‘গ্র্যান্ড থেফট অটো ৬’ গেমটি প্রকাশের পর একের পর এক সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পুলিশ বিভাগ । ছবি : সংগৃহীত জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এ গাড়ি চুরি, দোকানে ডাকাতি কিংবা পুলিশের হাত থেকে পালানো বাস্তবে করতে গেলে যে কারাগারে যেতে হতে পারে, তা খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পুলিশ বিভাগ। গেমটি ঘিরে উন্মাদনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে সতর্কবার্তা দিয়ে অপরাধগুলো ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গেমটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পুলিশ বিভাগ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বার্তা দিতে শুরু করে।
আটলান্টা পুলিশ বিভাগ তাদের বার্তায় লিখেছে, ‘জিটিএ কোনো বাস্তব জায়গা নয়, কিন্তু আটলান্টা বাস্তব!’ গেমের কাল্পনিক জগতের সঙ্গে বাস্তব জীবনের পার্থক্য বোঝাতেই এমন বার্তা দিয়েছে তারা। একই সঙ্গে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি চুরি ও সহিংসতার মতো কর্মকাণ্ডের বাস্তব পরিণতি রয়েছে বলে সতর্ক করেছে বিভাগটি।
কলোরাডোর অরোরা পুলিশ বিভাগও খেলোয়াড়দের একই ধরনের সতর্কবার্তা দিয়েছে। গেমের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা ও বাস্তবের কলোরাডোর মধ্যে পার্থক্য তুলে ধরে তারা বলেছে, জিটিএ ৬-এ গাড়ি চুরি, দোকানে ডাকাতি কিংবা কাউকে আঘাত করার সুযোগ থাকলেও বাস্তব জীবনে এসব অপরাধ।
গেমটিতে অপরাধের মাত্রা বাড়ার সঙ্গে পুলিশের তাড়া বোঝাতে এক থেকে ছয়টি তারকা ব্যবহার করা হয়। বিষয়টি নিয়েও রসিকতা করেছে অরোরা পুলিশ। তাদের ভাষ্য, বাস্তবে পুলিশের কাছে এমন কোনো তারকা ব্যবস্থা নেই। অপরাধ করতে গিয়ে ধরা পড়লে সরাসরি হাতকড়া পরতে হতে পারে।
কলোরাডোর ডেনভার পুলিশ বিভাগও খেলোয়াড়দের গাড়ি চুরি কিংবা পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা গেমের মধ্যেই সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছে। তাদের বার্তা, ঘরে বসে জিটিএ ৬ খেলতে কোনো বাধা নেই। বাস্তবের সড়কের দায়িত্ব পুলিশের, আর ভার্চ্যুয়াল সড়কের দায়িত্ব খেলোয়াড়দের।
ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি পুলিশ বিভাগ স্থানীয় সড়ককে রেসিংয়ের ট্র্যাক মনে না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পুলিশের গাড়ি চুরির চেষ্টা না করার পরামর্শ দিয়ে তারা মনে করিয়ে দিয়েছে, বাস্তব জীবনে ভুল করলে গেমের মতো আবার নতুন করে শুরু করার সুযোগ নেই।
একই সুরে সতর্ক করেছে টেক্সাসের সান জুয়ান পুলিশ বিভাগও। তাদের বক্তব্য, জিটিএ ৬-এ যা ঘটার, তা গেমের মধ্যেই থাকুক। গেমের কাল্পনিক অপরাধ যেন বাস্তব জীবনে ছড়িয়ে না পড়ে।
গেমটি নিয়ে পুলিশের এই সতর্কবার্তার পাশাপাশি বাণিজ্যিকভাবেও বড় সাফল্য পেয়েছে রকস্টার গেমসের তৈরি জিটিএ ৬। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগাম ফরমাশ ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে বৃহস্পতিবার রাত নাগাদ গেমটির আয় দাঁড়ায় ২৩৬ কোটি ডলার। এ সময় বিক্রি হয় প্রায় ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কপি। তবে পরে রকস্টার গেমস প্রথম দিনের খুচরা বিক্রিতে ৩৭৯ কোটি ডলারের রেকর্ড আয়ের কথা জানায়।
প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স|এস-এর জন্য প্রকাশিত হয়েছে গেমটি। জনপ্রিয় গ্র্যান্ড থেফট অটো সিরিজের ষষ্ঠ মূল কিস্তি এটি। ২০১৩ সালে জিটিএ ৫ প্রকাশের পর দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে নতুন এই গেম হাতে পেয়েছেন ভক্তরা।