ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁ থেকে)। ছবি : সংগৃহীতরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চীনে পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কী নামে ডাকবেন, সেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়। তবে ‘আমাদের কাছে তিনি শত্রু... আমাদের কাছে তিনি একজন খুনি’।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে বৃহস্পতিবার ট্রাম্প পুতিনকে তার ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে বহু বছর ধরে ‘দারুণ সম্পর্ক’ রয়েছে।
এদিকে রাতভর ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত ছিল। দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২ জন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে আরও ১১ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে একজন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার রাজধানী কিয়েভের সেতু এবং পশ্চিম ইউক্রেনের রেলস্টেশন লক্ষ্য করে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হন। ওই হামলায় ১১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া চার শতাধিক ড্রোন ব্যবহার করা হয়। হামলাটিকে চলতি বছরের সবচেয়ে বড় আক্রমণ বলে উল্লেখ করেন জেলেনস্কি।
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর কয়েক দিন পর এসব হামলা চালায় রাশিয়া।
শুক্রবার ইউক্রেনে হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন ‘যুদ্ধের অবসান ঘটাতে চান’।
ট্রাম্প বলেন, ‘তারা (জেলেনস্কি ও পুতিন) দুজনই যুদ্ধ শেষ করতে চান। আর তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, এটি খুবই ভালো বিষয়।’
পুতিনকে বন্ধু হিসেবে বর্ণনা করার অবস্থানেও অনড় থাকেন ট্রাম্প। তবে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।
অন্যদিকে ট্রাম্পের এমন অবস্থানের পরও পুতিনকে ‘খুনি’ হিসেবেই দেখেন বলে জানান জেলেনস্কি।
সিএনএনকে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই তিনি একজন খুনি। কারণ, তিনি মানুষ হত্যা করছেন—এমনকি প্রতিদিন, রাতেও।’
পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার অর্থ হলো, তার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হচ্ছে না—এমন মন্তব্যও করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র
এদিকে প্রতিবেশী পোল্যান্ড জানিয়েছে, শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করা তিনটি বস্তুর মধ্যে একটি ছিল রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ বলেন, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নোভি লিপোভিয়েক এলাকার একটি গ্রামীণ অঞ্চলে আঘাত হানে।
পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তখন ইউরোপের ৩৬টি দেশের মধ্যে ১১টি দেশের সেনারা সামরিক জোটের একটি প্রশিক্ষণ মহড়া শেষ করছিলেন। আকাশসীমা লঙ্ঘন করা অন্য দুটি বস্তুর একটি আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অপরটি জেটচালিত ড্রোন বলে ধারণা করা হচ্ছে। এগুলো দুটি পৃথক স্থানে আঘাত হেনেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, ক্ষেপণাস্ত্রগুলোতে দিকনির্দেশনা ব্যবস্থা ছিল। তাই ইউক্রেনের ইলেকট্রনিক যুদ্ধকৌশলের কারণে সেগুলো লক্ষ্যচ্যুত হয়েছে—এমন সম্ভাবনা খুবই কম।
বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটি ইউরোপের একটি যুদ্ধ, যা আমাদের নিরাপত্তাকে প্রভাবিত করছে।’ সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে পোল্যান্ডের পক্ষ থেকে ঘটনাটিকে মস্কোর ‘উসকানি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় ‘গুরুতর লঙ্ঘনের’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনার জবাবে সামরিক জোটের যুদ্ধবিমানগুলোকে আকাশে পাঠানো হয়েছিল।
শুক্রবার ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলার সময়ই পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সময়ের আলো/জেডি