চাঁদাবাজি, দখলদারত্ব ও প্রশ্নপত্র ফাঁসের পরিবর্তে যোগ্যতার মর্যাদা এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, বিএনপির লোকজন কি পড়াশোনা করেন না, যে পরীক্ষা দিতে প্রশ্নপত্র ফাঁস করতে হবে?
শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন, ‘বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন? ভাই, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার, সব দখল করে ফেললে! ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস, জায়গা-জমি দখল, এসবের পর এবার কি চাকরির বাজারটাও নষ্ট করবে?’
তিনি আরও লেখেন, দেশ পরিচালনা করতে হলে অন্তত চাকরির বাজার স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে হবে। মেধার বদলে দলীয় পরিচয়, যোগ্যতার বদলে তদবির আর পরীক্ষার বদলে প্রশ্নপত্র ফাঁস চলতে থাকলে দেশ কীভাবে চলবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘এতটুকু দূরদর্শিতা না থাকলে একসময় নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবে, নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো অবস্থা হবে!’
পোস্টের শেষাংশে তিনি সব পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসমুক্ত রাখা, নিয়োগে কোটার অপব্যবহার ও দলীয়করণ বন্ধ করা এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি জানান।
তিনি লেখেন, ‘চাঁদাবাজি নয়, দখলদারত্ব নয়, প্রশ্নফাঁস নয়, আমরা চাই যোগ্যতার মর্যাদা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।’
সময়ের আলো/এসএকে