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

খবরে বলা হয়েছে, ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব প্রথম দিয়েছিলেন পুতিন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর পশ্চিমা দেশগুলোর অনেক নেতা পুতিনকে আন্তর্জাতিকভাবে একঘরে করার চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে এপেক সম্মেলনের মতো আন্তর্জাতিক আয়োজনে তার অংশগ্রহণকে রুশ সংবাদমাধ্যমগুলো কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বৈঠক  ট্রাম্প  পুতিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: