সংগৃহীত ছবিইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৪৮৩০ কোটি ডলারে পৌঁছেছে। পেন্টাগনের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে সামরিক অভিযানে এ অর্থ ব্যয় হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে এ তথ্য জানান আর্থার মিলার। তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অর্থ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক বিভাগের সহকারী সচিব পদে মনোনীত হয়েছেন।
শুনানিতে মিলার জানান, যুদ্ধের মোট ব্যয়ের মধ্যে রয়েছে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মূল্য, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ এবং অভিযান পরিচালনার ব্যয়। তবে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো মেরামতের খরচ এ হিসাবের অন্তর্ভুক্ত নয়।
ঘাঁটি মেরামতের ব্যয় এখনো অজানা
শুনানিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথালের প্রশ্নের জবাবে মিলার স্বীকার করেন, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলো মেরামতের ব্যয় ৪৮৩০ কোটি ডলারের হিসাবে রাখা হয়নি। এ খাতে ঠিক কত অর্থ ব্যয় হতে পারে, সে সম্পর্কেও নির্দিষ্ট কোনো হিসাব তার কাছে নেই।
ফলে সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘাঁটি, ভবন ও সামরিক অবকাঠামো পুনর্নির্মাণের খরচ যুক্ত হলে যুদ্ধের মোট আর্থিক ব্যয় আরও বাড়তে পারে।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু, পরে একাধিকবার সংঘাত
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। পরবর্তী সময়ে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। এর আগে জুন মাসে দুই পক্ষ একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছিল।
মার্কিন বাজেটে বাড়ছে যুদ্ধের চাপ
যুদ্ধে প্রায় ৪৮৩০ কোটি ডলার ব্যয়ের তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ও যুদ্ধের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে।
তবে এখন পর্যন্ত প্রকাশিত ৪৮৩০ কোটি ডলারের হিসাবের মধ্যে সামরিক অভিযান পরিচালনা, সরঞ্জাম প্রতিস্থাপন ও গোলাবারুদের খরচই অন্তর্ভুক্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের ব্যয় যুক্ত হলে যুদ্ধের প্রকৃত আর্থিক বোঝা আরও স্পষ্ট হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি
সময়ের আলো/কেএইচও