লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন (মাঝে) এবং তার স্ত্রী নেহমাত আউন, লেবাননের বৈরুতে। ছবি : সংগৃহীত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপেরও সমালোচনা করেছেন তিনি। তার মতে, দেশের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব এবং ইরানের প্রভাবশালী মহলের হস্তক্ষেপ—এই দুই কারণে লেবানন পূর্ণ স্বাধীনতা উদ্যাপন করতে পারছে না।
লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবার দেওয়া এক ভাষণে এসব কথা বলেন আউন। তিনি বলেন, লেবানন বর্তমানে দুটি পরস্পর সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংকটের মুখে রয়েছে। একটি হলো দেশের ভূখণ্ডের কিছু অংশে ইসরায়েলের দখলদারত্ব, অন্যটি হলো ইরানি শাসনব্যবস্থার কিছু প্রভাবশালী পক্ষের অস্ত্র ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।
আউন বলেন, এই দুটি মৌলিক বাধা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে লেবানন স্বাধীনতা পুরোপুরি উদ্যাপন করতে পারছে না।
ইসরায়েলের উদ্দেশে তিনি বলেন, ‘লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সেনা প্রত্যাহার করুন। হামলা বন্ধ করুন। আমাদের বন্দিদের ফিরিয়ে দিন।’
ধারণা করা হয়, ইসরায়েলের বিভিন্ন বন্দিশিবিরে কয়েক ডজন লেবাননের নাগরিক আটক রয়েছেন। তাদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় আটক হিজবুল্লাহর সদস্যরাও রয়েছেন।
ভাষণে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারও করেন আউন। তিনি বলেন, ‘রাষ্ট্রের বাইরে এমন কোনো অস্ত্র থাকবে না, যা বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হবে বা তাদের স্বার্থে ব্যবহৃত হবে।’ হিজবুল্লাহর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অস্ত্র সমর্পণ করতে হবে।’
লেবানন সরকার ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে। দীর্ঘদিন ধরে গোষ্ঠীটির অস্ত্রভান্ডার লেবাননের জাতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারের চেয়ে অনেক বড়। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা বলে নিজেদের অস্ত্র রাখার পক্ষে যুক্তি দিয়ে আসছে হিজবুল্লাহ।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর গত জুনে লেবানন ও ইসরায়েল একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
আল-জাজিরার সংবাদদাতারা জানান, একটি বিমান হামলা বিনত জবেইল জেলার বারাআচিট শহরের উপকণ্ঠে আঘাত হানে। ভোরে শহরটিতে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ছাড়া শহরের উপকণ্ঠে ইসরায়েলি সামরিক যান চলাচল করতেও দেখা গেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ জেলার কাফার তেবনিত শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এর আগে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত না হওয়ায় দ্বিতীয় হামলা চালানো হয়।
এ ছাড়া মারজায়ুন জেলার ওয়াদি আল-খিয়ামে ইসরায়েলি বাহিনী তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে এনএনএ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মোট ৮ হাজার ৯৫৩ জন নিহত এবং ৩০ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।
সময়ের আলো/জেডি