যে দোয়া পাড়লে মনের অশান্তি দূর হয়

উম্মে সালসাবিল

ইসলাম

মানুষের জীবন নানা ব্যস্ততা, দায়িত্ব ও অনিশ্চয়তায় ঘেরা। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক নানা সমস্যা কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ—বিভিন্ন কারণে কখনো কখনো

2026-10-08T16:21:37+00:00
2026-10-08T16:21:37+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
ইসলাম
যে দোয়া পাড়লে মনের অশান্তি দূর হয়
উম্মে সালসাবিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম 
ছবি : সংগৃহীত
মানুষের জীবন নানা ব্যস্ততা, দায়িত্ব ও অনিশ্চয়তায় ঘেরা। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক নানা সমস্যা কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ—বিভিন্ন কারণে কখনো কখনো মন ভার হয়ে ওঠে। অস্থিরতা এমনভাবে গ্রাস করে যে স্বাভাবিক কাজেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দুশ্চিন্তা ও হতাশা তখন নিত্যসঙ্গী হয়ে ওঠে।

ইসলামে দুঃখ, বিপদ ও সংকটের সময়ে মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) নিজেও বিভিন্ন দুঃসময় ও পেরেশানির মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেন। সাহাবিদেরও দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর ওপর ভরসা করতে উৎসাহিত করেছেন।

মনের অস্থিরতা ও দুশ্চিন্তার সময়ে পড়ার মতো বেশ কিছু দোয়া রয়েছে। এসব দোয়ায় আল্লাহর রহমত, সাহায্য ও আশ্রয় প্রার্থনা করা হয়। ছোট ও সহজে পাঠযোগ্য এমন চারটি দোয়া তুলে ধরা হলো—

আল্লাহর রহমত ও সাহায্য চাওয়ার দোয়া

বিপদ বা সংকটের সময়ে মানুষ কখনো কখনো নিজের সামর্থ্যের ওপরও আস্থা হারিয়ে ফেলে। তখন নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর রহমত কামনা করা এবং জীবনের সব বিষয় তাঁর হাতে সোপর্দ করার শিক্ষা রয়েছে এই দোয়ায়।

আরবি : اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, ফালা তাকিলনি ইলা নাফসি ত্বারফাতা আইন, ওয়া আসলিহ লি শানি কুল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা।’

অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার রহমতেরই আশা করি। তাই এক মুহূর্তের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না। আমার সব বিষয় আপনি সুন্দরভাবে সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।’ (আবু দাউদ, হাদিস : ৫০০২)


বিপদ ও সংকটের সময়ে পড়ার দোয়া

বিপদ যত কঠিনই হোক, একজন মুমিনের বিশ্বাস—আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। তাঁর মহত্ত্ব ও ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয় এই দোয়া। ভয়, সংকট কিংবা কঠিন পরিস্থিতিতে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করতে এটি পড়া যায়।

আরবি : لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ


উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারিম।’

অর্থ : ‘মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। মহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আসমানসমূহ, জমিন ও সম্মানিত আরশের রব আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই।’ (মুসলিম, হাদিস : ৬৬৭২)

দুশ্চিন্তা, অক্ষমতা ও ঋণের বোঝা থেকে মুক্তির দোয়া

দুশ্চিন্তার সঙ্গে অনেক সময় জড়িয়ে থাকে ব্যর্থতার ভয়, অলসতা, আর্থিক সংকট কিংবা ঋণের চাপ। এর পাশাপাশি মানুষের কাছে অসহায় হয়ে পড়ার আশঙ্কাও মানসিক অশান্তির কারণ হতে পারে। এসব বিষয় থেকে আল্লাহর আশ্রয় চেয়ে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন, তা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল।

আরবি : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও পেরেশানি, অক্ষমতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা এবং ঋণের বোঝা ও মানুষের চাপ থেকে আশ্রয় চাই।’ (বুখারি, হাদিস : ২৬৯৪)

আল্লাহর ওপর পূর্ণ ভরসার দোয়া

মনের অস্থিরতার সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় মহান আল্লাহ। তাঁর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরতার কথা প্রকাশ করে এই সংক্ষিপ্ত দোয়াটি। অল্প কয়েকটি শব্দের মধ্যেই রয়েছে তাওহিদের ঘোষণা এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করার দৃঢ় প্রত্যয়।

আরবি : اللَّهُ اللَّهُ رَبِّي لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا

উচ্চারণ : ‘আল্লাহু আল্লাহু রাব্বি, লা উশরিকু বিহি শাইআ।’

অর্থ : ‘আল্লাহ, আল্লাহই আমার রব। আমি তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করি না।’ (আবু দাউদ, হাদিস : ১৫২৫)


দুশ্চিন্তার সময়ে আল্লাহর দিকে ফিরে আসুন

জীবনে দুঃসময় আসা স্বাভাবিক। কখনো পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তখন দুশ্চিন্তায় ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা করা জরুরি। মনের অস্থিরতা তৈরি হলে সম্ভব হলে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করা যেতে পারে। এরপর একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করা উচিত।

দোয়া শুধু মুখে উচ্চারণের বিষয় নয়; এর অর্থ উপলব্ধি করে আল্লাহর কাছে নিজের দুর্বলতা, প্রয়োজন ও কষ্ট তুলে ধরাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রয়োজনীয় বাস্তব পদক্ষেপ নেওয়া এবং আল্লাহর ওপর ভরসা রাখাও মুমিনের দায়িত্ব।

দুঃসময় মানুষের জন্য যেমন পরীক্ষা, তেমনি তা আল্লাহর দিকে ফিরে আসার একটি সুযোগও। তাই দুশ্চিন্তা ও অস্থিরতার মুহূর্তে হতাশ না হয়ে আল্লাহর রহমতের ওপর আস্থা রাখা, তাঁর কাছে সাহায্য চাওয়া এবং ধৈর্য ধারণ করা উচিত।

মহান আল্লাহ আমাদের সব দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করে অন্তরে প্রশান্তি দান করুন। আমাদের বিপদ-আপদ সহজ করে দিন এবং সবসময় তাঁর ওপর ভরসা করার তাওফিক দান করুন। আমিন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দোয়া  অশান্তি  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: