প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম
ছবি : সংগৃহীতসৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার ভোরে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে। এ সময় রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সৌদি নেতৃত্বাধীন জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া রিয়াদ অভিমুখী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’
এর আগে রাজধানীতে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ আগে কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করে জানায়, শহরটি ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির’ মুখে রয়েছে।
পরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে জানায়, ‘বিপদ কেটে গেছে।’
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের বিভিন্ন স্থানে, বিশেষ করে রিয়াদে হামলা চালানোর কথা জানিয়েছে।
এর আগে শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদাসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে ‘বিশেষ অভিযান’ চালিয়ে হামলা করে। এর জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছিল হুতিরা।
ইয়েমেনের গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। অন্যদিকে সরকারবিরোধী হুতি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সংঘাত দীর্ঘদিনের। প্রতিবেশী ইয়েমেনে নতুন করে লড়াই শুরু হওয়ার পর সৌদি আরবের ওপর হামলার ঘটনা বেড়েছে।
সময়ের আলো/জেডি