‘বৃহত্তর জোট’ ব্যর্থ হলে জরুরি সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে জরুরি সরকার গঠন করবেন বলে জানিয়েছেন গাদি আইজেনকোট। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে দেশটির

2026-11-21T18:39:16+00:00
2026-11-21T18:39:16+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘বৃহত্তর জোট’ ব্যর্থ হলে জরুরি সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
গাদি আইজেনকোট। ছবি : সংগৃহীত
ইসরায়েলে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে জরুরি সরকার গঠন করবেন বলে জানিয়েছেন গাদি আইজেনকোট। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে দেশটির দুই আরব দলের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পথেও এগোতে পারেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইসরায়েল এখন ‘ঐতিহাসিক সন্ধিক্ষণে’ দাঁড়িয়ে আছে।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে সরকার গঠনের প্রচেষ্টার অগ্রগতি ও সম্ভাব্য পথ তুলে ধরেন আইজেনকোট। সেখানে অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠন এবং নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

তবে এসব প্রচেষ্টা সফল না হলে বিকল্প পথে এগোনোর ঘোষণা দিয়ে আইজেনকোট বলেন, ‘বৃহৎ সরকার গঠনে আমার আন্তরিক প্রচেষ্টা সফল না হলে আমি জাতীয় জরুরি সরকার গঠন করতে চাই। সরকার শপথ নেওয়ার আগে কিংবা পরে, যেকোনো সময় এর পরিসর বাড়ানোর চেষ্টা করব।’

তাঁর এই বক্তব্যে আগের দিনের সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোরও ইঙ্গিত পাওয়া গেছে। ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, সরকার গঠনের জন্য নির্ধারিত প্রাথমিক সময়সীমা ৬ ডিসেম্বর শেষ হওয়ার আগেই নতুন সরকার গঠনের প্রস্তাব পার্লামেন্ট নেসেটে তোলার পরিকল্পনা করছেন আইজেনকোট। প্রয়োজনে আরব দলগুলোর সমর্থন অথবা ভোটদানে বিরত থাকার ওপর নির্ভর করেও সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন তিনি।

তবে শুক্রবারের পোস্টে আরব দলগুলোর প্রসঙ্গ সরাসরি এড়িয়ে যান আইজেনকোট। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে দেশটির দুই আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের আইনপ্রণেতাদের ‘সন্ত্রাসবাদের সমর্থক’ হিসেবে আখ্যায়িত করে আসছেন। তাঁর দাবি, এসব দল ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

আইজেনকোটের পরিকল্পিত সরকারের ভিত্তি হবে নেতানিয়াহুবিরোধী চারটি ইহুদি নেতৃত্বাধীন দল—ইয়াশার, বি’ইয়াচাদ, দ্য ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু। তবে ইসরায়েল বেইতেনুর প্রধান আভিগদর লিবারম্যান স্পষ্ট করে জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থননির্ভর কোনো সংখ্যালঘু সরকারকে তিনি ভোট দেবেন না।

আইজেনকোট অবশ্য লিবারম্যানের এই অবস্থানকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তিনি বলেন, ‘প্রত্যেক নেসেট সদস্যকে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সিদ্ধান্ত নিতে হবে—তাঁরা কি নতুন সরকার গঠনে সহায়তা করবেন, নাকি নেতানিয়াহুকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে রেখে ইসরায়েল ও দেশটির নাগরিকদের আরও একটি নির্বাচনের দিকে ঠেলে দিতে চান?’

লিবারম্যানের দলের নতুন আইনপ্রণেতা শ্যারন শারাবিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতিতে অটল আছি। সন্ত্রাসবাদের সমর্থকদের ওপর নির্ভরশীল কোনো জোটের অংশ হব না—সেটি জোটের ভেতর থেকে হোক কিংবা বাইরে থেকে। কিছু নীতি নিয়ে আপস করা যায় না, কিছু মূল্যবোধের সঙ্গে সমঝোতা সম্ভব নয়।’

বি’ইয়াচাদ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অবশ্য আরব দলগুলোর সমর্থননির্ভর সংখ্যালঘু সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা প্রকাশ্যে বলেননি। তবে বৃহস্পতিবার রাতে চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, আপাতত এমন সরকারকে সমর্থন করবেন না বলে আইজেনকোটকে জানিয়েছেন তিনি। বরং নেতানিয়াহুকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে বেনেট।

ডানপন্থী এই সাবেক প্রধানমন্ত্রীর দল বি’ইয়াচাদের আসনসংখ্যা ১২। তবে জোটের শরিকদের ছাড়া তিনি নেতানিয়াহুর সরকারে যোগ দিতে চান না বলে ইঙ্গিত দিয়েছেন। তাঁর প্রত্যাশা, ঐক্যের সরকার গঠিত হলে নেতৃত্ব দেবেন আইজেনকোট, অথবা দুই নেতার মধ্যে পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার সমঝোতা হবে।

ঐতিহাসিক সন্ধিক্ষণে ইসরায়েল : নেতানিয়াহু

এদিকে শুক্রবার আবারও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল এখন ‘ঐতিহাসিক সন্ধিক্ষণে’ দাঁড়িয়ে আছে।

নেতানিয়াহু জানান, গত কয়েক দিনে দেশের কঠিন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইজেনকোট, লিবারম্যান ও বেনেটকে ব্রিফ করেছেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এখানে কোনো অতিরঞ্জন বা কথার মারপ্যাঁচ নেই। তাদের প্রয়োজনীয় সব তথ্য জানানো হয়েছে। এখন প্রয়োজন দায়িত্বশীলতা। আর দায়িত্বশীলতার অর্থ হলো ঐক্য।’

আরব দলগুলোর সমর্থন নিয়ে ‘সংকীর্ণ সরকার’ গঠনের সম্ভাবনাকে বিস্ময়কর উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘এমন একটি সরকার গঠনের কথা ভাবাই অবিশ্বাস্য, যে সরকার ইহুদি রাষ্ট্রকে ধ্বংসের পক্ষে থাকা সন্ত্রাসবাদের সমর্থকদের ভোটের ওপর নির্ভর করবে। বিষয়টি কোনোভাবেই বোধগম্য নয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি অবিলম্বে বন্ধ করতে হবে।’

তবে ২০২১ সালে সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহু নিজেই রা’আম পার্টির সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিলেন।

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের ভাগ্য এখন ঝুঁকির মুখে।’

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জায়নিস্ট ব্লক নেসেটের ১২০টি আসনের মধ্যে ৪৮টি পেয়েছে। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট পেয়েছে ৫৩টি আসন। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাঁর জোট।

‘আমি দ্বিধা করব না’

দ্রুত সরকার গঠনের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে উত্তেজনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি আরও জোরালো করেছেন। তার বক্তব্য, ইরান ইসরায়েলের জন্য আসন্ন হুমকি। আর আরব দলগুলোর সমর্থননির্ভর কোনো সংখ্যালঘু সরকার গঠিত হলে সেই হুমকি মোকাবিলা করা সম্ভব হবে না।

এ প্রসঙ্গে আইজেনকোট বলেন, ‘সামরিক ও কৌশলগত স্বার্থের সঙ্গে রাজনৈতিক স্বার্থ ও এজেন্ডাকে এক করে ফেলা এবং বিষয়টিকে পুরোপুরি স্বাভাবিক করে তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সরকার গঠনে তার জোটের প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে নেতানিয়াহুপন্থী শিবির বিভিন্ন কৌশল নিচ্ছে বলেও অভিযোগ করেন আইজেনকোট। তার দাবি, এসব কৌশলের মধ্যে শোকাহত পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করে নিহত ব্যক্তিদের স্মৃতির অবমাননাও রয়েছে।

তিনি বলেন, শোকাহত পরিবারগুলোকে ঘৃণামূলক বার্তা পাঠানো কিংবা “আপনার ছেলে আপনার জন্য লজ্জিত হতো—এ ধরনের মন্তব্য শালীনতা, মানবিকতা ও সম্মানের সব সীমা অতিক্রম করে। নেতানিয়াহুর উচিত এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কথা বলা।’

আইজেনকোটের ভাষ্য, তার জোট নজিরবিহীন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে বিদায়ী প্রধানমন্ত্রী এমন সব আচরণ করছেন, যা আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, ‘এটি আতঙ্ক ছড়ানোর চেষ্টা নয়; বরং বাস্তবতার বর্ণনা। আর এ পরিস্থিতি আমাদের কাছ থেকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা দাবি করে।’

আরব জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিদের বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যেরও সমালোচনা করেন আইজেনকোট। তিনি সতর্ক করে বলেন, ‘দেশের ২১ শতাংশ জনগোষ্ঠীকে “সন্ত্রাসবাদের সমর্থক” আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসভাবে বৈধতা কেড়ে নেওয়ার প্রচারণা থেকে প্রকৃত শারীরিক সহিংসতায় পৌঁছানোর দূরত্ব খুব বেশি নয়। বিপদের লক্ষণ স্পষ্ট।’

এর মধ্যেই চলতি সপ্তাহে কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তর ইসরায়েলে একটি মসজিদে অগ্নিসংযোগ এবং এক ইহুদি চালকের গাড়ি দিয়ে আরব ইসরায়েলিদের চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। আরব সম্প্রদায়ের নেতারা এসব ঘটনার জন্য তাঁদের রাজনৈতিক প্রতিনিধিদের বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যকে দায়ী করেছেন।

এদিকে অতি-ধর্মীয় ইহুদি দলগুলোকে (হারেদি) সরকারে অন্তর্ভুক্ত করতে তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আইজেনকোট। একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জনবলসংকট সমাধানের পথ খোঁজা হচ্ছে। হারেদি আইনপ্রণেতারা তাদের সম্প্রদায়ের সদস্যদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সার্বিক অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এতে সেনাবাহিনীর জনবলসংকট আরও বেড়েছে।


আইজেনকোট বলেন, ‘এটি সামরিক সেবার প্রশ্নে কোনোভাবে আপস করা কিংবা নীতি থেকে সরে আসার বিষয় নয়। বরং আমার পরিকল্পনার মূলনীতির ভিত্তিতে এমন একটি কাঠামো তৈরি করা, যাতে সব ইসরায়েলির সামরিক সেবা নিশ্চিত করা যায়।’

লিকুদ পার্টির সঙ্গে আলোচনা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। আইজেনকোট বলেন, ‘আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে দুঃখজনকভাবে তাদের বক্তব্য ও বাস্তব আচরণের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। বাস্তবে পদক্ষেপ নেওয়ার সদিচ্ছারও ঘাটতি রয়েছে। তা সত্ত্বেও আমি এই পথকে আরেকটি সুযোগ দিতে চাই। লিকুদ পার্টির সদস্যদের সময়ের গুরুত্ব উপলব্ধি করে দায়িত্বশীল ভূমিকা পালনে রাজি করানোর চেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যতটা সম্ভব বৃহৎ জোট গঠনের জন্য আমাদের সামনে থাকা প্রতিটি পথেই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাব। তবে সবাইকে বুঝতে হবে, আমি সময়ক্ষেপণ করব না কিংবা সময় নষ্ট করব না। সঠিক সময়ে আমি আমার নেতৃত্বে একটি নতুন ও সক্ষম সরকার গঠনের প্রস্তাব নেসেটে অনুমোদনের জন্য উপস্থাপন করব।’

শেষে আইজেনকোট বলেন, ‘ইসরায়েলের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। আমি দ্বিধা করব না, এই মুহূর্তের গুরুত্বও উপেক্ষা করব না। আমি আপনাদের কথা দিচ্ছি।’

সূত্র : টাইমস অব ইসরায়েল 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   বৃহত্তর জোট  জরুরি সরকার  আইজেনকোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: