যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (১০ অক্টোবর) পরীক্ষা স্থগিতের পর তারা সড়ক অবরোধ করে চার দফা দাবি জানান। এতে শাহবাগ এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, দুই দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং পরীক্ষা কেন্দ্রে জালিয়াতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
শনিবার বেলা ১১টায় ১১তম গ্রেডের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে প্রায় তিন লাখ চাকরিপ্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।
এরপর শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একপর্যায়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলেও পরে আবারও অবরোধ করেন তারা। রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনেও পরীক্ষার্থীরা অবস্থান নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত শনাক্তকরণ ব্যবস্থা নেই। তারা প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।
ঝিনাইদহ থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসাইন বলেন, এই প্রশ্নফাঁসের জন্য পরীক্ষা স্থগিত হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের আর্থিক ও মানসিক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নীলফামারী থেকে আসা এক পরীক্ষার্থী বলেন, বেকারদের সঙ্গে এই তামাশা কি আদৌ বন্ধ হবে? ...আমি নীলফামারী থেকে পরীক্ষা দিতে এসেছি। এখন যাতায়াতের খরচ কে দেবে?
যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মাজহারুল হক জানিয়েছেন, স্থগিত পরীক্ষার নতুন তারিখ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে।
সময়ের আলো/এমকে