পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক (বামে)। ছবি : সংগৃহীত২০২৫ সালের মে মাসে চার দিনের সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো ভারতে গেলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক নয়াদিল্লিতে পৌঁছেছেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভায় যোগ দিতে তার এই সফর হলেও দুই দেশের সম্পর্কের বরফ গলার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তিন দিনব্যাপী এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিকের।
তবে এই সফরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি। দুই দেশই সফরটিকে এসসিওর বহুপক্ষীয় কার্যক্রমের অংশ হিসেবে দেখছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নিতে সক্রিয় এসসিও সদস্য হিসেবে দেশটির অংশগ্রহণের প্রতিফলন এই সফর।
২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির গোয়া সফরের পর এটিই পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুসাদ্দিক মালিক সভায় বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপের গুরুত্ব নিয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরবেন। পাশাপাশি সম্মেলনের ফাঁকে এসসিওর সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
কেন মালিককে পাঠাল পাকিস্তান
ভারতীয় সংবাদমাধ্যমগুলো কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে দুই দেশের কোনো সরকারই বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান কেন মালিককে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, সে বিষয়েও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইসলামাবাদ।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব ও ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের সভাপতি জওহর সেলিম বলেন, কোনো আন্তর্জাতিক ফোরামে কাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হবে, তা নির্ধারণের অধিকার আমন্ত্রণ পাওয়া দেশের। সভ্যতা শুধু ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের সঙ্গে ভূমি, নদী ও পারস্পরিক সম্পর্কও এর অংশ।
পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী খুররম দাস্তগির খানের মতে, ভারত নির্ধারিত কাঠামোর বাইরে গিয়ে নিজেদের পছন্দের প্রতিনিধি পাঠানোর মাধ্যমে পাকিস্তান এসসিওর সদস্য হিসেবে অংশগ্রহণের অবস্থান ধরে রাখতে চেয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের সম্মেলনের আয়োজক হিসেবে নিজেদের গঠনমূলক ভূমিকা তুলে ধরাও ইসলামাবাদের লক্ষ্য।
ভারতের অবস্থান
পাকিস্তানি মন্ত্রীর সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি হিসেবে দেখতে নারাজ নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ২৮ অক্টোবর জানিয়েছিলেন, প্রচলিত রীতি অনুযায়ী এসসিওর সব সদস্যদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান নিয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ২০২৫ সালের পেহেলগাম হামলার পর পাকিস্তান সম্পর্কে ভারতের যে নীতি নেওয়া হয়েছে, তা এখনো বহাল রয়েছে।
২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। ওই হামলার পরই দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাত হয়।
ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার শরৎ সবরওয়াল বলেন, এসসিওর আয়োজক হিসেবে ভারতকে সব সদস্যদেশকে আমন্ত্রণ জানাতে হয়েছে। তাই এই মুহূর্তে পাকিস্তানি মন্ত্রীর সফরকে বিশেষ কোনো অর্থ দেওয়ার কারণ নেই।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান নুরউদ্দিনের মতে, এই আয়োজনের মাধ্যমে আঞ্চলিক নেতৃত্বে ভারতের ভূমিকা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, হিন্দুস্তান টাইমসের পররাষ্ট্রবিষয়ক সম্পাদক রেজাউল হাসান লস্কর বলেন, সন্ত্রাসবাদের প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগে আগ্রহী নয় ভারত সরকার।
আগেও এসসিওর মাধ্যমে যোগাযোগ হয়েছে
২০১৭ সালে ভারত ও পাকিস্তান এসসিওতে যোগ দেওয়ার পর থেকে সংগঠনটির বিভিন্ন বৈঠক দুই দেশের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
২০২৩ সালে গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তবে সেই সফরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রকাশ্য বাক্যবিনিময় হয়। কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি।
২০২৪ সালের অক্টোবরে এসসিওর সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে পাকিস্তানের ইসলামাবাদে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সৌজন্য বিনিময় হলেও দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের এসসিও সমন্বয়ক অলোক দিমরি তিন দিনের সফরে ইসলামাবাদ যান। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে করমর্দন করেন তিনি। পরে সফরটিকে এসসিওর নিয়মিত বার্ষিক কার্যক্রমের অংশ বলে উল্লেখ করেন দিমরি।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুররম দাস্তগির খানের মতে, অতীতের এসব যোগাযোগ দুই দেশের সম্পর্কের গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। পাকিস্তানে ভারতের সাবেক হাইকমিশনার সালমান বশিরও মনে করেন, এসসিও দুই দেশের মধ্যে ন্যূনতম সৌজন্য বজায় রাখার সুযোগ তৈরি করে, তবে এটিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ হিসেবে দেখার সুযোগ নেই।
সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বাধা
এসসিওর বৈঠকের বাইরে ভারত-পাকিস্তানের প্রায় সব দ্বিপক্ষীয় যোগাযোগই স্থবির হয়ে আছে।
পেহেলগাম হামলার পর ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয় ভারত। গত ৩১ আগস্ট নেদারল্যান্ডসের হেগের একটি সালিশি আদালত রায় দেন, ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না। তবে আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
এ ছাড়া গত সেপ্টেম্বরে আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌযানের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের কূটনীতিককে তলব করে ভারত। ২০১৯ সাল থেকে দুই দেশের রাজধানীতে কোনো হাইকমিশনারও নেই।
তবে সরকারি পর্যায়ে যোগাযোগ সীমিত থাকলেও আধা-সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২০২৭ সালের সম্মেলন ঘিরে নজর
আগামী বছর এসসিওর সভাপতিত্ব করবে পাকিস্তান। ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে সংগঠনটির নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করবে দেশটি। ফলে ওই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নেবেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এসসিওর এবারের বৈঠকে লাহোরকে ২০২৬-২৭ মেয়াদের জন্য সংগঠনটির পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের এই সভাপতিত্ব দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ তৈরি করে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভারতের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসলামাবাদ সম্মেলনে দেশটির অংশগ্রহণের ধরন ও প্রতিনিধিত্বের পর্যায় পরে নির্ধারণ করা হবে।
পাকিস্তানের সাবেক মন্ত্রী খুররম দাস্তগির খান মনে করেন, এসসিওর বৈঠকের ফাঁকে দুই দেশের প্রতিনিধিদের অনানুষ্ঠানিক যোগাযোগের সুযোগ রয়েছে। অন্যদিকে অধ্যাপক ইরফান নুরউদ্দিন নরেন্দ্র মোদির ইসলামাবাদ সফরের সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে আগামী আগস্টের আগে দুই দেশের পরিস্থিতি কী দাঁড়ায়, তার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করেন তিনি।
সময়ের আলো/জেডি