আলেম-ওলামাদের অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠীর খেলার গুটি না হয়ে নিজেদের সুনির্দিষ্ট নীতি ও শক্তির ভিত্তিতে রাজনীতিতে চালক বা খেলোয়াড়ের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৯ অক্টোবর) ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত গবেষণামূলক সংকলন ‘উত্তরাধিকার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে নির্বাচনের সময় এলে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো টুপি-পাঞ্জাবি পরে বিভিন্ন মাদরাসায় গিয়ে আলেম সাজার চেষ্টা করত। কিন্তু নির্বাচন শেষ হলে তারাই আলেম সমাজকে প্রান্তিক ও অনগ্রসর হিসেবে উপস্থাপন করত।
তিনি বলেন, ‘আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে। আমরা যেন অন্য কারও রাজনৈতিক গেমের গুটি না হই, বরং নিজেদের খেলা নিজেরা খেলি।’
বিগত সরকারের আমলে আলেম-ওলামাদের ওপর নিপীড়নের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের পর থেকে আলেমরা রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন ও নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের বক্তব্য সংগ্রহ করে আরও আগেই প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের তথ্য-নথি তৈরি করা উচিত ছিল।
৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘদিনের প্রচার ছিল, দেশে আলেমরা থাকলে সংখ্যালঘুরা নিরাপদ থাকবেন না। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে মন্দির ও অন্যান্য উপাসনালয় রাত জেগে পাহারা দিয়ে আলেম সমাজ প্রমাণ করেছেন, এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা।
সময়ের আলো/এসএকে