‘ঐতিহাসিক’ ট্রাম্প-সি-পুতিন বৈঠক : আলোচনায় উঠে এল ৫ গুরুত্বপূর্ণ বিষয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পারমাণবিক ঝুঁকি কমানো, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন প্রেসিডেন্ট।চীনের

2026-11-20T11:36:53+00:00
2026-11-20T11:36:53+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ঐতিহাসিক’ ট্রাম্প-সি-পুতিন বৈঠক : আলোচনায় উঠে এল ৫ গুরুত্বপূর্ণ বিষয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সিএনএন
পারমাণবিক ঝুঁকি কমানো, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন প্রেসিডেন্ট।

চীনের শেনজেনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের এক নজিরবিহীন ত্রিপক্ষীয় সম্মেলন। বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন তিন দেশের নেতারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো থেকে শুরু করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠক চলে এক ঘণ্টারও বেশি সময়। বৈঠক শেষে তিন নেতা যৌথভাবে একটি ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেন।

সম্মেলনের উল্লেখযোগ্য পাঁচটি দিক তুলে ধরা হলো—

১. নজিরবিহীন বৈঠক ও ‘শান্তি ঘোষণা’

সম্মেলনের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বের তিন বৃহৎ শক্তির নেতারা একসঙ্গে বসেছেন। পারমাণবিক অস্ত্রের মজুতের দিক থেকেও দেশ তিনটি শীর্ষ অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘আমরা ইতিহাস তৈরি করছি।’

ট্রাম্পের মতে, অতীতে অনেক নেতা মতপার্থক্যের কারণে একে অপরের সঙ্গে আলোচনায় বসতে অনীহা দেখিয়েছেন। কিন্তু আলোচনার সুযোগ এড়িয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

অন্যদিকে শি জিনপিং দেশগুলোর মধ্যে শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। পুতিনও বলেন, তিন দেশের গঠনমূলক সহযোগিতা বৈশ্বিক স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখতে পারে।

বৈঠক শেষে তিন নেতা যৌথ ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেন।

২. জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার অঙ্গীকার

যৌথ ঘোষণায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার গুরুত্ব তুলে ধরেছেন তিন নেতা।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।

এর পাশাপাশি রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলাও বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও জটিল করেছে।

তবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার অঙ্গীকার বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন দেশের অবস্থান ও স্বার্থে রয়েছে ভিন্নতা।

৩. পারমাণবিক ঝুঁকি কমাতে আলোচনা

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ।

বৈঠকের আগে শি জিনপিং বলেন, পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করতে হবে। পারমাণবিক যুদ্ধ কখনো জয় করা সম্ভব নয়, তাই এ ধরনের যুদ্ধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

বৈঠক শেষে যৌথ ঘোষণায় পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আলোচনার প্রতিশ্রুতি দেন তিন নেতা।

ট্রাম্পও বলেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডারের অধিকারী হওয়ায় পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে এই তিন দেশের বিশেষ ভূমিকা রয়েছে।

এ ছাড়া ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।


৪. নতুন বৈশ্বিক শক্তিজোট ‘জি-৩’ গঠনের ইঙ্গিত?

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার এই ত্রিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্বের বড় বড় সংঘাত ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিন দেশের নেতারা নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অবস্থানে তুলে ধরেছেন।

এদিকে সম্মেলনের সময় ইউরোপের বিভিন্ন দেশের নেতারা বার্লিনে ইউক্রেনকে সহযোগিতা নিয়ে বৈঠক করছিলেন। ফলে ট্রাম্প, শি ও পুতিনের এই বৈঠক ইউরোপীয় দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। সেখানে শি জিনপিংয়ের পাশাপাশি পুতিনকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

সব মিলিয়ে তিন দেশের এই সহযোগিতা ভবিষ্যতে ‘জি-৩’ নামে নতুন কোনো বৈশ্বিক শক্তিবলয় তৈরি করবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

৫. আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনায় একমত তিন নেতা

সম্মেলনের যৌথ ‘শান্তি ঘোষণা’য় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন ট্রাম্প, শি ও পুতিন।

তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠান নিজেদের ক্ষমতার অপব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।

তিন দেশেরই আইসিসির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।

যুক্তরাষ্ট্র : আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্ত এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ আরও তীব্র হয়েছে।

রাশিয়া : ইউক্রেন যুদ্ধসংক্রান্ত অভিযোগে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসির কঠোর সমালোচক হয়ে উঠেছে মস্কো।

চীন : আইসিসির কার্যক্রম নিয়ে আগে থেকেই আপত্তি ছিল বেইজিংয়ের। বিভিন্ন দেশের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং জিনজিয়াংয়ে উইঘুর জনগোষ্ঠীর ওপর নির্যাতনের অভিযোগের বিষয়টিও চীনের সমালোচনার কারণ হয়েছে। তবে উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগ চীন বরাবরই অস্বীকার করে আসছে।

সব মিলিয়ে, শেনজেনের এই সম্মেলন বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি করেছে। তবে তিন পরাশক্তির নেতাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র : আলজাজিরা 

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ট্রাম্প-সি-পুতিন  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: