স্বর্ণ ব্যবসা, দাতব্য সংস্থা ও নগদ অর্থ পাচারের অভিযোগে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশেষজ্ঞদের মতে, চার দশকে গড়ে ওঠা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা কঠিন।
হিজবুল্লাহর অর্থের জোগান বন্ধ করতে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। সংগঠনটির অর্থায়নে সহযোগিতার অভিযোগে লেবাননের তিন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। স্বর্ণের ব্যবসা, দাতব্য কার্যক্রম এবং সীমান্ত পেরিয়ে নগদ অর্থ স্থানান্তরের মাধ্যমে হিজবুল্লাহর কাছে অর্থ পৌঁছানোর অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থ দফতর এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এর আওতায় রয়েছে দক্ষিণ লেবাননের দাতব্য সংস্থা ওয়াতা'আওয়ানু অ্যাসোসিয়েশন ও এর প্রতিষ্ঠাতা আফিফ আবদেল রিদা চৌমান। এ ছাড়া লেবাননের দুই ভাই হাসান ও ইব্রাহিম খেচেন এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট গোল্ড গ্লোবাল কোম্পানি ও সানকারি গোল্ডও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
মার্কিন অর্থ দফতরের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বর্ণ ও নগদ অর্থের লেনদেনের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে হিজবুল্লাহর জন্য অর্থ সংগ্রহ ও স্থানান্তরে ভূমিকা রেখেছে। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং এর কুদস ফোর্সের অর্থও সংগঠনটির কাছে পৌঁছেছে বলে দাবি ওয়াশিংটনের।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, হিজবুল্লাহর মতো সশস্ত্র সংগঠনের মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ইরানের প্রচেষ্টা সহ্য করা হবে না। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার এবং তার সহযোগী সংগঠনগুলোকে অর্থায়নের পথ বন্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।
তবে নতুন নিষেধাজ্ঞায় হিজবুল্লাহর অর্থনৈতিক নেটওয়ার্ক কতটা ক্ষতিগ্রস্ত হবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে কয়েক দশকে গড়ে ওঠা সংগঠনটির বিকল্প অর্থনৈতিক কাঠামো এখনো অনেকাংশে কার্যকর।
আর্থিক বিশেষজ্ঞ আমির আল-মেকদাদের মতে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হিজবুল্লাহর অর্থায়ন কমেছে। তবে চার দশকে গড়ে ওঠা সংগঠনটির বহুমুখী অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে যায়নি। সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত।
স্বর্ণ ও নগদ অর্থে অর্থ স্থানান্তর
হিজবুল্লাহর অর্থায়নে স্বর্ণের ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। স্বর্ণ সহজে এক দেশ থেকে অন্য দেশে নেওয়া যায় এবং বিভিন্ন বাজারে বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা সম্ভব। ফলে ব্যাংকিং ব্যবস্থার বাইরে সম্পদ স্থানান্তরের ক্ষেত্রে এটি ব্যবহৃত হতে পারে।
মার্কিন অর্থ দফতরের দাবি, হাসান খেচেন পরিচালিত গোল্ড গ্লোবালের সঙ্গে সমন্বয় করে সানকারি গোল্ড স্বর্ণের বার ও নগদ অর্থ পরিবহনে সহায়তা করেছে। অন্যদিকে নগদ অর্থ স্থানান্তরের নেটওয়ার্ক পরিচালনায় ইব্রাহিম খেচেনের সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বৈরুত বিমানবন্দরে এক ব্যক্তির হাতব্যাগ থেকে ২৫ লাখ ডলার উদ্ধারের ঘটনাকে এ নেটওয়ার্কের কার্যক্রমের প্রমাণ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন অর্থ দপ্তর অভিযোগ করেছিল, হিজবুল্লাহর আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের কয়েকজন কর্মকর্তা অর্থ সংগ্রহের জন্য স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
ব্যাংকের বাইরে নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা
দীর্ঘদিন ধরে লেবাননের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি নিজস্ব অর্থনৈতিক নেটওয়ার্ক পরিচালনা করছে হিজবুল্লাহ। সংগঠনটির অর্থ স্থানান্তরের কাজে ব্যবহৃত কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোযোগ দেয় তারা।
বিশেষজ্ঞ আল-মেকদাদ বলেন, ২০১৯ সালের লেবাননের অর্থনৈতিক সংকট হিজবুল্লাহর বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাকে কিছুটা সুবিধা দিয়েছে। ওই সংকটের পর দেশটিতে নগদ অর্থনির্ভর লেনদেন বেড়ে যায়। এতে অনানুষ্ঠানিকভাবে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হয়।
তার ভাষ্য, লেবাননের বাইরে থেকে কোনো পক্ষ হিজবুল্লাহর জন্য অর্থ পাঠাতে চাইলে বিদেশি ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতার মাধ্যমে অর্থ পরিশোধ করা হতে পারে। এ ক্ষেত্রে লেবাননের কোনো প্রতিষ্ঠান স্থানীয়ভাবে অর্থ পরিশোধ করে এবং বিদেশে অন্যভাবে হিসাব সমন্বয় করা হয়।
এ ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের আড়ালেও অর্থের মূল্য স্থানান্তর করা হয় বলে দাবি করেন তিনি। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে এ ধরনের কার্যক্রমের আড়াল হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।
বছরে ১৩০ কোটি ডলার পর্যন্ত বাজেট
আল-মেকদাদের হিসাব অনুযায়ী, হিজবুল্লাহর বার্ষিক বাজেট ১০০ কোটি থেকে ১৩০ কোটি ডলারের মধ্যে। এর প্রায় ৬২ শতাংশ আসে ইরানের সহায়তা থেকে।
বাকি অর্থের মধ্যে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা থেকে ২২ শতাংশ, সামাজিক প্রতিষ্ঠান থেকে ৯ শতাংশ, প্রবাসীদের কাছ থেকে ৪ শতাংশ এবং স্থানীয় অনুদান থেকে ৩ শতাংশ আসে বলে তার হিসাব।
বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার আওতায় চোরাচালান, নিষিদ্ধ পণ্যের ব্যবসা, অর্থপাচার, অনানুষ্ঠানিক বাণিজ্য, বিদেশে বিভিন্ন নেটওয়ার্ক, আল-কারদ আল-হাসান এবং জিহাদ আল-বিনার মতো প্রতিষ্ঠানের কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।
দাতব্য সংস্থার বিরুদ্ধেও অভিযোগ
নতুন নিষেধাজ্ঞায় দাতব্য সংস্থাকেও লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ওয়াতা'আওয়ানু অ্যাসোসিয়েশন মানবিক কার্যক্রমের পরিচয় ব্যবহার করে বিদেশি দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত এবং সেই অর্থ হিজবুল্লাহর কর্মকাণ্ডে ব্যবহারের ব্যবস্থা করত।
এর আগে জার্মানিতেও হিজবুল্লাহ-সংশ্লিষ্ট দাতব্য কার্যক্রম নিয়ে অভিযোগ উঠেছিল। লেবানন অরফানস প্রজেক্ট নামের একটি সংস্থা স্থানীয় ব্যাংকের মাধ্যমে অনুদান সংগ্রহ করে তা মানবিক সহায়তা হিসেবে উপস্থাপন করত। এসব অর্থের একটি অংশ ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লেবানিজদের পরিবারের সহায়তায় ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। ২০১৪ সালে জার্মান কর্তৃপক্ষ সংস্থাটিকে নিষিদ্ধ করে। পরে এটি ‘কালারস ফর অরফানস’ নামে পরিচিতি পায়।
বেতন পরিশোধে এখনো বড় ধরনের বিঘ্ন নেই
আর্থিক চাপ বাড়লেও হিজবুল্লাহর বেতন ও সামাজিক সহায়তা কার্যক্রম এখনো সচল রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।
রাজনৈতিক লেখক আলি আল-আমিনের মতে, লেবাননে অর্থ স্থানান্তরের ওপর নজরদারি বাড়ায় বড় অঙ্কের অর্থ নিয়মিত আনা কঠিন হয়ে পড়েছে। তারপরও সংগঠনটির বেতনভোগীরা প্রতি মাসে নির্ধারিত সময়ে অর্থ পাচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর যোদ্ধারা মাসে ৫০০ থেকে ৭০০ ডলার পর্যন্ত নগদ বেতন পান। দেশটির ন্যূনতম মজুরি ৩১২ ডলারের তুলনায় এ পরিমাণ বেশি। যোদ্ধাদের পাশাপাশি আহত সদস্য, নিহতদের পরিবার, কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যয়ও বহন করতে হয় হিজবুল্লাহকে।
তবে সংগঠনটির আর্থিক সক্ষমতায় চাপের কিছু লক্ষণ দেখা গেছে। গত মে মাসে সমর্থকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুত অর্থ পরিশোধ বন্ধ রাখে তারা।
হিজবুল্লাহর প্রধান মুখপাত্র ইউসুফ আল-জেইন নিউইয়র্ক টাইমসকে বলেন, যুদ্ধের ব্যাপক ব্যয় এবং মানুষের বাস্তুচ্যুতির কারণে সংগঠনটির ওপর উল্লেখযোগ্য আর্থিক চাপ তৈরি হয়েছে। বর্তমানে অগ্রাধিকার বিবেচনায় সম্পদ ব্যবস্থাপনা করা হচ্ছে। তবে এই চাপ কাটিয়ে ওঠার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের সহায়তা কমলে বাড়বে সংকট
হিজবুল্লাহর অর্থায়নের ওপর চাপ শুধু লেবাননেই সীমাবদ্ধ নয়। গত মার্চে সংযুক্ত আরব আমিরাত জানায়, দেশটিতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত হিজবুল্লাহ ও ইরান-সংশ্লিষ্ট একটি অর্থপাচার নেটওয়ার্ক তারা ভেঙে দিয়েছে। তবে আমিরাতে নিজেদের কোনো উপস্থিতি থাকার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ।
বিশেষজ্ঞদের মতে, একের পর এক নিষেধাজ্ঞা সংগঠনটিকে অর্থ সংগ্রহের বিকল্প পথ খুঁজতে বাধ্য করছে। এর মধ্যে ইরানের নিজস্ব অর্থনৈতিক সংকটও হিজবুল্লাহর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
আল-মেকদাদের মতে, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ইরানের কাছ থেকে হিজবুল্লাহ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই সহায়তা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে লেবানন ও বিদেশে হিজবুল্লাহর প্রতি সমর্থনশীল জনগোষ্ঠী থাকায় বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহের সুযোগ পুরোপুরি বন্ধ হবে না বলে মনে করেন তিনি।
তার মতে, অর্থায়নের কোনো একটি উৎস বন্ধ করা সম্ভব হলেও সব উৎস পুরোপুরি নির্মূল করা কঠিন। একটি পথ বন্ধ হলে সংগঠনটি বিকল্প পথ খুঁজে নেওয়ার চেষ্টা করবে।
সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা হিজবুল্লাহর অর্থনৈতিক নেটওয়ার্কের ওপর চাপ বাড়ালেও সংগঠনটির দীর্ঘদিনের বিকল্প অর্থায়ন ব্যবস্থা কতটা দুর্বল হবে, তা এখনো অনিশ্চিত। বিশেষ করে ইরানের আর্থিক সহায়তা কমে গেলে সামরিক ও সামাজিক কার্যক্রমের ব্যয় কীভাবে মেটাবে, সেটিই এখন বড় প্রশ্ন।
সময়ের আলো/ইউএমএইচ