আইসিজের রায়ে আনন্দাশ্রু, রোহিঙ্গাদের চোখে এবার স্বদেশে ফেরার স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে বসে মোবাইল ফোনে খবর দেখছিলেন উম্মে রুমান। বিকেল থেকেই অপেক্ষায় ছিলেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের। কিন্তু

2026-11-20T16:35:44+00:00
2026-11-20T16:35:44+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আইসিজের রায়ে আনন্দাশ্রু, রোহিঙ্গাদের চোখে এবার স্বদেশে ফেরার স্বপ্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে বসে মোবাইল ফোনে খবর দেখছিলেন উম্মে রুমান। বিকেল থেকেই অপেক্ষায় ছিলেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের। কিন্তু ইন্টারনেটের দুর্বল সংযোগের কারণে সরাসরি সম্প্রচার বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। একপর্যায়ে ফেসবুকে চোখ পড়তেই দেখলেন একটি শিরোনাম, ‘মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে আইসিজে’।

খবরটি দেখেই আবেগ ধরে রাখতে পারেননি রুমান। লাফিয়ে উঠে ছুটে যান রান্নাঘরে থাকা ভাবির কাছে। কিছু বুঝে ওঠার আগেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

রুমান বলেন, ‘আনন্দে কেঁদে ফেলেছিলাম। কারণ, প্রথমবারের মতো বিশ্ব স্বীকার করল, আমাদের ওপর কী ভয়াবহ ঘটনা ঘটেছিল।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার দায় দেশটির ওপর বর্তায় বলে রায় দেন। ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় দেওয়া এই ঐতিহাসিক রায়কে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন শরণার্থীরা। দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসা এসব অপরাধের বিষয়ে এবার আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত তাদের মধ্যে স্বস্তি, আবেগ ও নতুন আশার জন্ম দিয়েছে।

রুমানের ভাষায়, ‘আমার কাছে এটি শুধু একটি আইনি রায় নয়। এটি আমাদের ওপর ঘটে যাওয়া নির্যাতন ও দুর্ভোগের প্রমাণ।’

কক্সবাজারের শরণার্থীশিবিরজুড়েই এদিন ছিল রায়ের খবর জানার ব্যস্ততা। কেউ মোবাইল ফোনে, কেউ ল্যাপটপে, আবার কেউ বড় পর্দায় দেখেছেন আদালতের কার্যক্রম। অনেকে বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে বসে রায়ের অপেক্ষা করেছেন। ফেসবুক ও ইউটিউবেও চোখ ছিল অনেকের।

১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান তার কমিউনিটি শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে রায়ের খবর দেখছিলেন। তিনি বলেন, ‘কিছু নারীকে কাঁদতে দেখেছি, আবার কেউ কেউ আল্লাহর কাছে দোয়া করছিলেন। আমি বিশেষ কিছু করিনি। শুধু বসে শুনছিলাম, মনে মনে আশা করছিলাম, এমন কোনো ভালো খবর পাব, যা আমাদের ভবিষ্যৎ জীবনকে শান্তিপূর্ণ করবে।’

রেহানের মনে প্রথম যে আশাটি জেগেছিল, তা হলো এই রায়ের মধ্য দিয়ে হয়তো নিজ দেশে ফেরার পথ খুলবে রোহিঙ্গাদের জন্য। তিনি বলেন, ‘শুধু এই সম্ভাবনার কথা ভাবতেই আমার খুব আনন্দ হচ্ছিল।’

রায়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে শিবিরের বিভিন্ন ব্লকে। রেহান জানান, অনেকেই আনন্দ প্রকাশ করছিলেন। বয়স্ক শরণার্থীরা মামলাটি এবং আদালতে গাম্বিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করছিলেন।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় গাম্বিয়া সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও ১৯৪৮ সালের গণহত্যা সনদের সদস্য রাষ্ট্র হিসেবে দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। ওই সনদ অনুযায়ী, গণহত্যা প্রতিরোধ ও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সদস্য দেশগুলোর। ২০২২ সালে আইসিজে রায় দেয়, এই মামলা করার অধিকার গাম্বিয়ার রয়েছে।

রায়ের খবর মাকে জানাতেই তিনিও আনন্দিত হন বলে জানান রেহান। তার ভাষায়, ‘মা বলছিলেন, আমরা জিতে গেছি। এবার হয়তো নিজেদের মাতৃভূমিতে ফিরে যেতে পারব।’

তবে আনন্দের এই মুহূর্তেও শরণার্থীদের জীবনযাপনের কঠিন বাস্তবতা বদলায়নি। বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড় আখভান এগিয়ে আসার সময় বৃহস্পতিবার কক্সবাজারের শিবিরগুলোতে বৃষ্টি হচ্ছিল। ঘিঞ্জি ও সীমিত জায়গায় বসবাস করা পরিবারগুলোর দুর্ভোগও বেড়ে যায়।

আন্তর্জাতিক আদালতের রায় তাদের ওপর সংঘটিত নির্যাতনের স্বীকৃতি দিলেও শরণার্থীজীবনের প্রতিদিনের সংকট যে আগের মতোই রয়ে গেছে, তা নতুন করে মনে করিয়ে দেয় এই পরিস্থিতি।

রোহিঙ্গা তরুণ নুরুল আমিন বলেন, আদালত গণহত্যার বিষয়টি স্বীকার করায় তিনি খুশি হয়েছেন। তবে একই সঙ্গে ২০১৭ সালের ভয়াবহ স্মৃতিও ফিরে এসেছে তার মনে।

তিনি বলেন, ‘আমি আনন্দিত হয়েছিলাম, কিন্তু একই সঙ্গে ২০১৭ সালে আমাদের সঙ্গে কী ঘটেছিল, তা মনে পড়ছিল। ভয়াবহ সামরিক অভিযান, আমার নিজের ওপর চালানো নির্যাতন এবং যে বাড়ি ছেড়ে আমাকে চলে আসতে হয়েছিল, সবকিছু চোখের সামনে ভেসে উঠছিল।’

রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহ বলেন, আদালতের এই ঘোষণা তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। এতে একদিকে সম্প্রদায়ের হারিয়ে যাওয়া স্বজনদের কথা মনে পড়েছে, অন্যদিকে বাস্তুচ্যুতির সেই ভয়াবহ দিনগুলোও ফিরে এসেছে। তার মতে, এই রায় স্বস্তি ও নতুন আশার উপলক্ষ হলেও হারানো মানুষদের ফিরিয়ে আনতে কিংবা অতীতের ক্ষত মুছে দিতে পারবে না।

রোহিঙ্গা সংকট নিয়ে গবেষণা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন মনে করেন, ভুক্তভোগীদের দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আইসিজের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীতে আমরা উদার গণতন্ত্র, বিশ্বায়ন ও বৈশ্বিক ন্যায়বিচারের কথা বলি। অথচ আমাদের চোখের সামনেই এত বড় একটি গণহত্যা সংঘটিত হয়েছে। বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠার জন্য এই রায় অপরিহার্য ছিল।’

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক আবাসিক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান মনে করেন, এই রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় নতুন মাত্রা যুক্ত হতে পারে। তার মতে, প্রত্যাবাসনের যেকোনো ব্যবস্থায় রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের কাছ থেকে ঢাকাকে আরও জোরালো নিশ্চয়তা আদায় করতে হবে।


আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কুগেলম্যান বলেন, ‘আন্তর্জাতিক আদালত যখন বলেছে, রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন, তখন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে শরণার্থী প্রত্যাবাসন নিয়ে আলোচনার গতিপ্রকৃতিতেও এর প্রভাব পড়বে বলে আমি মনে করি।’

তবে রোহিঙ্গাদের কাছে এই রায়ের সবচেয়ে বড় প্রত্যাশা নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়া। যারা নির্যাতন ও নৃশংসতার জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি নিজেদের অধিকার ও নাগরিকত্ব ফিরে পাওয়া এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চান তারা।

নুরুল আমিনের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায় শুধু রোহিঙ্গাদের মানবিক সংকটের দিকে নজর না দিয়ে তাদের বাস্তুচ্যুত হওয়ার রাজনৈতিক কারণগুলোও সমাধানের উদ্যোগ নেবে। মিয়ানমারে স্বাধীনতা, গণতন্ত্র, বৈষম্যের অবসান এবং সামরিক স্বৈরশাসনের অবসান চান তিনি।

নুরুল আমিন বলেন, ‘আমরা আশা করছি, এই রায়ের মধ্য দিয়ে আরও বড় কিছু অর্জনের পথ তৈরি হবে। আমরা যেন শেষ পর্যন্ত নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে মাতৃভূমিতে ফিরে যেতে পারি।’ 

সূত্র : আল জাজিরা  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আইসিজে  রায়  আনন্দাশ্রু  রোহিঙ্গা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: