ছবি : সংগৃহীতরাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে ইউক্রেনের বারবার হামলাকে ‘ন্যায্য জবাব’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের বিভিন্ন সেতুতে রাশিয়ার ১০৯টি হামলার জবাব হিসেবেই ক্রিমিয়া সেতুতে এসব হামলা চালানো হয়েছে।
কিয়েভে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ক্রিমিয়া সেতুতে হামলার পর ইউক্রেনের ওপর রাশিয়ার তীব্র আক্রমণ প্রমাণ করে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামাতে চান না। বরং উত্তেজনা আরও বাড়ানোর অজুহাত খুঁজছেন তিনি।
চীনে দেওয়া বক্তব্যে পুতিন ক্রিমিয়া সেতুটিকে সম্পূর্ণ বেসামরিক ব্যবহারের জন্য বলে দাবি করেছিলেন। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘এখানে শুধু পুতিনের কথাই নয়, বাস্তব তথ্যও রয়েছে। আমরা নিজেরাই তা দেখতে পাচ্ছি।’
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওর কথা উল্লেখ করেন। এসব ছবিতে রাশিয়া থেকে অধিকৃত ক্রিমিয়ায় যাওয়ার পথে সেতুটি দিয়ে ট্যাংকসহ রুশ সামরিক সরঞ্জাম চলাচল করতে দেখা গেছে। সামরিক সরবরাহ ও রসদ পরিবহনের পথ হিসেবেও সেতুটি ব্যবহৃত হচ্ছে বলে জানান তিনি।
জেলেনস্কি বলেন, ‘পুতিন যদি ইন্টারনেট ব্যবহার করতেন, তাহলে তিনিও এসব দেখতে পেতেন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন সেতুতে হামলা চালিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
এদিকে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন যে ঐক্যবদ্ধ, তা জানাতেই তিনি সেখানে গেছেন।
স্ট্রিটিং বলেন, ‘পুতিন আমাদের বিভক্ত করার যত বেশি চেষ্টা করবেন, আমরা তত বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠব।’
শুক্রবার সামরিক মহড়া চলাকালে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাকে ‘উদ্ভট উসকানি’ বলে অভিহিত করেন তিনি। তার মতে, এ ঘটনার সময় নির্বাচনকে নিছক কাকতালীয় বলে মনে হচ্ছে না।
ন্যাটোর প্রতিক্রিয়া কী হওয়া উচিত—বিবিসির এমন প্রশ্নের জবাবে স্ট্রিটিং বলেন, পুতিনের বিরুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে ইউক্রেনকে আরও বেশি সহায়তা করাই হবে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। পুতিনকে ‘নির্মম হত্যাকারী’ বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন তারা। ওই বৈঠকের কয়েক ঘণ্টা পর চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেন পুতিন।
সাম্প্রতিক আলোচনায় রাশিয়া যুদ্ধ বন্ধে সমঝোতায় রাজি হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দাবি করেছিলেন। তবে এসব আলোচনার আগে নিজের সংশয় থাকার কথা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, পুতিন উত্তেজনা বাড়ানোর কোনো না কোনো অজুহাত খুঁজে বের করবেন।’
বিবিসিকে স্ট্রিটিং আরও বলেন, ‘পুতিনের কোনোভাবেই নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরার সুযোগ নেই। এই যুদ্ধে আগ্রাসী পক্ষ তিনি। তিনিই ইউক্রেনে অবৈধ আগ্রাসন শুরু করেছেন। বিশ্বজুড়ে আমাদের সবার উচিত পুতিনকে তাঁর কথায় নয়, বরং কর্মকাণ্ড দিয়ে বিচার করা।’
রুশ জাহাজে ড্রোন হামলার দাবি ফিনল্যান্ডের
এদিকে শনিবার পৃথক এক ঘটনায় ফিনল্যান্ড জানিয়েছে, ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা শনাক্ত করেছে তারা।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
নিরাপত্তার কারণে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রপথে সাময়িক বিধিনিষেধও পুনর্বহাল করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/জেডি