সংগৃহীত ছবিপাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। এ নিষেধাজ্ঞার ফলে ভারতীয় এয়ারলাইনসগুলোকে প্রতিদিন অতিরিক্ত কোটি কোটি রুপি ব্যয় করতে হচ্ছে। এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমান সংস্থাগুলোর আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৯ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৩৪১ কোটি ৫০ লাখ রুপি। পাকিস্তানি মুদ্রায় এই অঙ্ক ১৮৭ দশমিক ৭৩ বিলিয়ন রুপি।
প্রতিবেদনের সঙ্গে যুক্ত একটি অনলাইন ক্যালকুলেটরে ২১ নভেম্বর ২০২৬, পাকিস্তান সময় দুপুর ১২টা ৩৮ মিনিট পর্যন্ত ক্ষতির এ হিসাব দেখানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যালকুলেটরটি ক্ষতির পরিমাণ হালনাগাদ করে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল ভারতীয় নিবন্ধিত এবং ভারতীয় প্রতিষ্ঠান পরিচালিত উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’-এর পর এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এরপর থেকে প্রতি মাসে নোটাম (NOTAM) জারির মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হচ্ছে। সম্প্রতি এর মেয়াদ আরও বাড়িয়ে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
দীর্ঘমেয়াদি এ নিষেধাজ্ঞায় বিশেষ করে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
কেন বাড়ছে খরচ?
পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় বেসামরিক ও সামরিক উড়োজাহাজকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে জ্বালানি খরচ, ক্রুদের ব্যয় ও উড্ডয়ন সময় বেড়েছে। আগে পাকিস্তানের ওপর দিয়ে সরাসরি যাতায়াত করা গেলেও এখন বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে ইরানের আকাশসীমাও বন্ধ থাকায় ইউরোপ ও উত্তর আমেরিকাগামী ফ্লাইটগুলোকে আরব সাগর ও লোহিত সাগরের ওপর দিয়ে আরও দক্ষিণের পথ ব্যবহার করতে হচ্ছে। তবে ক্যালকুলেটরের হিসাবের মধ্যে শুধু পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অতিরিক্ত ব্যয় বিবেচনা করা হয়েছে। ইরানের আকাশসীমা বন্ধ থাকার কারণে হওয়া ব্যয় এতে অন্তর্ভুক্ত নয়।
পিটিআই ও সিরিয়ামের শিল্প খাতভিত্তিক প্রাক্কলন অনুযায়ী, এ নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি সপ্তাহে অতিরিক্ত প্রায় ৭৭ কোটি রুপি ব্যয় হচ্ছে। উত্তর ভারতের শহরগুলো থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। এতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোসহ দেশটির সব বিমান সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহে প্রায় ৮০০টি ফ্লাইট এ নিষেধাজ্ঞার প্রভাবে পড়ছে। বিকল্প পথে চলাচলের কারণে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী ফ্লাইটে সর্বোচ্চ দেড় ঘণ্টা এবং মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে প্রায় ৪৫ মিনিট অতিরিক্ত সময় লাগছে।
তবে ক্যালকুলেটরের হিসাবটি প্রকাশিত বিভিন্ন তথ্য ও অনুমানের ভিত্তিতে তৈরি। এটি বিমান সংস্থাগুলোর নিরীক্ষিত আর্থিক হিসাব নয়। জ্বালানির দাম, ফ্লাইটের সময়সূচি ও রুট পরিবর্তনের কারণে প্রকৃত ব্যয়ের পরিমাণ ভিন্ন হতে পারে।
এদিকে দীর্ঘ সময় লাগায় যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে বিদেশি বিমান সংস্থাগুলোর দিকে ঝুঁকছেন। এতে ভারতীয় বিমান সংস্থাগুলো যাত্রী ও কার্গো পরিবহনের সক্ষমতা প্রায় ১৫ শতাংশ পর্যন্ত কমাতে বাধ্য হয়েছে।
লোকসান সামলাতে সরকারের সহায়তা চায় এয়ার ইন্ডিয়া
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলায় অতিরিক্ত জ্বালানি খরচ ও রুট পরিবর্তনের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলোর প্রতিদিন কয়েক কোটি রুপি অতিরিক্ত ব্যয় হচ্ছে। এ ধারাবাহিকতায় ২১ নভেম্বর পর্যন্ত তাদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৬ হাজার কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে।
শুধু এয়ার ইন্ডিয়ারই এ নিষেধাজ্ঞার কারণে বার্ষিক লোকসান ৪৫ কোটি থেকে ৬০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ক্ষতি সামাল দিতে ভারত সরকারের কাছে আর্থিক প্রণোদনা চেয়েছে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি অতিরিক্ত ক্রু রাখার অনুমোদনও দাবি করেছে সংস্থাটি।
এ ছাড়া আকাশপথের দূরত্ব কমাতে চীনের হোটান (Hotan) রুট ব্যবহারের অনুমতি পেতে সরকারের কাছে কূটনৈতিক তৎপরতা চালানোর দাবি জানিয়েছে এয়ারলাইনসটি। এ রুট ব্যবহারের অনুমতি পেলে প্রতিটি ফ্লাইটে বিপুল পরিমাণ জ্বালানি ও সময় সাশ্রয় করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।
সূত্র : জিও নিউজ
সময়ের আলো/কেএইচও