বিশ্ব রাজনীতি থেকে প্রযুক্তি, ২০২৭ সালে নজর থাকবে যে ১০ বিষয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০২৭ সাল বিশ্বরাজনীতির জন্য হতে পারে গুরুত্বপূর্ণ এক বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, ইরান সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব, তাইওয়ান

2026-11-22T11:30:58+00:00
2026-11-22T11:30:58+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ব রাজনীতি থেকে প্রযুক্তি, ২০২৭ সালে নজর থাকবে যে ১০ বিষয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম 
দ্য ইকনমিস্টের বিশ্লেষণে ২০২৭ সালে বিশেষ গুরুত্ব পেতে পারে এমন ১০টি বিষয় উঠে এসেছে । ছবি : সংগৃহীত
২০২৭ সাল বিশ্বরাজনীতির জন্য হতে পারে গুরুত্বপূর্ণ এক বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, ইরান সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব, তাইওয়ান ঘিরে চীনের সামরিক পরিকল্পনা এবং ইউরোপে কট্টর ডানপন্থীদের উত্থান- সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা অনিশ্চয়তা তৈরি হতে পারে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার, জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনীতির চাপ, মহাকাশ গবেষণা ও বিনোদনশিল্পেও আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন।

প্রতিবছরের মতো এবারও ২০২৭ সাল সামনে রেখে ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড’ শিরোনামে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকনমিস্ট। এতে আগামী বছর বিশ্বকে প্রভাবিত করতে পারে এমন বিভিন্ন ঘটনা, প্রবণতা ও সম্ভাব্য সংকট বিশ্লেষণ করা হয়েছে। সংখ্যাটির প্রচ্ছদে রাজনীতি, যুদ্ধ, প্রযুক্তি, অর্থনীতি ও পরিবেশসংক্রান্ত নানা প্রতীক ব্যবহার করা হয়েছে। এসব প্রতীকের ব্যাখ্যা নিয়ে পাঠকদের মধ্যে কৌতূহল তৈরি হলেও প্রচ্ছদের প্রতিটি ছবির পৃথক ব্যাখ্যা দেয়নি সাময়িকীটি।

দ্য ইকনমিস্টের বিশ্লেষণে ২০২৭ সালে বিশেষ গুরুত্ব পেতে পারে এমন ১০টি বিষয় উঠে এসেছে।

১. ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের রাজনীতি কোন পথে

২০২৭ সালে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় হতে পারে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি নিয়ে আলোচনা। মধ্যবর্তী নির্বাচনের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে ট্রাম্প-পরবর্তী নেতৃত্বের প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

তবে, এর অর্থ এই নয় যে ট্রাম্প রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়বেন। নিজের ক্ষমতা ও রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে তিনি নির্বাহী আদেশ, আইনি লড়াই এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রাখতে পারেন। বড় অবকাঠামো প্রকল্প থেকে শুরু করে সামরিক অভিযান পর্যন্ত নানা বিষয়ে তাঁর তৎপরতা দেখা যেতে পারে।

একই সঙ্গে ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও বিশ্বরাজনীতিতে দেশটির ভূমিকা কেমন হবে, তা নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা বাড়বে।

২. ইরান সংঘাতের দীর্ঘস্থায়ী প্রভাব

ইরানকে ঘিরে সংঘাতের দ্রুত ও স্থায়ী সমাধানের সম্ভাবনা কম বলে মনে করছে দ্য ইকনমিস্ট। ফলে ২০২৭ সালেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে।

এই সংঘাত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থানকেও চাপে ফেলেছে। দেশটির মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি হওয়ার পাশাপাশি, প্রতিপক্ষের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অবস্থান নিয়েও নতুন হিসাব-নিকাশের সুযোগ তৈরি হয়েছে।

সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি সরবরাহের পথ, আন্তর্জাতিক বাণিজ্য এবং খাদ্যনিরাপত্তায়ও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের সরবরাহ ব্যাহত হলে কৃষি উৎপাদন ও খাদ্যবাজার নতুন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে ইরানের সরকার দেশের অভ্যন্তরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে।

৩. জলবায়ু পরিবর্তনে নতুন উষ্ণতার রেকর্ড

২০২৭ সাল বিশ্বের ইতিহাসে উষ্ণতম বছরগুলোর একটি, এমনকি রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরও হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের আলোচনায় থাকা ‘সুপার এল নিনো’ পরিস্থিতি বৈশ্বিক তাপমাত্রা ও আবহাওয়ার অস্বাভাবিকতা আরও বাড়িয়ে দিতে পারে।

এর ফলে, বিভিন্ন অঞ্চলে খরা, তাপপ্রবাহ, দাবানল ও চরম আবহাওয়ার ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত কমানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এ দিকে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি জ্বালানির বাজারে অস্থিরতা কমাতেও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়বে। দ্য ইকনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ুশক্তির মতো বিকল্প উৎসের ব্যবহার বাড়ানো বিশ্ব অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

৪. এআই নিয়ে বাড়বে উদ্বেগ ও বিরোধিতা

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি ২০২৭ সালে নতুন সম্ভাবনার পাশাপাশি উদ্বেগও বাড়াবে। এআই প্রযুক্তি আরও শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি এবং ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে।

এআই কোম্পানিগুলোর বিপুল বিনিয়োগ ও ঋণনির্ভর ব্যবসায়িক সম্প্রসারণ নিয়েও প্রশ্ন উঠবে। জটিল আর্থিক চুক্তির মাধ্যমে এ খাতে ঋণের পরিমাণ বাড়তে থাকলে প্রযুক্তি খাতে বড় ধরনের বাজারধসের আশঙ্কা তৈরি হতে পারে।

এ ছাড়া, এআই প্রযুক্তির যন্ত্রাংশ ও সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করবে। এ কারণে বিভিন্ন দেশের সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানকে নতুন করে পরিকল্পনা করতে হতে পারে।

অন্যদিকে, এআইয়ের কারণে ব্যাপক চাকরি হারানো কিংবা তথ্যকেন্দ্রের বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার সবকিছুর পক্ষে এখনো পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই বলে মনে করে সাময়িকীটি। তবে প্রযুক্তিটির সম্ভাব্য প্রভাব নিয়েই মানুষের মধ্যে বিরূপ মনোভাব বাড়তে পারে।

৫. ফ্রান্সের নির্বাচনে ডানপন্থীদের উত্থান

ইউরোপের রাজনীতিতে কট্টর ডানপন্থী ও জনতুষ্টিবাদী দলগুলোর উত্থান নতুন নয়। তবে ২০২৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন এ প্রবণতার গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।

দ্য ইকনমিস্টের বিশ্লেষণে ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির নেতা মেরিন লো পেনের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

লো পেন ক্ষমতায় এলে ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ইউরোপের অন্যতম প্রভাবশালী দুই দেশ ফ্রান্স ও জার্মানির সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পাশাপাশি ঋণনির্ভর ফ্রান্সের দুর্বল সরকারি অর্থব্যবস্থা নিয়েও উদ্বেগ বাড়বে।

৬. ঋণের চাপে বিশ্ব অর্থনীতি ও বন্ডবাজার

বিশ্বের বড় অর্থনীতিগুলোর জন্য ২০২৭ সালে অন্যতম চ্যালেঞ্জ হতে পারে ঋণের বোঝা ও বন্ডবাজারের অস্থিরতা। সরকারি ব্যয় বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে।

এর প্রভাব পড়বে উন্নত দেশগুলোর ঋণ নেওয়ার ব্যয়ের ওপর। সুদের হার বেশি থাকলে সরকারগুলোর পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ পরিবারগুলোকেও বাড়তি আর্থিক চাপ সামলাতে হবে।

দ্য ইকনমিস্টের আশঙ্কা, এ পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে কোনো না কোনো দেশের বন্ডবাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক আর্থিক বাজারেও।

৭. তাইওয়ান নিয়ে চীনের সামরিক পরিকল্পনা

২০২৭ সালে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর একটি হতে পারে তাইওয়ানকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের সামরিক সক্ষমতা অর্জনের প্রস্তুতি নিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ওই বছরই চীন তাইওয়ানে সামরিক অভিযান চালাবে।

ইউক্রেন ও ইরানের সংঘাত দেখিয়েছে, আধুনিক প্রযুক্তি, ড্রোন ও তুলনামূলক কম খরচের অস্ত্র ব্যবহার করে ছোট শক্তিও বড় সামরিক শক্তির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাইওয়ান দখলের পরিকল্পনায় এসব অভিজ্ঞতা চীনের সামরিক হিসাব-নিকাশে প্রভাব ফেলতে পারে।

এ দিকে, যুক্তরাষ্ট্রের নানা আন্তর্জাতিক ব্যস্ততার মধ্যে চীন কী পদক্ষেপ নেয়, সেটিই হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২০২৮ সালে তাইওয়ানের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে, নাকি তার আগেই কোনো সিদ্ধান্ত নেবে বেইজিং—তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

৮. ওজন কমানোর ওষুধ বদলে দেবে ভোক্তাদের অভ্যাস

ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তা ২০২৭ সালে স্বাস্থ্য খাতের পাশাপাশি ভোক্তাবাজারেও বড় প্রভাব ফেলতে পারে। ওজেমপিকসহ এ ধরনের ওষুধের ব্যবহার বাড়ায় মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও কেনাকাটার ধরনে পরিবর্তন দেখা যাচ্ছে।

ওজন কমানোর পর অনেকে নতুন করে পোশাক, প্রসাধনী ও শরীরচর্চার পেছনে অর্থ ব্যয় করছেন। এ প্রবণতাকে বলা হচ্ছে ‘প্রতিশোধের কেনাকাটা’ বা রিভেঞ্জ স্পেন্ডিং।

ওষুধের বাজারে এ ধরনের চিকিৎসার সাফল্য বড় ওষুধ কোম্পানিগুলোকে নতুন গবেষণায় উৎসাহিত করছে। বিশেষ করে মানুষের আয়ু বাড়ানো এবং বয়সজনিত সমস্যার চিকিৎসা নিয়ে তাদের আগ্রহ বাড়তে পারে।

৯. মহাকাশযাত্রার ব্যয় কমার সম্ভাবনা

মহাকাশ গবেষণায় ২০২৭ সাল হতে পারে নতুন অগ্রগতির বছর। বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ার পাশাপাশি রকেট উৎক্ষেপণের ব্যয় কমানোর প্রতিযোগিতাও জোরদার হবে।

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশাল স্টারশিপ নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহার শুরু করতে পারে। একই সঙ্গে চীনের রকেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোও পুনর্ব্যবহারযোগ্য রকেটের বুস্টার প্রযুক্তিতে অগ্রগতি দেখাতে পারে।

রকেটের অংশ পুনরায় ব্যবহার করা সম্ভব হলে মহাকাশে যাতায়াতের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। এতে বেসরকারি মহাকাশ স্টেশন নির্মাণের সুযোগ বাড়বে। এমনকি পৃথিবীর কক্ষপথে তথ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়নের দিকে এগোতে পারে।

১০. হলিউডে পুরোনো ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন

বিনোদনজগতেও ২০২৭ সালে বড় আয়োজনের সম্ভাবনা রয়েছে। ‘স্টার ওয়ার্স’ সিরিজের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরোনো ছবির পুনর্মুক্তি এবং নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের প্রত্যাবর্তন ও নতুন জেমস বন্ড সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ থাকবে।

তবে, হলিউডের বড় বাজেটের সিনেমা ও পুরোনো ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ইউটিউবারদের নির্মিত তুলনামূলক কম বাজেটের সিনেমা জনপ্রিয় হওয়ায় দর্শকেরা নতুন ধরনের গল্প ও নির্মাণশৈলীর প্রতি বেশি আগ্রহী হচ্ছেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।

দ্য ইকনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে, ‘স্টার ওয়ার্স’-এর মতো কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমায় দেখানো অনেক বিষয় এখন বাস্তব বিশ্বের সঙ্গে মিলে যাচ্ছে। ড্রোনের মাধ্যমে যুদ্ধ, স্বয়ংক্রিয় রোবটের অগ্রগতি এবং সাইবার নিরাপত্তার দুর্বলতা- এসব কারণে পুরোনো কল্পবিজ্ঞান কাহিনিও নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে।


  বিষয়:   বিশ্ব রাজনীতি  প্রযুক্তি  ২০২৭ সালে  নজর থাকবে  যে ১০ বিষয়ে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: