ইরান অবরোধে বিপাকে যুক্তরাষ্ট্র, বাড়ছে জাহাজ চলাচলের ব্যয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জাহাজের

2026-11-20T16:51:28+00:00
2026-11-20T16:51:28+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান অবরোধে বিপাকে যুক্তরাষ্ট্র, বাড়ছে জাহাজ চলাচলের ব্যয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জাহাজের বিমা খরচ বাড়ছে এবং পণ্য পরিবহনের সক্ষমতা কমে আসছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব সামুদ্রিক সংস্থার একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতেও এ পরিস্থিতির নেতিবাচক প্রভাবের কথা উঠে এসেছে।

আলজাজিরার হাতে আসা নথিতে দেখা গেছে, ওয়াশিংটনের ইরান অবরোধের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলে সৃষ্ট ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (মারাড)।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবরোধ ভাঙার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ অচল করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর মারাডের একটি সতর্কবার্তায় বিমা প্রিমিয়াম ও পণ্য পরিবহনের সক্ষমতার ওপর ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব স্বীকার করা হয়।

গত ১২ অক্টোবর মারাডের প্রশাসক স্টিফেন এম কারমেল তার অধস্তন কর্মকর্তা মাইকেল ইয়ারিংটনকে সতর্কবার্তাটি পাঠান। এর আগে সেন্টকম ‘ওশান মলিকা’ নামের জাহাজটিতে হামলা চালিয়ে সেটি অচল করে দেয়। একই সময়ে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় আরও তিনটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এসব হামলার দায় কারা নিয়েছে, তা স্পষ্ট নয়।

‘অ্যালার্ট: হরমুজ ঝুঁকি প্রণালির বাইরেও ছড়িয়ে পড়ছে’ শিরোনামের স্মারকলিপিতে বলা হয়, ‘কেন বিষয়টি গুরুত্বপূর্ণ: আগের সতর্কবার্তার তুলনায় পরিস্থিতি এখন আরও গুরুতর। বাণিজ্যিক জাহাজগুলো এখন উভয় পক্ষের সরাসরি সামরিক হামলার ঝুঁকিতে রয়েছে। এই হুমকি হরমুজ প্রণালির বাইরে উপসাগরীয় অঞ্চলের নোঙরস্থল এবং ওমান উপসাগরেও ছড়িয়ে পড়েছে।’

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘এর ফলে যুদ্ধঝুঁকি বিমার প্রিমিয়াম আরও বেড়ে যাওয়া, জাহাজের নাবিকদের দায়িত্ব পালনে অস্বীকৃতি এবং কার্যকর ট্যাংকার পরিবহন সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে।’

কারমেল মারাডের সামুদ্রিক বিমা দপ্তরের কর্মকর্তা ইয়ারিংটনকে পাঠানো ইমেইলে হামলাগুলোর কারণে বিমা প্রিমিয়ামে কী প্রভাব পড়েছে, তা জানতে চান। পাশাপাশি যুদ্ধঝুঁকি বিমা ব্যবস্থা পুনর্গঠনে সংস্থাটির উদ্যোগের অগ্রগতি সম্পর্কেও তথ্য চান তিনি।

তবে সতর্কবার্তাটি মারাডের নিজস্ব উদ্যোগে তৈরি হয়েছিল, নাকি অন্য কোনো সংস্থা থেকে এসেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইমেইলে কারমেল জানতে চান, ‘এসব ঘটনার পর বিমা বাজার কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে?’

জবাবে ইয়ারিংটন জানান, তার এক সহকর্মী তথ্য সংগ্রহের জন্য লন্ডনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে সংগ্রহ করা বিমা প্রিমিয়াম বৃদ্ধির একটি সারসংক্ষেপও পাঠান তিনি।

যুদ্ধঝুঁকি বিমা নিয়ে মারাডের কাজের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত কয়েকটি মূল কার্যক্রমের বিবরণও ইমেইলে পাঠান ইয়ারিংটন। তবে নথি প্রকাশের আগে সেসব তথ্য গোপন রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামুদ্রিক শিল্পের উন্নয়নে কাজ করা মারাডের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করে এসব নথি সংগ্রহ করেছে আলজাজিরা। সংস্থাটি দেশটির পরিবহন মন্ত্রণালয়ের অধীন। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও মারাডের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

ইরান যুদ্ধের অবসান এখনো অনিশ্চিত। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনা চললেও চূড়ান্ত সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে অবরোধের নেতিবাচক প্রভাব স্বীকার করে মারাডের এই স্মারকলিপি সামনে এলো।

গত সপ্তাহে ইরানের সঙ্গে শান্তিচুক্তির প্রয়োজনীয়তা নাকচ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক দিন আগে তিনি বলেছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে এবং ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা ‘খুবই কম’।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সেসব দিন অনেক আগেই পেরিয়ে গেছে। আমরা তাদের অর্থ পেয়েছি, শত শত বিলিয়ন ডলার, আর তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’

জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের ন্যাশনাল সিকিউরিটি ল প্রোগ্রামের প্রধান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন টড হান্টলি মনে করেন, অবরোধের প্রভাব পর্যবেক্ষণের মাধ্যমে সরকারের অন্যান্য শাখাকে পরামর্শ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মারাড।

আলজাজিরাকে তিনি বলেন, ‘আমার জানা মতে, কোনো ঘটনা বা হুমকি সম্পর্কে মারাড সাধারণ সতর্কবার্তা জারি করে। তবে বিমার হার বেড়ে যাওয়ার মতো পরিণতি নিয়ে সাধারণত আলোচনা করে না।’

তিনি আরও বলেন, ‘অবরোধের নির্দেশ দেওয়া এবং তা কার্যকর করার সময় যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা হয়তো এই ঝুঁকির বিষয়টি বিবেচনা করেননি, অথবা উপেক্ষা করেছেন। ইরানের অতীত কর্মকাণ্ড ও হুমকির কথা বিবেচনায় নিলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তা আমার কাছে বেশ স্পষ্ট ছিল।’

সামুদ্রিক নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান আইআর কনসিলিয়ামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়ান র‍্যালবি বলেন, ট্রাম্প প্রশাসন অবরোধের কৌশলগত প্রভাবের চেয়ে ইরানের অর্থনৈতিক টিকে থাকার সক্ষমতা কমানোর বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে।

তার ভাষায়, ‘যুদ্ধ এবং অবরোধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা নিয়ে প্রেসিডেন্ট যে উদ্বিগ্ন নন, সেটি স্পষ্ট করেছেন। ফলে অবরোধের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগে থেকেই ধারণা থাকলেও প্রশাসন হয়তো সেগুলোকে গুরুত্বহীন মনে করেছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় একের পর এক হামলার ঘটনায় বিশ্বজুড়ে জাহাজ চলাচলে অস্থিরতা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ওই অঞ্চলে জাহাজে প্রায় ১৩০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর অক্টোবর ছিল জাহাজ চলাচলের জন্য সবচেয়ে বিপজ্জনক মাস। ওই মাসে ৩৫টি জাহাজ হামলার শিকার হয়।

যুদ্ধ চলাকালে অধিকাংশ হামলার জন্য ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়েছে। অন্যদিকে সেন্টকম অন্তত দুই ডজন জাহাজ ধ্বংস বা অচল করে দেওয়ার দায় স্বীকার করেছে। এসব জাহাজের কয়েকটিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ছায়া নৌবহরের অংশ বলে শনাক্ত করেছে তারা।

হরমুজ প্রণালির অস্থিরতায় জাহাজ চলাচলের ব্যয়ও ব্যাপকভাবে বেড়েছে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থার (ওপেক) তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ায় অপরিশোধিত তেল পরিবহনকারী একটি ট্যাংকারের বিমা খরচ জানুয়ারি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত প্রায় ২০০ গুণ বেড়ে ব্যারেলপ্রতি ১২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে।

সিঙ্গাপুরের পার্লামেন্টে উদ্ধৃত শিল্প খাতের হিসাব অনুযায়ী, যুদ্ধের আগে কোনো জাহাজের বাজারমূল্যের ০ দশমিক ১০ থেকে ০ দশমিক ২৫ শতাংশ হারে যুদ্ধঝুঁকি বিমার প্রিমিয়াম নেওয়া হতো। গত জুলাইয়ে তা বেড়ে ৩ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়।

জাহাজ চলাচলের ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে জ্বালানি ও সারের বাজারেও। যুদ্ধের বিভিন্ন পর্যায়ে অপরিশোধিত তেল ও সারের দাম যথাক্রমে সর্বোচ্চ ৬০ শতাংশ ও ১১২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

সিঙ্গাপুরের স্বাধীন গবেষক বুন চুয়ান লিম বলেন, অবরোধ কার্যকরের অংশ হিসেবে চালানো হামলাগুলোকেও জাহাজ চলাচলের ঝুঁকি মূল্যায়নের মধ্যে রেখেছে ট্রাম্প প্রশাসন, যা বিশেষভাবে লক্ষণীয়।

তার মতে, কোনো জাহাজকে অচল করে দেওয়ার মতো হামলা অবরোধ কার্যকরের সময় জাহাজের ক্ষতিগ্রস্ত হওয়ার নতুন ঝুঁকি তৈরি করে। তবে এর প্রভাব নির্ভর করে প্রতিটি জাহাজের পরিস্থিতির ওপর।

তিনি আরও বলেন, ‘ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। ঝুঁকি শুধু প্রণালির সংকীর্ণ জলপথে সীমাবদ্ধ নয়। নোঙর করা, জ্বালানি সংগ্রহ করা কিংবা বন্দরের দিকে এগিয়ে যাওয়া জাহাজও হামলার ঝুঁকিতে থাকতে পারে।’


লিমের ভাষ্য, ‘বিমার শর্ত নির্ভর করে জাহাজের ধরন, চলাচলের পথ, ঝুঁকিপূর্ণ এলাকা এবং সেখানে অবস্থানের সময়ের ওপর। ফলে হুমকি বিস্তৃত হলে শুধু প্রণালি পারাপার নয়, এর বাইরেও পরিবহন ব্যয় বাড়তে পারে এবং জাহাজ পরিচালনা জটিল হয়ে উঠতে পারে। তবে এর অর্থ এই নয় যে প্রতিটি জাহাজের জন্য বিমার অতিরিক্ত খরচ একই রকম হবে।’

এদিকে গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে কয়েক দশকের মধ্যে নিজেদের সবচেয়ে ভালো ফল করেছে ডেমোক্র্যাটরা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্পের জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন পর্যন্ত ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটরা ৫৬টি এবং ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৭টি আসন নিশ্চিত করেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান অবরোধ  যুক্তরাষ্ট্র  জাহাজ চলাচল  ব্যয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: