ইরান যুদ্ধে সায় ছিল না জেডি ভ্যান্সের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তার সায় ছিল না। তবে

2026-11-21T22:44:17+00:00
2026-11-21T22:44:17+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে সায় ছিল না জেডি ভ্যান্সের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম 
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তার সায় ছিল না। তবে তার হাতে ক্ষমতা থাকলে মার্কিন বাহিনীকে ইরানে অভিযান শুরুর নির্দেশ দিতেন কি-না এ প্রশ্নের উত্তরও এড়িয়ে গিয়েছেন ভ্যান্স। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভ্যান্স। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি-না। 

জবাবে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা জেডি ভ্যান্স বলেন, ফেব্রুয়ারিতে ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের, আর আমার কাজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা। রয়টার্স লিখেছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ  ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তা যেভাবে প্রকাশ্যে ইরানে মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করেছেন, জেডি ভ্যান্স তা কখনো করেননি। বরং চলতি নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নির্বাচনে নিজেদের দল রিপাবলিকান পার্টির ভরাডুবির কারণ হিসেবে ইরান যুদ্ধকে সরাসরি দায়ী করেছেন তিনি।

তবে শুক্রবারের সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্সের মন্তব্যের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট নন। তবে  এতে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে বলে মনে করেন তিনি। আর তা হলো, হামলাগুলো প্রয়োজনীয় ছিল এবং ভ্যান্স নিজেও একই সিদ্ধান্ত নিতেন তা স্বীকার করা। ট্রাম্প বলেন, যারা আমার অধীনে কাজ করেন, তাদের নিজস্ব মতামত থাকার অধিকার আছে। তবে আমি বলব, আমি ইরানিদের চিনি। সত্যি বলতে, তারা পাগল।


প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর সাংবাদিকরা পুনরায় ভ্যান্সকে প্রশ্ন করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পরও এই যুদ্ধ চালিয়ে যাওয়ার আদৌ কোনো সার্থকতা রয়েছে কি-না। এবারও সরাসরি এই সামরিক অভিযানের পক্ষে সমর্থন জানানো থেকে বিরত থাকেন ভ্যান্স। 

তিনি বলেন, আমি যা বলতে চাই, তা হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দেশটি সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদদদানকারী সবচেয়ে বড় শক্তি। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। অথবা ঈশ্বর না করুন তারা আক্রমণ চালিয়ে হাজার হাজার, এমনকি লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে। প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং তিনি বলেছেন যে তিনি আবারও এমন পদক্ষেপ নিতে পারেন। আমার দৃষ্টিভঙ্গি হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন জোগানোই আমার লক্ষ্য ও দায়িত্ব।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   ইরান যুদ্ধ  জেডি ভ্যান্স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: