আইসিজের রায়ে বড় ধাক্কা, মিয়ানমার জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে সামরিক অভিযানের সময় গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ঐতিহাসিক এই

2026-11-20T18:28:47+00:00
2026-11-20T18:28:47+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আইসিজের রায়ে বড় ধাক্কা, মিয়ানমার জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে সামরিক অভিযানের সময় গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ঐতিহাসিক এই রায়ের পর মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানো, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং আন্তর্জাতিকভাবে একঘরে করার দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এই রায়কে স্বাগত জানালেও অধিকারকর্মীরা বলছেন, এটি যেন কেবল প্রতীকী আইনি বিজয় হয়ে না থাকে। দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। 

ব্রিটিশভিত্তিক সংগঠন বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের (ব্রুক) সভাপতি তুন খিন সংবাদমাধ্যম ইরাবতীকে বলেন, বিশ্বকে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাজি করানোর চেষ্টা করছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। এমন সময়ে এই রায় তার জন্য বড় ধাক্কা।

আইসিজে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া এবং রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার কথাও বলেছেন আদালত।

আদালতের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আইসিজের নিজস্ব কোনো প্রয়োগকারী ব্যবস্থা নেই। মিয়ানমার নির্দেশনা না মানলে জাতিসংঘ সনদের ৯৪.২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে পারে।

তুন খিন জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে তার সংগঠন। মিয়ানমার জান্তার মিত্র রাশিয়া ও চীন যেকোনো প্রস্তাবে ভেটো দিতে পারে। তবে এতে তাদের এমন অবস্থানের ব্যাখ্যা দিতে হবে। যুক্তরাজ্য ইতোমধ্যে বৈঠক আহ্বান করেছে। তুন খিন আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। তার মতে, মিয়ানমারের সামরিক জান্তা এবং জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নীতির কারণে এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৪টি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে।

সংগঠন রিফিউজি উইমেন ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক লাকি করিম বলেন, আইসিজের রায়ের পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানভুক্ত দেশগুলোর মিয়ানমার জান্তার সঙ্গে যোগাযোগ বন্ধ করা উচিত।

তিনি উল্লেখ করেন, চলতি বছর স্বঘোষিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে নয়টি দেশ আতিথ্য দিয়েছে। ২০১৭ সালে সামরিক বাহিনীর প্রধান হিসেবে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার তদারকিতে ছিলেন তিনি। লাকি করিমের আহ্বান, কোনো দেশই যেন তাকে আর স্বাগত না জানায়।

তিনি বলেন, আসিয়ানের মতো আঞ্চলিক দেশগুলোরও আপাতত একই নীতি অনুসরণ করা উচিত। তাকে আতিথ্য দেওয়া, লালগালিচা সংবর্ধনা ও যোগাযোগ বন্ধ রাখতে হবে। দ্বিপক্ষীয় যোগাযোগ থাকলেও আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমার জান্তার নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে।

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মিয়ানমারবিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্ত ব্যবস্থা (আইআইএমএম), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরাও রায়কে স্বাগত জানিয়েছেন। একই প্রতিক্রিয়া জানিয়েছে মিয়ানমারের বেসামরিক জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।

রায়ের পরপরই যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে দেশটি। এ ছাড়া মিয়ানমারের ১৯০টির বেশি স্থানীয় মানবাধিকার সংগঠনও আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

তবে রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা সরকার। সামরিক বাহিনী-নিযুক্ত সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে শুক্রবার বলেন, ‘সত্য হলো, আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে।’ রায় সর্বসম্মত না হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সব বিচারক এতে একমত হননি, তাই এটি ন্যায়সংগত রায় নয়।

আইসিজে ৯-৬ ভোটে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। অন্যদিকে, রায়ের পর রাষ্ট্রের স্বার্থে কাজ করার কথা জানিয়েছে আরাকান আর্মি।

রাখাইনের রাজনীতিক পে থান ইরাবতীকে বলেন, আদালতে জান্তা সরকারের প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, জান্তা সরকার গণহত্যার অভিযোগ অস্বীকার করবে, নাকি ক্ষতিপূরণ দিতে অক্ষমতার কথা জানাবে, তা দেখার বিষয়।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালে গাম্বিয়া মামলাটি দায়ের করে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতা গণহত্যা সনদের লঙ্ঘন—এমন অভিযোগে করা মামলাটির চূড়ান্ত রায় আসতে সময় লেগেছে সাত বছর।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পরও দেশজুড়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের জান্তা। রাজনৈতিক বন্দিদের সহায়তা সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপি) তথ্য অনুযায়ী, ক্ষমতা দখলের পর থেকে জান্তা বাহিনীর হাতে ৮ হাজার ৬০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আটক করা হয়েছে ৩২ হাজারের বেশি মানুষকে।


সংগঠনটি জানিয়েছে, অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিদের এখনো আটক রেখেছে জান্তা সরকার। অন্যদিকে, জোরপূর্বক সামরিক নিয়োগ, নিরাপত্তাহীনতা, মূল্যস্ফীতি, অপরাধ বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট ও সংঘাতের কারণে লাখো তরুণ দেশ ছেড়ে পালিয়েছেন।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে রোহিঙ্গাদের ন্যায়বিচার, নাগরিকত্ব ও মানবাধিকারের স্বীকৃতির বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এনইউজি। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বিভিন্ন জনগোষ্ঠী এখনো বিমান হামলা, হত্যা, নির্বিচার আটক, নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। হাসপাতাল, স্কুল, বৌদ্ধ মঠ ও গির্জাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এনইউজি বলেছে, রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমারজুড়ে বেসামরিক মানুষের ওপর সামরিক জান্তার চলমান সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে হবে।

তুন খিন বলেন, আইসিজের এই রায় মিয়ানমারের সবার জন্যই সুসংবাদ। তার ভাষায়, এখন জান্তা সরকার আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায়ে দায়ী এবং তাদের ওপর নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আইসিজে  রায়  মিয়ানমার জান্তা  নিষেধাজ্ঞার দাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: