ছবি : সংগৃহীত রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলায় নতুন আইনি দৃষ্টান্ত তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, গণহত্যার উদ্দেশ্য প্রমাণে শুধু লিখিত নির্দেশ বা সরাসরি আদেশের ওপর নির্ভর না করে বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা ও সামগ্রিক প্রমাণ বিবেচনার সুযোগ তৈরি করেছে এই রায়।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে সাত বছরের বিচারিক প্রক্রিয়া ও তদন্ত শেষে বৃহস্পতিবার রায় দেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো মামলায় গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করল আদালত।
রোহিঙ্গাদের জন্য এই রায়কে দীর্ঘদিনের নিপীড়ন, নির্যাতন ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে অবস্থান করছেন। মিয়ানমারেও পাঁচ লাখের বেশি রোহিঙ্গা আটকা পড়ে আছেন এবং নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন।
এই রায় বিশ্বের অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর মধ্যেও আশার সঞ্চার করেছে। বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ আইনি দৃষ্টান্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী গণহত্যা মামলাতেও এর প্রভাব পড়তে পারে।
রোহিঙ্গারা আইসিজের রায় ঘোষণার পর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনিরাও প্রশ্ন তুলছেন, গাজার জন্যও কি একদিন এমন রায় আসবে?
তবে ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজ্জার আলজাজিরাকে বলেন, এই রায় গাজা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে না। তবে গাজা পরিস্থিতি বিচারের ক্ষেত্রে আদালত কোন আইনি দৃষ্টিভঙ্গি অনুসরণ করবেন, তা নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা
২০২৩ সালের ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনে দেশটি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
দক্ষিণ আফ্রিকা শুরুতে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ চেয়ে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার আবেদন জানায়।
২০২৪ সালের জানুয়ারিতে দুই দিনের শুনানি শেষে আইসিজে জানায়, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আওতায় পড়তে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আদালত ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে ইসরায়েল আত্মরক্ষার যুক্তি তুলে ধরে এসব অভিযোগ অস্বীকার করে।
একই বছরের মার্চে গাজায় খাদ্য প্রবেশ নিশ্চিত করার নির্দেশ দেন আদালত। তখন আদালত জানান, উপত্যকাটির ফিলিস্তিনিরা দুর্ভিক্ষ ও অনাহারের মুখে রয়েছেন। এপ্রিলে দেওয়া আরেক নির্দেশে রাফায় ইসরায়েলের স্থল অভিযান বন্ধ করতে বলা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েল এসব নির্দেশের কোনোটিই মানেনি।
২০২৪ সালের জানুয়ারিতে শুনানির সময় গাজায় প্রায় ২৩ হাজার মানুষ নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে ১০ হাজার ছিলেন শিশু। বর্তমানে নিহতের সংখ্যা প্রায় ৭৫ হাজারে পৌঁছেছে। নিহতদের মধ্যে আনুমানিক ২১ হাজার শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হচ্ছে—এমন হাজারো মানুষ এই হিসাবের বাইরে। ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও অন্তত ১ হাজার ৬৬২ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের চূড়ান্ত রায় আসতে আরও কয়েক বছর লাগতে পারে। দুই পক্ষকে লিখিত যুক্তি ও পাল্টা যুক্তি জমা দিতে হবে। দক্ষিণ আফ্রিকার পরবর্তী লিখিত বক্তব্য জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের নভেম্বর।
দুই মামলার আইনি মিল কোথায়?
২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে গাম্বিয়া। এর দুই বছর আগে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করেছিল। সেনাবাহিনীর দাবি ছিল, পুলিশ ফাঁড়িতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার জবাবে ওই অভিযান চালানো হয়।
গণহত্যার অভিযোগ অস্বীকার করেছিল মিয়ানমার। তবে গণহত্যা, গ্রাম ধ্বংস, ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে ছবি, ভিডিও, স্যাটেলাইট চিত্র এবং বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়। সেনা কর্মকর্তাদের উসকানিমূলক বক্তব্যও প্রমাণের অংশ ছিল।
রোহিঙ্গা মামলায় আইসিজের ১৫ বিচারকের প্যানেলের মধ্যে ৯ জন রায় দেন, ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে গণহত্যা সংঘটিত হওয়ার সিদ্ধান্তে পৌঁছানোই যুক্তিসংগত। আদালত বলেন, মিয়ানমার জেনেশুনে বেসামরিক মিলিশিয়াদের রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু করার সুযোগ দিয়েছে। দায়ী সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করা এবং তাদের মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যও ছিল।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলা করেছে।
আদালত মিয়ানমারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদে নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়া, ক্ষতিগ্রস্ত সম্পত্তি পুনরুদ্ধার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়া, পরিবারগুলোকে পুনর্মিলিত করা এবং মর্যাদাপূর্ণ দাফনের ব্যবস্থা। পাশাপাশি চিকিৎসা ও মানসিক ট্রমা থেকে সেরে ওঠার সহায়তা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর নির্দেশও রয়েছে।
গাজায়ও বেসামরিক মানুষের ওপর ব্যাপক হামলা, প্রাণহানি ও বাস্তুচ্যুতির প্রমাণ রয়েছে। বর্তমানে ২১ লাখ মানুষ গাজার ১২৮ বর্গকিলোমিটার এলাকায় অবস্থান করছেন, যা উপত্যকাটির মোট আয়তনের ৩৫ শতাংশ। ইসরায়েলের তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পেছনে তাদের অবস্থান করতে হচ্ছে। গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের অবমাননা করে ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতারাও বিভিন্ন বক্তব্য দিয়েছেন।
২০২৫ সালে আলজাজিরার অনুসন্ধানী ইউনিটের ‘গাজা’ শীর্ষক প্রামাণ্যচিত্রে ইসরায়েলি সেনাদের নিজেদের প্রকাশ করা ভিডিও ও ছবির মাধ্যমে যুদ্ধাপরাধের প্রমাণ তুলে ধরা হয়।
গণহত্যার উদ্দেশ্য প্রমাণে নতুন দৃষ্টান্ত
রোহিঙ্গা মামলায় আইসিজে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের লিখিত নির্দেশের বাইরেও বিভিন্ন প্রমাণ গ্রহণ করেছেন। পর্যবেক্ষকদের মতে, গাজা মামলার ক্ষেত্রেও আদালত একই ধরনের দৃষ্টিভঙ্গি নিতে পারেন।
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল এবং আন্তর্জাতিক গণহত্যা গবেষক সমিতি ইতোমধ্যে গাজায় গণহত্যা সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্ত জানিয়েছে। ইসরায়েল অবশ্য আত্মরক্ষার অধিকার এবং হামাসকে লক্ষ্য করে অভিযান চালানোর যুক্তি দিয়ে আসছে। যদিও নিহতদের বড় অংশ নারী ও শিশু।
ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজ্জার বলেন, রোহিঙ্গা মামলার রায়ে আইসিজে দেখিয়েছেন, গণহত্যার উদ্দেশ্য বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা ও সামগ্রিক প্রমাণ থেকে নির্ধারণ করা সম্ভব। গাজার প্রমাণ আদালতকে স্বাধীনভাবে মূল্যায়ন করতে হবে। তবে এই রায় দক্ষিণ আফ্রিকার জন্য আরও স্পষ্ট আইনি পথ তৈরি করেছে।
যুক্তরাজ্যভিত্তিক অধিকার সংগঠন কেজ ইন্টারন্যাশনালের আনাস মুস্তাফা বলেন, মিয়ানমার মামলার কেন্দ্রে ছিল একটি প্রশ্ন—কোনো রাষ্ট্র কি সন্ত্রাসবিরোধী অভিযানের নাম দিয়ে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করতে পারে? তার মতে, আদালত এবার সেই যুক্তি গ্রহণ করেননি এবং মিয়ানমারকে জবাবদিহির আওতায় এনেছেন।
ইসরায়েলের মিত্রদের ওপরও প্রভাব পড়তে পারে
রোহিঙ্গা মামলার রায় ইসরায়েলের অপরাধে সহযোগী হিসেবে দায়ী হতে পারে—এমন দেশগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রায়ের আগে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছিল। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ওয়াশিংটন ওই আদালত ও এর বিচারকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। রোহিঙ্গা মামলার রায়ের পর যুক্তরাষ্ট্র আইসিজের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে—এমন আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য না হলেও জাতিসংঘের সদস্য হওয়ায় তারা স্বয়ংক্রিয়ভাবে আইসিজের সদস্য।
রোহিঙ্গা মামলার রায়ের আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ মামলার বিচারক হিসেবে দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইয়ের সমালোচনা করেন। তার অভিযোগ, পিল্লাই গণহত্যার অভিযোগ প্রমাণের আইনি মানদণ্ড শিথিল করার চেষ্টা করছেন, যাতে ভবিষ্যতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় মার্কিন ও মিত্র দেশের সেনাদের বিরুদ্ধে এই মানদণ্ড ব্যবহার করা যায়।
অন্যদিকে, ইউরোপে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি গাম্বিয়ার করা মিয়ানমারবিরোধী মামলায় কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হয়ে আইসিজেতে বক্তব্য দেয়। দেশটি আদালতকে শুধু হত্যাকাণ্ড নয়, শিশুদের প্রতি আচরণ, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রমাণও বিবেচনায় নেওয়ার আহ্বান জানায়। পর্যবেক্ষকদের মতে, এসব বিষয় গাজার পরিস্থিতির সঙ্গেও প্রাসঙ্গিক।
এ ছাড়া ২০২৪ সালের মার্চে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার মাধ্যমে গণহত্যা সনদ ও আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে জার্মানির বিরুদ্ধে আইসিজেতে মামলা করে নিকারাগুয়া। মামলাটির কার্যক্রম এখনো চলছে।
সূত্র : আল জাজিরা
সময়ের আলো/জেডি