ছবি : সংগৃহীতরোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে—জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার। শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জান্তা সরকারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো অভিযানের ভয়াবহতা তুলে ধরে। আদালতের প্রেসিডেন্ট জানান, ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালানো হয়েছিল।
আইসিজের রায় নিয়ে প্রশ্ন করা হলে খাইং খাইং সোয়ে বলেন, ১৫ বিচারকের সবাই এ সিদ্ধান্তের পক্ষে ছিলেন না। ৯-৬ ভোটে রায় হওয়ায় একে সর্বসম্মত সিদ্ধান্ত বলা যায় না। তার মতে, রায়টি ন্যায্য হয়নি।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলায় ১২ জন নিহত হওয়ার পর বিদ্রোহীদের সামরিক তৎপরতা দমনে অভিযান চালানো হয়েছিল।
তবে আইসিজে মিয়ানমারের এই যুক্তি গ্রহণ করেনি। আদালতের রায়ে বলা হয়েছে, অভিযানের সময় বেসামরিক নাগরিক ও কথিত রোহিঙ্গা যোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়েছিল—এমন প্রমাণ আদালতের সামনে নেই।
আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে বিচারকেরা সিদ্ধান্তে পৌঁছালেন। আদালত জানায়, ২০১৭ সালের অভিযানের সময় কয়েক লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। রোহিঙ্গা গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করে সেখানে অ-রোহিঙ্গাদের বসতি গড়ে তোলা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, এসব ঘটনার একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো—রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল। গণহত্যা প্রমাণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত।
রায় বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
আদালত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
আইসিজের রায় বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্বভাবে রায় কার্যকরের ক্ষমতা না থাকায় মিয়ানমারের শাসকেরা নির্দেশনা মেনে চলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এই রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে পারে। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন তিনি। পরে ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন।
চলতি বছর ব্যাপক বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের পর মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তিনি কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছেন।
আইসিজের রায়ের পর মিয়ানমারের দীর্ঘদিনের মিত্র চীন বিচারিক ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছে। আদালতের ১৫ বিচারকের একজন চীনের প্রতিনিধি ছিলেন। তিনি একটি বিষয় ছাড়া বাকি সব ক্ষেত্রে মিয়ানমারের পক্ষে ভোট দেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ২০২২ সালে ওয়াশিংটনও রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়টি নির্ধারণ করেছিল। তবে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় যুক্তরাষ্ট্র সম্প্রতি ভিন্ন অবস্থান নিয়েছে।
সময়ের আলো/জেডি