প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম
ঘরছাড়া ফিলিস্তিনিদের এখন ঠাঁই প্রাচীন গুহায়। ছবি : সংগৃহীতএকসময় যে ঘরে ছিল সংসার, সেই ঘরই এখন ধ্বংসস্তূপ। মাথার ওপর ছাদ কেড়ে নেওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়েছে ফিলিস্তিনিদের। শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে অন্ধকার, স্যাঁতসেঁতে প্রাচীন গুহায়। অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরাইলি বাহিনীর একের পর এক বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্মম পরিণতি এখন এমনই। গত সপ্তাহে ঝড়ের পর নিজের গুহায় জমে থাকা পানি সরাতে কয়েক দিন কাটান ৬০ বছর বয়সি মোহাম্মদ দাবাবশেহ। ইসরাইলি সেনাবাহিনী গুহার একটি অংশ ভেঙে দেওয়ায় সেখানে বৃষ্টির পানি ঢুকে পড়ে।
অনুমতি ছাড়া বসতি নির্মাণের অভিযোগ তুলে গত ২০ অক্টোবর তার পরিবারের একমাত্র আশ্রয়স্থলেরও একটি অংশ গুঁড়িয়ে দেয় ইসরাইলি বাহিনী। মোহাম্মদের ১২ সদস্যের পরিবার এর আগেও ছয়বার বাড়িঘর হারিয়েছে। প্রতিবার গবাদিপশু বিক্রি করে নতুন করে ঘর তুলেছেন তিনি। কিন্তু ইসরাইলি বাহিনীর বারবার হামলা ও উচ্ছেদে একসময় শেষ হয়ে যায় তার শেষ সম্বলটুকুও।
তাঁবুতে আশ্রয় নিয়েও রক্ষা পাননি। ২০২৫ সালের গ্রীষ্মে সেনারা তাদের তাঁবু ভেঙে নিয়ে যায়। বাধ্য হয়ে গাছের নিচে রাত কাটাতে হয় পুরো পরিবারকে। মাসাফের ইয়াত্তা এলাকায় প্রাচীন গুহা থাকলেও সেগুলো মানুষের বসবাসের উপযোগী নয়। পর্যাপ্ত আলো-বাতাস নেই, নেই নিরাপদ পানির ব্যবস্থা। অথচ বাড়িঘর হারিয়ে এসব গুহাই এখন ফিলিস্তিনিদের শেষ আশ্রয়। আলজাজিরাকে মোহাম্মদ বলেন, গুহার অতিরিক্ত আর্দ্রতায় তিনি ও তার স্ত্রীর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। শীতকালে পানি ঢুকে ঘরের মেঝে ভিজে যায়, নষ্ট হয় তাদের সামান্য সম্বল।
হেবরনের দক্ষিণে খাল্লাত আল-দাবা গ্রামের ১২০ জন বাসিন্দার মধ্যে প্রায় ১০০ জনই এখন গুহায় আশ্রয় নিয়েছেন। গ্রামের বাসিন্দাদের মুখপাত্র জাবের দাবাবশেহ জানান, মাত্র দুটি পরিবার এখনও নিজেদের বাড়িতে রয়েছে। সেগুলোও যেকোনো সময় গুঁড়িয়ে দেওয়া হতে পারে। গুহার অন্ধকারে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশুরা। পড়াশোনার জন্য পর্যাপ্ত আলো নেই, খেলাধুলারও জায়গা নেই। পানির ট্যাঙ্ক নষ্ট করে দেওয়া হয়, সৌরবিদ্যুতের প্যানেলও রেহাই পায় না। সেনাদের নজর এড়াতে রাতের অন্ধকারে গুহা মেরামত করতে হয় বাসিন্দাদের। দিনের আলোয় মেরামতের চিহ্ন দেখলেই ফের ভাঙার নির্দেশ দেওয়া হয় বলে জানান জাবের। ১৯৮০ সালে ইসরাইল মাসাফের ইয়াত্তার ৩৫ হাজার ডুনামের বেশি এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করে। অথচ সেখানে তখন ১২টি ফিলিস্তিনি জনগোষ্ঠীর বসবাস ছিল।
এরপর থেকেই বাড়িঘর ভাঙা, জমি দখল ও উচ্ছেদের চাপ বাড়তে থাকে। প্রায় ২ হাজার ফিলিস্তিনির এই এলাকায় কয়েক দশক ধরে চলছে তাদের ভিটেমাটি হারানোর লড়াই। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি বাহিনী হামলা শুরুর পর মাসাফের ইয়াত্তায় বসতি স্থাপনকারীদের হামলা ও উচ্ছেদ আরও বেড়েছে। ২০২৫ সালের মে মাসে খাল্লাত আল-দাবা গ্রামে বড় অভিযান চালিয়ে বাড়িঘর, কৃষি স্থাপনা, পানির ট্যাঙ্ক ও সৌরবিদ্যুতের প্যানেল ধ্বংস করে ইসরাইলি সেনারা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর জানায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিবৃতিতে ওই মাসে এলাকার তিনটি গ্রাম প্রায় পুরোপুরি ধ্বংস হওয়ার কথা উল্লেখ করা হয়। মাসাফের ইয়াত্তা গ্রাম পরিষদের প্রধান নিদাল ইউনিস জানান, বিভিন্ন গ্রামের ৪০টির বেশি পরিবার আবারও প্রাচীন গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পানি, বিদ্যুৎ ও ঘর মেরামতের সুযোগ বন্ধ করে বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ তার। তবে ভিটেমাটি ছেড়ে যেতে রাজি নন ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপের পাশে, অন্ধকার গুহায়, সীমাহীন দুর্ভোগের মধ্যেও নিজেদের মাটিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।
সময়ের আলো/প্রিন্ট/জেডি