যুদ্ধবিধ্বস্ত গাজায় ড্রোন থেকে বাক্সভর্তি বিস্ফোরক ফেলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজা সিটির পূর্বাঞ্চলের আল-জাইতুন এলাকার বাসিন্দা জাবের ইয়াসিনের পরিবার স্থানীয় সময় শুক্রবার দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রান্না হচ্ছিল ঐতিহ্যবাহী

2026-11-21T22:41:37+00:00
2026-11-21T22:41:37+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিধ্বস্ত গাজায় ড্রোন থেকে বাক্সভর্তি বিস্ফোরক ফেলছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
গাজা সিটির পূর্বাঞ্চলের আল-জাইতুন এলাকার বাসিন্দা জাবের ইয়াসিনের পরিবার স্থানীয় সময় শুক্রবার দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রান্না হচ্ছিল ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মাফতুল। এমন সময় হঠাৎ তারা শুনতে পেলেন বিকট ইঞ্জিনের শব্দ। শব্দ ক্রমেই বাড়ছিল। মনে হচ্ছিল, কোনো কিছু দ্রুত তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। ১৩ সদস্যের পরিবারটি আতঙ্কে সেটিয়ে যায়। ইয়াসিন প্রথমে ভেবেছিলেন, ইসরাইলি কোনো ট্যাঙ্ক এগিয়ে আসছে। জানালা দিয়ে বাইরে তাকাতেই চমকে ওঠেন তিনি। দেখেন, বিশাল আকৃতির একটি কোয়াডকপ্টার ড্রোন তাদের এলাকার ওপর দিয়ে নিচু হয়ে উড়ছে। ড্রোনটির সঙ্গে ঝুলছিল বোমাভর্তি দুটি বাক্স। 

মিডল ইস্ট আইকে (এমইই) ইয়াসিন বলেন, ড্রোনটিকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখি। কোনো সতর্কবার্তা ছাড়াই সেটি আমাদের বাড়ির ছাদে বিস্ফোরকভর্তি দুটি বাক্স ফেলে চলে যায়। সন্তানদের জীবন নিয়ে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ি। যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে বুঝতে পেরে তাদের নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসি। সঙ্গে কিছুই নিতে পারিনি।

আশপাশের টিকে থাকা বাড়ির ছাদেও ফেলা হয়েছে একইরকম বাক্স। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসিন্দারা দেখতে পান, ইসরাইলি আরও কয়েকটি ড্রোন আশপাশের বাড়ির ছাদে বিস্ফোরক ফেলছে। প্রাণ বাঁচাতে কয়েক ডজন পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু কোথায় যাবে, সেই আশ্রয়ও তাদের জানা ছিল না। একদল বাসিন্দা নিরাপদ দূরত্বে জড়ো হয়ে ড্রোনের তৎপরতা দেখতে থাকেন। কিছুক্ষণ পর একের পর এক বাড়ির ছাদে বিস্ফোরণ ঘটতে শুরু করে। ৩৩ বছর বয়সি ইসমাইল মাদি দূর থেকে ড্রোনগুলোর তৎপরতা দেখছিলেন। দৃশ্যটি তার জন্য ছিল হৃদয়বিদারক। 

এমইইকে তিনি বলেন, এর আগেও আমাদের কয়েকবার সব ছেড়ে পালাতে হয়েছে। প্রতিবারই মনে আশা ছিল, একদিন নিজের বাড়িতে ফিরতে পারব। কিন্তু এবার যখন দেখলাম, আমাদের বাড়ির ওপর দিয়ে বিস্ফোরকভর্তি কোয়াডকপ্টার ড্রোন উড়ছে, তখন মনে হলো, বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের আত্মাটাকেও যেন সেখানে ফেলে যাচ্ছি।

এলাকার আরেক বাসিন্দা আবদালজাওয়াদ বাদওয়ানও হামলার ভয়াবহতার বর্ণনা দেন। তিনি বলেন, সবাই হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়েছিল। প্রতিবার বিস্ফোরণের শব্দ শুনে মনে হতো, এটাই হয়তো শেষ বিস্ফোরণ। কিন্তু ড্রোনগুলো আবার ফিরে আসছিল। সঙ্গে নিয়ে আসছিল আরও বিস্ফোরকভর্তি বাক্স।

বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, প্রথম দফার বিস্ফোরণের উদ্দেশ্য ছিল বাড়ির ছাদে গর্ত তৈরি করা। এরপর প্রায় চার মিটার প্রশস্ত বড় আকারের কোয়াডকপ্টার ড্রোনগুলো প্রতিটি বাড়ির ভেতরে প্রায় ৬০টি পর্যন্ত বিস্ফোরকভর্তি বাক্স ফেলে। পরে এসব বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাড়িঘর ধ্বংস হয়ে যায়। আশপাশের বহু ভবনও ক্ষতিগ্রস্ত হয়। একইরকমভাবে গত ১৩ নভেম্বর রাত ১০টার মধ্যে ইসরাইলি হামলায় বহুতল তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আরও কয়েক ডজন বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই রাতেই প্রায় ৩৩টি পরিবার গৃহহীন হয়ে পড়ে।

রাস্তায় রাত কাটাতে বাধ্য পরিবারগুলো : বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় শীতের রাতে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয় ফিলিস্তিনি পরিবারগুলোকে। ইয়াসিন বলেন, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা আমাদের ছিল না। পরিবারের ১৩ জনই সারা রাত ফুটপাথে কাটিয়েছি। পরদিন নিজের হাতে একটি অস্থায়ী তাঁবু তৈরি করি। এখনো সেই তাঁবুতেই ফুটপাথে বসবাস করছি। হঠাৎ বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় আগে থেকেই দুর্বিষহ জীবন কাটানো পরিবারগুলোর সংকট আরও বেড়েছে।

চার সন্তানের বাবা বাদওয়ান বলেন, আমরা রাস্তায় রাত কাটিয়েছি। চারপাশে ছিল ময়লার স্তূপ, ইঁদুর আর পোকামাকড়। আমার দুই বছর বয়সী ছেলে আবদালসামাদ খুব অসুস্থ ছিল। গভীর রাতে ব্যথানাশক ওষুধের জন্য প্রতিবেশীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। পরদিন ভোরে পরিবারগুলো নিজেদের বাড়িঘরের অবস্থা দেখতে ফিরে আসে। সেখানে গিয়ে তারা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখতে পায়নি।

মাদি বলেন, সারা জীবন এই এলাকায় কাটিয়েছি। অথচ ধ্বংসযজ্ঞের ভয়াবহতা এতটাই যে নিজের এলাকাকেই আর চিনতে পারছিলাম না। তার জন্য এই ধ্বংসযজ্ঞের বেদনা ছিল আরও গভীর। মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন তিনি। মাদি বলেন, সারা জীবনের পরিশ্রম দিয়ে বাড়িটি তৈরি করেছিলাম। বিয়ের জন্যও অনেক দিন ধরে অর্থ জমিয়েছিলাম। ভেবেছিলাম, এই বাড়িতেই জীবনের নতুন অধ্যায় শুরু করব। সেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা থাকবে। কিন্তু চোখের সামনে নিজের বাড়ি এবং এত দিনের সব পরিশ্রম ধ্বংস হয়ে যেতে দেখে শোকে ভেঙে পড়েছিলাম।

নিজের বাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আবেগ সামলাতে পারছিলেন না ইয়াসিনও। তিনি বলেন, একটা একটা করে ইটের পর ইট গেঁথে এই বাড়ি তৈরি করেছি। এখন নিজের অনুভূতি কীভাবে প্রকাশ করব, বুঝতে পারছি না। এটা অসহনীয় কষ্টের। প্রতিরাতে বাড়িটির কথা মনে হলে কেঁদে ফেলি।

প্রতিদিন মৃত্যুর মুখোমুখি : ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর নিজেদের এলাকায় ফিরে এসেছিলেন আল-জাইতুনের বাসিন্দারা। কিন্তু এরপর থেকেই তাদের প্রতিদিনের জীবন হয়ে উঠেছে টিকে থাকার সংগ্রাম। এলাকাটি ইসরাইলি বাহিনীর নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখার কাছাকাছি। গাজার ভেতরে ইসরাইলি বাহিনীর আরোপ করা এই সামরিক সীমারেখার কারণে বাসিন্দাদের সব সময় হামলার আশঙ্কায় থাকতে হয়।

মাদি বলেন, আমরা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছি। হলুদ রেখাটি আমাদের বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে। ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন ও ট্যাঙ্ক প্রতিদিন আসে। আমাদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালায়। এসব হামলা এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। এমনকি গুলি শুরু হলে শিশুরা কীভাবে আত্মগোপন করবে, সেটাও তাদের শিখিয়েছি।

গত এক বছরে ইসরাইলি বাহিনী ধীরে ধীরে হলুদ রেখা পশ্চিম দিকে সরিয়ে নিয়েছে। এতে আবাসিক এলাকাগুলো ক্রমেই ওই সামরিক সীমারেখার ভেতরে চলে যাচ্ছে। অনেক সময় কোনো আগাম সতর্কবার্তাও দেওয়া হচ্ছে না। ইয়াসিন বলেন, গত এক বছর ধরে আমরা সব সময় বিপদের মধ্যে বসবাস করছি। যেকোনো দিন ঘুম থেকে উঠে দেখতে পারি, ইসরাইলি সেনাবাহিনী হলুদ সীমারেখার চিহ্নগুলো পশ্চিম দিকে সরিয়ে আমাদের বাড়ির পাশ দিয়ে নিয়ে গেছে। তখন হয়তো আবার বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে।

প্রতিদিনের হামলাই অবশ্য তাদের একমাত্র দুর্ভোগ নয়। মানবিক সহায়তা সংস্থাগুলোর বিবেচনায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ত্রাণসহায়তা প্রায় পৌঁছায় না বললেই চলে। বাসিন্দারা জানান, তাদের নিকটতম পানির উৎস, চিকিৎসাকেন্দ্র কিংবা স্কুল— সবই প্রায় দুই কিলোমিটার দূরে। ইসরাইলি হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিদিন নারী-পুরুষ ও শিশুদের এই পথ পাড়ি দিতে হয়। ইয়াসিন বলেন, আমরা বাড়িতে থাকার জন্য প্রতিদিনের ইসরাইলি হামলা ও ত্রাণের অভাবের সঙ্গে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু কোয়াডকপ্টার দিয়ে এই হামলা ছিল একেবারেই অপ্রত্যাশিত। কোনো সতর্কবার্তা ছাড়াই এমন ঘটনা ঘটতে পারে, তা কখনো কল্পনাও করিনি।

উচ্ছেদের নতুন কৌশল : গাজায় তথাকথিত যুদ্ধবিরতি চললেও ইসরাইলি হামলা বন্ধ হয়নি। এতে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস করা হচ্ছে বাড়িঘর। সামরিক শক্তি প্রয়োগ করে গাজার আরও বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরাইল। গত সপ্তাহে আল-জাইতুনে হামলাটি ইসরাইলি অভিযানে নতুন মাত্রা যোগ করেছে। এবার জনবসতিপূর্ণ এলাকায়, হলুদ রেখার বাইরে থাকা বাড়িঘরের ভেতরে বিস্ফোরকভর্তি বাক্স ফেলার জন্য কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। বাসিন্দারা বাড়িঘর ধ্বংস হওয়ার আগে পালিয়ে যাওয়ারও যথেষ্ট সময় পাননি।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত এক সপ্তাহে বিস্ফোরকভর্তি বাক্স বহনকারী কোয়াডকপ্টার ড্রোনের ব্যবহার বাড়িয়েছে ইসরাইল। আল-মাগাজি, আল-মুসাদ্দার, খান ইউনিস ও আল-নুসেইরাত এলাকায় হলুদ রেখার বাইরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস করা হয়েছে। হামলার তীব্রতা ও সংখ্যা বাড়তে থাকায় গাজার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। তাদের ভয়, বিস্ফোরকবাহী কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে গাজায় অবশিষ্ট ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের কৌশল নিয়েছে ইসরাইল। ইয়াসিন বলেন, আমাদের আশঙ্কা, শুক্রবারের হামলাটি হয়তো সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বার্তা বা হুমকি। তারা হয়তো আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে বলছে। এমনও হতে পারে, অদূর ভবিষ্যতে আর এখানে ফিরে আসতে দেওয়া হবে না।


তথাকথিত যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরাইল ঘোষণা দেয়, মধ্য গাজার আল-নুসেইরাত এলাকায় হলুদ রেখার বাইরে স্থল অভিযান শুরু করেছে তারা। এর আগের রাতেই কোয়াডকপ্টার ড্রোনের মাধ্যমে বিস্ফোরকভর্তি বাক্স ফেলে উত্তর আল-নুসেইরাতের বেশ কয়েকটি ভবন ধ্বংস করে ইসরাইলি বাহিনী।

এত ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ পরিস্থিতির মধ্যেও হামলার পর দ্রুত নিজেদের এলাকায় ফিরে আসেন আল-জাইতুনের বাসিন্দারা। ইয়াসিন বলেন, আমি দিনের বেশিরভাগ সময় এখানেই থাকি। আমার আত্মা এই বাড়ির সঙ্গে বাঁধা। যদিও এখন বাড়িটি কেবল ধ্বংসস্তূপ। এই ধ্বংসাবশেষের পাশেই তাঁবু তৈরি করব। বাড়ি থেকে দূরে থাকার চেয়ে মরে যাওয়াও আমার কাছে ভালো।

মাদির কাছে এলাকায় ফিরে থাকার বিষয়টি শুধু নিজের বাড়ির প্রতি আবেগের কারণে নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শৈশব, স্মৃতি ও অন্যদের প্রতি দায়িত্ববোধ। তিনি বলেন, এই বাড়িতেই আমার জন্ম, এখানেই বেড়ে উঠেছি। বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে আমি থাকতে পারব না। আমরা এলাকায় থেকে গেলে এই জনপদের মানুষের জন্য প্রতিরোধের প্রথম সারি হিসেবে কাজ করতে পারব। আমাদের এই অবস্থান অন্য যেসব পরিবার হলুদ রেখার কাছাকাছি বসবাস করছে, তাদের মধ্যেও আশা ও নিরাপত্তার অনুভূতি জাগিয়ে রেখেছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   গাজা  ফিলিস্তিনি  বোমার বাক্স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: