মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত নিজ দেশের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্মাণ করলে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর মোটা অঙ্কের কর আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফর শেষে দেশে ফেরার পর এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের কোম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার নির্মাণের অনুমতি দেব না। কারণ, চীন সেগুলো নিয়ে নেবে। আর আমরা তা হতে দেব না।’
তিনি আরও বলেন, ‘আমরা সবকিছু এ দেশেই রাখব। বিদেশে ডেটা সেন্টার নির্মাণ করলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে মোটা অঙ্কের কর দিতে হবে।’
তবে ট্রাম্পের এ বক্তব্য এখনই সরকারি নীতিতে পরিণত হচ্ছে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি বড় কোনো খবর কি না জানি না। তবে আমি আমার লোকজনকেও এ বিষয়ে কিছু বলিনি। এখন তাদের বলছি, তারা এখানে উপস্থিত আছে।’
এআই খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ডেটা সেন্টার নির্মাণে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে উন্নত কম্পিউটার চিপ রপ্তানি এবং এসব চিপের মাধ্যমে পাওয়া কম্পিউটিং ক্ষমতা ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা দেয় ওয়াশিংটন।
গত সোমবার যুক্তরাষ্ট্র জানায়, উন্নত চিপ কিনতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স নিতে হবে। এর মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নজরদারি করতে পারবেন, এসব চিপ চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবহার করা হচ্ছে কি না কিংবা সেগুলো চীনে পাচার হচ্ছে কি না।
এআই প্রযুক্তির প্রসারে ডেটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিশাল গুদামের মতো দেখতে এসব স্থাপনায় থাকে উন্নত কম্পিউটার চিপ ও সার্ভার। ক্লড ও চ্যাটজিপিটির মতো এআই প্রোগ্রাম পরিচালনায় এসব যন্ত্র ব্যবহার করা হয়।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার ডেটা সেন্টার ছিল। এ ছাড়া আরও দেড় হাজার ডেটা সেন্টার অনুমোদন প্রক্রিয়া কিংবা নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
এদিকে কানাডার আলবার্টা প্রদেশে ইতোমধ্যে ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু করেছে মেটা। অন্যদিকে নোভা স্কশিয়া প্রদেশে প্রস্তাবিত একটি ডেটা সেন্টার দীর্ঘমেয়াদে ভাড়া নেওয়ার চুক্তি করেছে অ্যানথ্রপিক। এ ছাড়া গত সেপ্টেম্বরে ফিনল্যান্ডে এআই অবকাঠামো খাতে ১৩ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দেয় গুগল। এ বিনিয়োগের আওতায় তিনটি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনাও ছিল।
তবে গত মাসে ওই তিনটির মধ্যে দুটি ডেটা সেন্টারের নির্মাণকাজ স্থগিত করা হয়। ৩০০ হেক্টরের বেশি বনভূমি পরিষ্কার করা নিয়ে উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র : বিবিসি
সময়ের আলো/কেএইচও