ইরানে বড় হামলার ছক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথভাবে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানে

2026-11-19T22:41:10+00:00
2026-11-19T22:41:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ওয়াশিংটনে মোসাদপ্রধান
ইরানে বড় হামলার ছক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম 
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথভাবে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানে টানা চার থেকে সাত দিন ধরে ইরানে ব্যাপক বোমা হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সর্বাত্মক যুদ্ধ শুরুর প্রয়োজনীয়তা বোঝাতে হোয়াইট হাউসের ওপর চাপ বাড়ানোর পর ট্রাম্প এ বিষয়টি বিবেচনা করছেন। বিষয়টি নিয়ে নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস প্রতিবেদন প্রকাশ করেছে।

অথচ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বেশ জোরালোভাবেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না। ইরান যুদ্ধকে তিনি কার্যত শেষ বলে বর্ণনা করেছিলেন। এমনকি একে ‘বিশাল বিজয়’ বলেও দাবি করেছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসলামি প্রজাতন্ত্রটির সঙ্গে আলোচনাও বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এর পেছনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে সৃষ্ট অসন্তোষকে এ পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের অগ্রগতি নিয়ে নতুন গোয়েন্দা তথ্য পাওয়ার পর ট্রাম্প আবারও বড় ধরনের বোমা হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস।

ওয়াশিংটনে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানের সফরের পর এ তৎপরতা শুরু হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত গফম্যান নতুন করে সামরিক অভিযান শুরুর পক্ষে জোরালোভাবে তদবির করেছেন বলে জানা গেছে। এ ছাড়া ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতি ঘটাচ্ছে বলেও হোয়াইট হাউসকে সতর্ক করেছে ইসরাইল।

মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি রয়েছে। এ অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী এবং একটি উভচর হামলাকারী যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় সম্প্রতি অঞ্চলটি থেকে অপ্রয়োজনীয় কিছু মার্কিন কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলের জন্য আরও একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।


বুধবার ইসরাইলের বিরোধী দলের নেতা নাফতালি বেনেট নেতানিয়াহুর সঙ্গে কয়েক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকের আগে বিরোধী জোটের সহকর্মীদের না জানানোর ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, তিনি হয়তো নেতানিয়াহুর সঙ্গে জোটে যোগ দিতে পারেন। ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে আলোচনার আনুষ্ঠানিক বিষয় ছিল ইরানের হুমকি।

এদিকে বিতর্কিত হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তবে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে যোগ দিলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মুখে পড়তে পারে ইসরাইল। এপ্রিলের পর থেকে ইসরাইল অবশ্য কোনো বিমান হামলায় অংশ নেয়নি।

সম্ভাব্য মার্কিন হামলার প্রধান লক্ষ্য হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডার। এর পাশাপাশি জ্বালানি স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলা চালানো হতে পারে। নেতানিয়াহু এখনও বিশ্বাস করেন, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করা সম্ভব। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ইরান  হামলার ছক  ওয়াশিংটন  মোসাদপ্রধান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: