রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)

2026-11-20T10:03:55+00:00
2026-11-20T10:04:10+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:০৩ এএম  আপডেট: ২০.১১.২০২৬ ১০:০৪ এএম
বাংলাদেশের কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়। ছবি : এএফপি
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত এ সিদ্ধান্ত জানান। আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করা হলো।

এ রায়ের পর বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং রোহিঙ্গা নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা রায়কে স্বাগত জানানোর পাশাপাশি মিয়ানমারকে আদালতের নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা মামলাটি ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

আদালত জানিয়েছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও শর্ত পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের প্রতিক্রিয়া

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) অবশিষ্ট অংশের নেতাদের নিয়ে গঠিত ছায়া জাতীয় ঐক্য সরকার আইসিজের রায়কে সম্মান জানানোর কথা জানিয়েছে।

তারা বলেছে, আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একই সঙ্গে অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সরকারটি।

বাংলাদেশের কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বড় পর্দায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দেখছেন শরণার্থীরা। ছবি : এএফপি

বাংলাদেশের কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বড় পর্দায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দেখছেন শরণার্থীরা। ছবি : এএফপি


যুক্তরাষ্ট্র

আইসিজের রায় পর্যালোচনা করে এর প্রভাব ও তাৎপর্য নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র। আলজাজিরাকে দেওয়া এক বক্তব্যে দেশটির এক কর্মকর্তা জানান, গণহত্যা সনদের যথাযথ ব্যাখ্যা এবং আন্তর্জাতিক বিচার আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওই কর্মকর্তা আরও বলেন, মিয়ানমারের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। রোহিঙ্গা মুসলিমসহ দেশটির অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়ও যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করছে।

গাম্বিয়া

মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়েরকারী দেশ গাম্বিয়া আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। দেশটির সরকার এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছে।

গাম্বিয়া বলেছে, ১৯৪৮ সালের গণহত্যা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রেরই গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। একই সঙ্গে মিয়ানমারকে কোনো বিলম্ব ছাড়াই আদালতের রায় সম্পূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি। 

বাংলাদেশ

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমারকে দ্রুত আদালতের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ঢাকা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমার আইনগতভাবে বাধ্য। 

বাংলাদেশ মনে করে, এই রায় রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হিসেবে প্রত্যাবাসনের অবস্থানও পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

জাতিসংঘ ও ওআইসির প্রতিক্রিয়া

আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি করেছে এবং অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রায়টিকে আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যে এ ধরনের ভয়াবহ অপরাধের দায় কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

গুতেরেস আরও উল্লেখ করেন, কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করার ক্ষেত্রে এটিই আন্তর্জাতিক বিচার আদালতের প্রথম রায়। তিনি মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, আইসিজের এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সংস্থাটি মনে করে, রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা দীর্ঘমেয়াদি সমাধানের জন্য জরুরি। 

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে এক লাখের বেশি মানুষ এখনো অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধানের প্রতিক্রিয়া

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আইসিজের রায়ে স্পষ্ট হয়েছে যে মানবজাতির বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটির জন্য মিয়ানমার দায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুর্ভোগ সমগ্র মানবতার জন্য একটি কলঙ্ক।

যুক্তরাজ্যের কঠোর অবস্থান

আইসিজের রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।

এ ছাড়া রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন তিনি। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে বলেও জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।

দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। ছবি : আলজাজিরা

দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। ছবি : আলজাজিরা


রোহিঙ্গা নেতাদের প্রতিক্রিয়া

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি রায় ঘোষণার দিনটিকে রোহিঙ্গাদের জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, ন্যায়বিচারের সিদ্ধান্ত এসেছে, তবে তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের সহসভাপতি ও রোহিঙ্গা অধিকারকর্মী নাই সান লুইন বলেছেন, রোহিঙ্গাদের প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, নিজস্ব পরিচয়ের স্বীকৃতি দিতে হবে এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরার সুযোগ তৈরি করতে হবে।

তিনি জানান, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।

২১৯টি সংগঠনের যৌথ বিবৃতি

মিয়ানমারের ২১৯টি রোহিঙ্গা ও অন্যান্য নাগরিক সমাজের সংগঠন আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আদালতের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

জাস্টিস ফর মিয়ানমারে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদান, নাগরিকত্ব পুনর্বহাল এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছে।

এ ছাড়া মিয়ানমারের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অপরাধের দায়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। এ ক্ষেত্রে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নামও উল্লেখ করা হয়েছে।

উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও অধিকারকর্মী ওয়াই ওয়াই নু বলেছেন, এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের পরিচয় মুছে ফেলা, তাদের অস্তিত্ব অস্বীকার এবং দীর্ঘদিনের দুর্ভোগ আড়াল করার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েক দশকের প্রচেষ্টা বড় ধাক্কা খেয়েছে।

তিনি বলেন, মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী ঘোষণা, একই অপরাধের পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশের মধ্য দিয়ে বিশ্বের সর্বোচ্চ আদালত রাষ্ট্রীয়ভাবে প্রচারিত মিথ্যাকে ভেঙে দিয়েছে।

বাংলাদেশের কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় সরাসরি সম্প্রচারের সময় উপস্থিত মানুষের কাছে তা অনুবাদ করে শোনানো হচ্ছে। এ সময় রোহিঙ্গা শিশুদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা মামলায় এ রায় দেওয়া হয়। ছবি : রয়টার্স

বাংলাদেশের কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় সরাসরি সম্প্রচারের সময় উপস্থিত মানুষের কাছে তা অনুবাদ করে শোনানো হচ্ছে। এ সময় রোহিঙ্গা শিশুদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা মামলায় এ রায় দেওয়া হয়। ছবি : রয়টার্স


মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার আনুষ্ঠানিক ও কর্তৃত্বপূর্ণ স্বীকৃতি এটি। একই সঙ্গে ভুক্তভোগী, নির্যাতিত ব্যক্তি এবং তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচারের একটি বিরল মুহূর্ত।

অন্যদিকে, হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের যে স্বীকৃতি তাঁরা অপেক্ষা করছিলেন, এই রায় তারই প্রতিফলন।

রোহিঙ্গাদের জন্য এই রায়কে একটি গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে তাঁদের নাগরিকত্ব পুনর্বহাল, নিরাপদ প্রত্যাবাসন এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার মতো বিষয়গুলো বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

সূত্র : আলজাজিরা 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   রোহিঙ্গা  গণহত্যা  মামলা  মিয়ানমার  আইসিজে 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: