ছবি : সংগৃহীতপোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু প্রবেশের পর ঘটনাটিকে উসকানি হিসেবে বর্ণনা করেছে ওয়ারশ। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, পশ্চিমা দেশগুলোর সামরিক মহড়া চলাকালে এমন ঘটনা নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে পোল্যান্ডের অভিযোগ, রাশিয়ার পক্ষ থেকে এটি একটি উসকানিমূলক কর্মকাণ্ড। এ বিষয়ে মস্কো এখনো কোনো মন্তব্য করেনি।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর অন্যতম বড় বিমান হামলা চালানোর সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, রাশিয়ার খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভি লিপোভিয়েক এলাকার একটি গ্রামীণ অঞ্চলে আঘাত হানে। জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে সেখানে পড়ে। স্থানীয় বাসিন্দা নাতালি শপোনার জানান, সন্তানদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করার সময় তিনি শিসের মতো শব্দের পর বিকট আঘাতের আওয়াজ শুনতে পান।
কোসিনিয়াক-কামিশ আরও জানান, সন্দেহভাজন আরেকটি ক্ষেপণাস্ত্র নোভি লিপোভিয়েকের পশ্চিমে রুদনিক নাদ সানেম এলাকার কাছে পড়ে। এ ছাড়া দক্ষিণে মোলোদিচ এলাকায় জেট ইঞ্জিনচালিত একটি ড্রোন বিধ্বস্ত হয়।
পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে রাশিয়ার উসকানি উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, অতিরিক্ত সহায়তা চেয়ে ন্যাটোর কাছে আবেদন জানাবেন তিনি।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় এই গুরুতর লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর ন্যাটোর যুদ্ধবিমানগুলোকে আকাশে পাঠানো হয়েছে। রুটের ভাষায়, ঘটনাটি স্পষ্টতই বিপজ্জনক এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের পরিণতি।
এদিকে, পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে ‘কোয়ালিচা ২০২৬’ নামে একটি সামরিক মহড়া চলছে। এতে পশ্চিমা দেশগুলোর ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ গোষ্ঠীর ১১টি দেশ অংশ নিচ্ছে। ইউক্রেনে সম্ভাব্য শান্তিচুক্তির প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সাংবাদিকদের টাস্ক বলেন, ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সামরিক মহড়া পোলিশ সেনাদের সহযোগিতায় নোভা ডেম্বা এলাকায় চলছে। এর কাছাকাছি জায়গায় এসব বস্তু পড়ার ঘটনাকে কাকতালীয় বলে মনে করেন না তিনি।
এর এক দিন আগে বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সম্মেলনে ৪০টি দেশ অংশ নেয়। সেখানে মিত্ররা ইউক্রেনকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেয়। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, নিরপেক্ষ কোনো স্থানে শিগগিরই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা হওয়া উচিত।
শুক্রবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত আটজন নিহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভের দিনিপ্রো নদীর ওপর তিনটি সেতু এবং লভিভের একটি রেলস্টেশন। এর কয়েক দিন আগে অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী কের্চ প্রণালির সেতুতে বারবার হামলার জবাবে ‘যন্ত্রণাদায়ক’ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন যুদ্ধের প্রভাব পোল্যান্ডে ছড়িয়ে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে জুলাই মাসেও দেশটির ভূখণ্ডে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়েছিল।
সময়ের আলো/জেডি