ফিনল্যান্ড উপসাগরে মহড়া পরিচালনা করছে উপকূলরক্ষী জাহাজ। ছবি : সংগৃহীতফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার কালিনিনগ্রাদগামী একটি পণ্যবাহী জাহাজে দুটি ড্রোন হামলা চালিয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নাবিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় এ হামলার ঘটনা ঘটে।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেঙ্কো এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গগল্যান্ড দ্বীপের পশ্চিমে রাশিয়ার সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা চালানো হয়।
বার্তা আদান-প্রদানের অ্যাপ ম্যাক্সে দেওয়া এক পোস্টে দ্রোজদেঙ্কো বলেন, ‘রাশিয়ার সীমান্ত থেকে তিন নটিক্যাল মাইল দূরে কালিনিনগ্রাদগামী একটি পণ্যবাহী জাহাজে দুটি ড্রোন হামলা চালিয়েছে।’ জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভান্নিখ জানিয়েছেন, এ ঘটনায় রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে পণ্য সরবরাহে কোনো ঝুঁকি তৈরি হয়নি।
ফিনল্যান্ড উপসাগর বাল্টিক সাগরের একটি সরু জলপথ। এর এক পাশে ন্যাটো সদস্য ফিনল্যান্ড ও অন্য পাশে এস্তোনিয়া। এ জলপথের মাধ্যমে রাশিয়ার সাবেক রাজধানী সেন্ট পিটার্সবার্গের সঙ্গে সমুদ্রপথে কালিনিনগ্রাদের যোগাযোগ রয়েছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার একটি জাহাজে ড্রোন হামলার ঘটনা শনাক্ত করেছে তাদের বাহিনী। হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাঠানো হয়।
মন্ত্রণালয় আরও জানায়, সম্ভাব্য আরও ড্রোন প্রতিহত করার প্রস্তুতি হিসেবে উপসাগরের পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রপথে চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ঘটনায় মিত্র দেশগুলোকেও অবহিত করেছে ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে আগুন জ্বলছে। সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি ফিনল্যান্ডের নিয়ন্ত্রণাধীন এলাকায় সম্ভাব্য পরিবেশগত ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দুই দেশ একে অপরের জাহাজে হামলা চালিয়ে আসছে। তবে এসব হামলার বেশির ভাগই কৃষ্ণসাগর এলাকায় ঘটেছে।
চলতি মাসের শুরুতে ফিনল্যান্ডের সামরিক বাহিনী ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল ইউক্রেন। পরে এ এলাকায় হামলার ঘটনা নিয়ে কিয়েভের কাছে উদ্বেগ প্রকাশ করে হেলসিঙ্কি।
তবে শনিবারের হামলার জন্য এখন পর্যন্ত কোনো পক্ষকে দায়ী করা হয়নি।
সময়ের আলো/জেডি